হোম > বিশ্ব

ট্রাম্পের সঙ্গে কিমের বহুল আলোচিত সাক্ষাৎ কেন হলো না

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (ডানে)। ছবি-সংগৃহীত

এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে একাধিকবার কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত বহুল আলোচিত সেই সাক্ষাৎ আর হয়নি। ট্রাম্পের সফরের পুরোটা সময় কিমকে দেখা গেছে শীতকালীন অবকাশকেন্দ্র, পবিত্র পর্বত ও নৌবাহিনীর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। ওয়াশিংটনের আহ্বানে তিনি কোনো সাড়া দেননি।

বৃহস্পতিবার রাতে এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ট্রাম্প। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হলেও কিমের সঙ্গে সাক্ষাৎ ছাড়াই শেষ হয় তার সফর।

কেন এই বৈঠক হলো না, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি কেবল দুই নেতার ব্যস্ত সূচির কারণে নয়; বরং যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার অনাস্থা, পারমাণবিক অস্ত্র নিয়ে দুই দেশের বিপরীত অবস্থান এবং বৈঠকের প্রস্তুতির অভাবও এর পেছনে কাজ করেছে।

আগের তিন বৈঠকেও আসেনি সমঝোতা

ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত বৈঠক ছিল বিশেষভাবে আলোচিত। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনাই ছিল এসব বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে যায়।

হ্যানয়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর প্রায় ৬০ ঘণ্টার ট্রেনযাত্রা করে দেশে ফিরেছিলেন কিম। ওই অভিজ্ঞতা থেকে উত্তর কোরীয় নেতা হয়তো এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নীতির ওপর নির্ভর করা যায় না।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই কিমের সঙ্গে নতুন করে বৈঠকের আগ্রহ প্রকাশ করে আসছেন। গত বছর এশিয়া সফরের আগে পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। এমনকি উত্তর কোরিয়াকে ‘একধরনের পারমাণবিক শক্তিধর দেশ’ বলেও উল্লেখ করেছিলেন। তবে সে সময়ও কোনো সাড়া মেলেনি।

চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী কিম মিন-সুক জানিয়েছিলেন, কিম জং উনের সঙ্গে বৈঠক হলে তা ভালো হবে বলে মনে করেন ট্রাম্প। এশিয়া সফরের সময়ও মার্কিন প্রেসিডেন্ট নতুন বৈঠকের সম্ভাবনা সামনে আনেন। কিন্তু কিম নীরবই থাকেন।

‘সময়সূচিতে অনেক বৈঠক ছিল’

বৈঠক না হওয়ার কারণ হিসেবে ব্যস্ততার কথা বলেছেন ট্রাম্প নিজেই। এনবিসি নিউজের সাংবাদিক গ্যাবে গুতিয়েরেজের বরাতে জানা গেছে, এশিয়া থেকে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প বলেন, ‘সম্পর্ক রয়েছে, কিন্তু আমাদের দেখা হয়নি।’

বৈঠক কেন সম্ভব হলো না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেক বৈঠক ছিল। সময় মেলানো সম্ভব হতো না।’ তবে ভবিষ্যতে কোনো একসময় কিমের সঙ্গে তার সাক্ষাৎ হবে বলেও আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

তবে বিশেষজ্ঞরা ট্রাম্পের এই ব্যাখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, কিমের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে বাস্তব কোনো কূটনৈতিক যোগাযোগ হয়েছিল কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, দুই দেশের মধ্যে পর্দার আড়ালে কোনো কার্যকর যোগাযোগ হয়েছিল বলে তিনি মনে করেন না।

তার মতে, হ্যানয়ের আলোচনা ভেঙে যাওয়ার পর কিম সম্ভবত বুঝেছেন, ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বোঝাপড়া থাকলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল বা প্রশাসন পরিবর্তনের সঙ্গে দেশটির মূল নীতিতে আস্থার মতো কোনো পরিবর্তন আসে না।

দক্ষিণ কোরিয়ার ডংগুক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কো ইউ-হোয়ান বলেন, একটি আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকের আগে বিশেষ দূত বিনিময় এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা হওয়া প্রয়োজন। এসব প্রস্তুতি ছাড়া কিমের এমন কোনো বৈঠকে যাওয়ার কারণ নেই, যা কেবল ট্রাম্পের রাজনৈতিক অর্জন তুলে ধরার ছবির সুযোগ তৈরি করবে।

পারমাণবিক রাষ্ট্রের স্বীকৃতি চায় পিয়ংইয়ং?

বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো বাস্তব পদক্ষেপ না নিলে ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার সম্ভাবনা কম পিয়ংইয়ংয়ের।

কিন্তু ওয়াশিংটনের অবস্থান এখনো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পুরোপুরি পরিত্যাগের দাবিতে অনড়। ট্রাম্পের এশিয়া সফরের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান আবারও উত্তর কোরিয়ার ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের’ প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

অধ্যাপক লিমের মতে, ট্রাম্প ব্যক্তিগতভাবে কিমের প্রতি সদিচ্ছা দেখালেও যুক্তরাষ্ট্রের সরকার এমন কোনো বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারেনি, যার ভিত্তিতে উত্তর কোরিয়া আবার আলোচনায় ফিরতে আগ্রহী হবে।

ট্রাম্পকে এড়িয়ে পাহাড় ও নৌ বিশ্ববিদ্যালয়ে কিম

ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে যখন আলোচনা চলছিল, তখন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের বিভিন্ন সফরের খবর প্রকাশ করা হয়। সপ্তাহের শুরুতে তাকে একটি স্কি রিসোর্ট ও দেশটির পবিত্র হিসেবে বিবেচিত মাউন্ট পেকতু পরিদর্শন করতে দেখা যায়। বুধবার তিনি নৌবাহিনীর একটি বিশ্ববিদ্যালয় সফর করেন। সেখানে সামুদ্রিক প্রতিরক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের আহ্বানে সরাসরি সাড়া না দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল ও সামরিক স্থাপনা পরিদর্শন করার মাধ্যমে কিম নিজের অগ্রাধিকার তুলে ধরতে চেয়েছেন। এতে একদিকে ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের আগ্রহ না দেখানোর বার্তা গেছে, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বিষয়েও মনোযোগ দেখানো হয়েছে।

চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ কমিয়ে থাকতে পারে। অধ্যাপক কো বলেন, ইউক্রেন যুদ্ধে সংশ্লিষ্টতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাচ্ছে পিয়ংইয়ং। পাশাপাশি চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাও বাড়াচ্ছে দেশটি।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও হ্যাকিং ও ক্রিপ্টোকারেন্সি চুরির মতো কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর কোরিয়া অর্থ সংগ্রহ অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে কিমের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সরাসরি নাকচ করা হয়নি। উত্তর কোরিয়া বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিনের মতে, ট্রাম্প এখনো কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী। অন্যদিকে পিয়ংইয়ংও বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই ভবিষ্যতে দুই নেতার বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র: এএফপি ও গালফ নিউজ

বাণিজ্য বাধা কমানো ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে এপেকে ঐকমত্য

ব্রেক্সিটের দূরত্ব ঘুচিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

ইরানের ওপর মার্কিন অবরোধে বাড়ছে জাহাজের বিমা ব্যয়

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ইরাকে নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ অধ্যাপকদের সরাল বিশ্ববিদ্যালয়

গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার কোথায় গেল

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে পরাশক্তিগুলোর বিভক্তি

শেনজেনে ট্রাম্প-শি-পুতিন বৈঠকের গুরুত্বপূর্ণ পাঁচ বার্তা

ছয় মাসে চীনে ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে নতুন হামলার সিদ্ধান্ত নিতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করবেন ট্রাম্প