ক্ষমতায় আসার পরপরই বিশ্বের বিভিন্ন দেশের জন্য আমেরিকার সহায়তা ৯০ দিনের জন্য স্থগিতের নির্বাহী আদেশ জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে স্থগিত হয়ে গেছে পাকিস্তানের জন্য আমেরিকার নির্ধারিত সহায়তা।
মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অন্যান্য দেশের মতোই পাকিস্তানেও আমেরিকার সহায়তা স্থগিত করা হয়েছে। তবে, পাকিস্তানে সহায়তার বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আমেরিকার এমন সিদ্ধান্তের ফলে পাকিস্তানের বেশ কিছু প্রকল্পে প্রভাব পড়বে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে চারটি অর্থনৈতিক উন্নতি সংশ্লিষ্ট প্রকল্প ও পাঁচটি কৃষি প্রকল্পে আমেরিকার সহায়তা ছিল। ট্রাম্পের আদেশে তা স্থগিত হয়ে গেছে। এছাড়া দেশটিতে জ্বালানি খাতের পাঁচটি, শিক্ষা খাতের চারটি, চিকিৎসা খাতের চারটি প্রকল্প, সংস্কৃতি সংরক্ষণ প্রকল্প এবং গণতন্ত্র ও মানবাধিকার সহায়তা প্রকল্পেও আমেরিকার সহায়তা স্থগিত করা হয়েছে।
আমেরিকার কর্মকর্তারা বলছেন, এই স্থগিতাদেশ সাময়িক। সবগুলো প্রকল্পের বিষয়ে পুনর্বিবেচনা করে সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।