প্রতিবেশী ইন্দোনেশিয়ায় দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়ায় বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় কয়েকটি রাজ্য, রাজধানী কুয়ালালামপুর ও প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় শুক্রবার স্কুল বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক জানান, মালয়েশিয়ার উপদ্বীপাঞ্চলের জোহর, মালাক্কা, নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গর রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া রাজধানী কুয়ালালামপুর ও প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ার স্কুলগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো জানান, পাহাং রাজ্যের রমপিন জেলাতেও শুক্রবার স্কুল বন্ধ থাকবে।
ফাদলিনা সিদেক বলেন, ধোঁয়াশা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সব রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
মালয়েশিয়ার বায়ুদূষণ সূচক (এপিআই) অনুযায়ী, সূচকের মান ১০১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশটির ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বনভূমি ও অন্যান্য জমিতে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এসব আগুনের কারণে সৃষ্ট ঘন ধোঁয়াশা প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।
এদিকে, বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ধোঁয়া মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্মত হয়েছেন। এ ক্ষেত্রে ইন্দোনেশিয়াকে সহায়তা দিতেও মালয়েশিয়া প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, ধোঁয়া পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সমন্বয় জোরদার করতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্যদেশগুলোর মন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নিতে তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইন্দোনেশিয়ার চলমান প্রচেষ্টায় আঞ্চলিক সমর্থন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স
আরএ