হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২২৯৫, সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে আর কোনো জীবিত মানুষকে উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এই পরিস্থিতিতে দেশের মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ গতকাল বুধবার জানিয়েছেন, এই দুর্যোগে আহত হয়েছে ১১ হাজারেরও বেশি মানুষ। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে প্রায় ১৩ হাজার বাসিন্দা।

তবে জাতিসংঘের আনুমানিক হিসাব অনুযায়ী, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকাসের উত্তরের শহর লা গুয়াইরা। সেখানকার ধসে পড়া অধিকাংশ ভবনে এখন লাল কালিতে ইংরেজি ‘D’ (ডিক্লেয়ার্ড ডিসিজড বা মৃত বলে ঘোষিত) অক্ষরটি লিখে দেওয়া হচ্ছে। এর অর্থ হলো, এই ভবনগুলোতে তল্লাশি চালানো হয়েছে এবং সেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই।

উদ্ধারকারী দলের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের পর সাধারণত ৭২ ঘণ্টার বেশি কোনো মানুষের পক্ষে ধ্বংসস্তূপে বেঁচে থাকা কঠিন। তবে এর মধ্যেও অলৌকিকভাবে গত মঙ্গলবার এক শিশুকে ছয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, তেলসমৃদ্ধ দেশ হলেও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার স্বাস্থ্যসেবা ও অবকাঠামো আগে থেকেই বিপর্যস্ত ছিল। তার ওপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় এই বড় বিপর্যয় দেশটিকে চরম সংকটে ফেলেছে। দুর্যোগের পর আন্তর্জাতিক উদ্ধারকারী দল কাজ শুরু করলেও, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ঘাটতি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বর্তমানে গৃহহীন ও দুর্গত মানুষদের মধ্যে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের জন্য মানুষ রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে উপদ্রুত এলাকায় চুরি ও লুটপাট ছড়িয়ে পড়েছে। গত বুধবার ধ্বংসস্তূপ থেকে মূল্যবান জিনিসপত্র চুরির অপরাধে চার পুলিশ সদস্যকে হাতেনাতে ধরে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ বলে বর্ণনা করেছে।

ভেনেজুয়েলায় তিন মাস ধরে ৫ লাখ মানুষের জরুরি খাদ্য জোগাতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ৫ কোটি ডলারের সহায়তার আবেদন জানিয়েছে।

অন্যদিকে, বিপর্যয়কবলিত এলাকায় এখন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পের আগের নিম্ন টিকাদান হারের কারণে এখন সেখানে হাম ও ডিপথেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে।

নাসা-এর প্রাথমিক স্যাটেলাইট তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ধসে পড়া ভবনে ‘D’ চিহ্ন দেওয়া সত্ত্বেও অনেকে এখনো ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের স্বজনদের মরদেহ খুঁজছেন, যেন তাদের অন্তত একটি মর্যাদাপূর্ণ শেষ বিদায় জানানো যায়।

সূত্র: ফ্রান্স২৪

এএম

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স