পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আরাফার ময়দানে খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে তারা একসঙ্গে এ দুই ওয়াক্তের নামাজ আদায় করেন। এর আগে বেলা ৩টা ২০ মিনিটের দিকে শুরু হয় হজের খুতবা।
আরাফার নামিরাহ মসজিদ থেকে এবারের হজের খুতবা পাঠ করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। বিশ্বের মুসলিমদের জন্য এবারও বাংলাসহ ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ শুনতে পেয়েছেন বাংলা ভাষাভাষী মুসল্লিরা।
খুতবা শেষে যোহর ও আছরের নামাজ আদায়ের পর আরাফাতের ময়দানে অবস্থান করছেন হাজিরা। মাগরিব পর্যন্ত সেখানে অবস্থানের পাশাপাশি তাওবা-ইসতেগফার ও দোয়ায় মশগুল রয়েছেন তারা। কেননা, আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন। সূর্য ডোবার পরপর মাগরিব না পরেই মুজদালিফার উদ্দেশে তালবিয়া (লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক...) পাঠ করতে করতে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা। মুজদালিফায় পৌঁছে এক আজান ও আলাদা আলাদা ইক্বামতে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তারা।