সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার পর দেশটিতে ভ্রমণের বিষয়ে নিজ নিজ নাগরিকদের সতর্ক করেছে একাধিক দেশ।
সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সর্বশেষ দেশ হিসেবে সৌদি আরবে ভ্রমণ না করার বিষয়ে সতর্কতা জারি করে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপানও একই ধরনের সতর্কতা জারি করেছিল।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ (ডিএফএটি) দেশটির নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে দেশটি।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় নাগরিকদের সৌদি আরবের রাজধানীর প্রধান বিমানবন্দর ও নাজরান, জিজান ও আসির প্রদেশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশটির অন্যান্য এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়। ইরান ও ইরান-সমর্থিত হুথিদের হামলার আশঙ্কার কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করা হয়।
কানাডার পররাষ্ট্রবিষয়ক দপ্তর গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সৌদি আরবের সব এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের জরুরি কাজ ছাড়া দেশটি ত্যাগ করার সুপারিশ করেছে। একই সঙ্গে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করা নাগরিকদের সফর বাতিলের পরামর্শ দিয়েছে দেশটি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) জরুরি প্রয়োজন ছাড়া জেদ্দা ও দাম্মামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া দেশটির অন্য সব বিমানবন্দরে যাতায়াত এড়িয়ে চলতে বলেছে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পাঁচটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটিতে।
সূত্র: আল জাজিরা
আরএ