২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৬০ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকবে। ফলে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে মুসলমানরা। আর তখন বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস হবে পাকিস্তানে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে।
তবে মুসলিম জনসংখ্যা বাড়ার এই পূর্বাভাসকে নিছক উদ্যাপনের বিষয় নয়। বিশ্বে মুসলমানের সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্বব্যবস্থায় মুসলিম বিশ্বের ক্ষমতা ও প্রভাব এখনো সীমিত। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১, আর খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে তা ২ দশমিক ৫। মুসলমানদের মধ্যম বয়স ২৪ বছর, যেখানে খ্রিষ্টানদের মধ্যম বয়স ৩১ বছর। তুলনামূলক বেশি প্রজনন হার এবং তরুণ জনগোষ্ঠীর কারণে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে।
দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বেশি। একই সঙ্গে সাব-সাহারান আফ্রিকায় খ্রিষ্টানদের সন্তান জন্মদানের হার ইউরোপের তুলনায় অনেক বেশি। পিউর পূর্বাভাস অনুযায়ী, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে। অন্যদিকে, মুসলিম জনসংখ্যায় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠবে পাকিস্তান।
তবে পাকিস্তান ও ডিআর কঙ্গো—দুটি দেশই নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনসংখ্যা বাড়লেই এসব দেশের মানুষের জীবনমান উন্নত হবে, এমন নিশ্চয়তা নেই।
পাকিস্তানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে তরুণ জনগোষ্ঠীর অনুপাত বাড়ছে, যাকে জনসংখ্যাবিদেরা ‘ইয়ুথ বাল্জ’ বা তরুণ জনগোষ্ঠীর আধিক্য বলে থাকেন। দেশটিতে লাখ লাখ তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, শুধু গত বছরই ৭ লাখ ৬২ হাজারের বেশি মানুষ কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের অধিকাংশই তরুণ।
আগামী বছরগুলোতে এ পরিস্থিতি আরো জটিল হতে পারে। পাকিস্তানের বেশির ভাগ অভিবাসী আরব দেশগুলোতে কাজের সন্ধানে গেলেও সেসব দেশের নিজস্ব শ্রমবাজার ও কর্মসংস্থানসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। অন্যদিকে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের ক্রমবর্ধমান সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ইসলামবিদ্বেষ বা ইসলামোফোবিয়া বাড়ছে। এসব জায়গায় মুসলমানদের প্রায়ই সন্দেহের চোখে দেখা হয়। এ বাস্তবতায় পিউর জনসংখ্যা-সংক্রান্ত পূর্বাভাস নতুন প্রশ্ন সামনে নিয়ে এসেছে। মুসলমানরা সংখ্যায় বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হলেও মানবিক মর্যাদা ও অধিকারের ক্ষেত্রে তারা কি অন্য ধর্মাবলম্বীদের সমান অবস্থান পাবেন?
অন্যদিকে, তুলনামূলক ধনী ও শিক্ষিত মুসলিম দেশগুলোর জনসংখ্যাগত পরিস্থিতি ভিন্ন। ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া ও সংযুক্ত আরব আমিরাতে সন্তান জন্মদানের হার ইতিমধ্যে জনসংখ্যা প্রতিস্থাপনের প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গেছে।
এসব দেশে ভবিষ্যতে নতুন ধরনের সংকট তৈরি হতে পারে। পশ্চিমা দেশগুলোর মতো বয়স্ক মানুষের সংখ্যা বাড়লে কর্মক্ষম জনগোষ্ঠী কমে যেতে পারে। পাশাপাশি প্রবীণদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক ব্যয় সামলাতে রাষ্ট্রকে বাড়তি চাপের মুখে পড়তে হবে। অর্থাৎ পাকিস্তানের মতো কিছু দেশকে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, আবার অন্য দেশগুলোকে মোকাবিলা করতে হবে বয়স্ক জনগোষ্ঠীর বাড়তি চাপ।
জনসংখ্যার পরিবর্তন রাজনৈতিক ঝুঁকিও তৈরি করতে পারে। তুরস্কের বিভিন্ন অঞ্চলে সন্তান জন্মদানের হারে পার্থক্য থাকায় জাতিগত ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। তুর্কি পরিচয় দেশটির অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় সংখ্যাগত, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে প্রভাবশালী হওয়ায় এ পরিবর্তন ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।
এদিকে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে সাম্প্রতিক আন্দোলনগুলোও রাষ্ট্রগুলোর জন্য সতর্কবার্তা। কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে হতাশ তরুণদের অসন্তোষ বাস্তব। দমনমূলক কৌশলে আন্দোলন থামানোর চেষ্টা করলেও এই ক্ষোভ উপেক্ষা করা সম্ভব নয়।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে তরুণদের আন্দোলনের মুখে সরকার পতনের উদাহরণ বড় বার্তা। পাকিস্তানে এখনো এ ধরনের বড় আন্দোলন দেখা না গেলেও দেশটির তরুণ জনগোষ্ঠী ক্রমেই বাড়ছে। রাষ্ট্র যদি তরুণদের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে বিপ্লবী আন্দোলনের ঝুঁকি বাড়তে পারে। এ পরিস্থিতির সুযোগ উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো তরুণদের ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে নিতে পারে।
এ কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তরুণদের জন্য আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি সুফি ঐতিহ্যের সঙ্গে যুক্ত সহনশীলতার চর্চা বাড়াতে হবে। জনসংখ্যার অনুপাত পরিবর্তন হলেই বিশ্বক্ষমতার ভারসাম্য বদলে যায় না। তবে এসব পরিসংখ্যান মুসলমান ও অন্যান্য প্রধান ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্যমান বৈষম্য নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট ভিত্তি দেয়।
পাকিস্তান অচিরেই বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে সীমিত সম্পদ দেশটির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে রাষ্ট্র যদি তরুণদের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত সুযোগ নিশ্চিত করতে পারে, তাহলে ভবিষ্যতে বিশ্বপরিসরে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়বে।