হোম > বিশ্ব

১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি

রয়টার্স

নবনির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর স্কট কলম। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিনডি হাইড-স্মিথকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির স্কট কলম। এর মধ্য দিয়ে ১৮৭৪ সালের পর অঙ্গরাজ্যটি থেকে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে মার্কিন সিনেটর নির্বাচিত হলেন তিনি।

বুধবার সংবাদমাধ্যমগুলো তার জয় নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর পুনর্গঠন যুগে শেষবার মিসিসিপি থেকে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি সিনেটর নির্বাচিত হয়েছিলেন।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিসিসিপিতে কলমের এই জয়কে বড় ধরনের অঘটন হিসেবে দেখা হচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বড় জয়ের ধারায় এটি নতুন মাত্রা যোগ করেছে।

মধ্যবর্তী নির্বাচনের পর ফল ঘোষণার অপেক্ষায় থাকা শেষ কয়েকটি আসনের একটি ছিল মিসিসিপির এই সিনেট আসন। প্রতিদ্বন্দ্বিতা এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে ভোট গণনার বিভিন্ন পর্যায়ে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন কলম। সর্বশেষ সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী, তিনি ৪ হাজার ৫০০টির বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ০.৫ শতাংশ।

৪৩ বছর বয়সি কলম একজন জেলা অ্যাটর্নি। ১৯৮২ সালে জন স্টেনিসের পর তিনিই প্রথম ডেমোক্র্যাট, যিনি মিসিসিপি থেকে সিনেটর নির্বাচিত হলেন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের অসন্তোষকে নির্বাচনি প্রচারে কাজে লাগান কলম। তার একটি প্রচার বিজ্ঞাপন বিশেষভাবে আলোচনায় আসে। সেখানে ভোটারদের দিয়ে হাইড-স্মিথের একটি মন্তব্যের সমালোচনা করানো হয়। গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় অন্য ‘প্রোটিন’ বা আমিষজাতীয় খাবার বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন হাইড-স্মিথ। ওই মন্তব্যকে কেন্দ্র করে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল।

৬৭ বছর বয়সি হাইড-স্মিথ ২০১৮ সালে সিনেটের সদস্য হিসেবে নিয়োগ পান। একই বছরের বিশেষ নির্বাচনেও জয়ী হন তিনি। জনমত জরিপগুলোতে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিসিসিপিতে প্রায় ২৩ শতাংশ ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। নির্বাচনি প্রচারের শেষ দিকে হাইড-স্মিথের পক্ষে প্রচার চালাতে মিসিসিপি সফরও করেন তিনি।

তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি হাইড-স্মিথ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা যে ফলাফলের জন্য কাজ করেছি বা আশা করেছিলাম, এটি তা নয়। তবে মিসিসিপির ভোটারদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। স্কট কলমকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সাফল্য কামনা করছি।’

কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা বাড়ল

মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। ফলে ট্রাম্পের দুই মেয়াদের কোনো একটিতেই এবার প্রথমবারের মতো ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন কংগ্রেসের মুখোমুখি হতে হচ্ছে তাকে। এতে বিরোধী দল হিসেবে ডেমোক্র্যাটদের পক্ষপাতমূলক আইন প্রণয়ন আটকে দেওয়া এবং ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড তদন্ত করার সুযোগ তৈরি হয়েছে।

মিসিসিপির জয়ের ফলে ১০০ সদস্যের সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫৫। রিপাবলিকানদের আসন ৪৪। গত সপ্তাহের নির্বাচনে আলাস্কার একটি সিনেট আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি।

প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটদের অবস্থান শক্ত হয়েছে। এখন পর্যন্ত দলটি ৪১টি আসন বেশি পেয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, সেখানে ডেমোক্র্যাটদের আসন ২৫৪টি এবং রিপাবলিকানদের ১৬৮টি। আরো ১৩টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের আধিপত্য থাকা টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যভিত্তিক নির্বাচনেও জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা।

বর্ণবৈষম্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ জয়

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের একসময়কার বর্ণবৈষম্যপূর্ণ অঙ্গরাজ্য মিসিসিপিতে শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন রিপাবলিকানদের শক্ত অবস্থান তৈরি করতে বড় ভূমিকা রেখেছে। ১৯৬০-এর দশকের নাগরিক অধিকার আন্দোলনের পর দেশটির রাজনীতিতে যে পরিবর্তন আসে, তার ধারাবাহিকতায় অঙ্গরাজ্যটি রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়।

নাগরিক অধিকার আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল মিসিসিপিতে। ওই সময় কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার, কর্মসংস্থান, শিক্ষা এবং জনসাধারণের ব্যবহারের স্থানগুলোতে বৈষম্যের শিকার হতে হতো। এমন একটি অঙ্গরাজ্য থেকে কলমের জয়কে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

কেন্টাকির ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ডি বেসিয়ার কলমের জয়কে ইতিহাস সৃষ্টিকারী বলে অভিহিত করেছেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা বেসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের ডেমোক্র্যাটরা উপেক্ষিত, বঞ্চিত এবং এমনকি অবজ্ঞার শিকার হয়েছেন। কিন্তু এখন আমরা এগিয়ে যাচ্ছি।’

অক্টোবরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কলম বলেছিলেন, ট্রাম্পের নীতির কারণে মিসিসিপির ভোটাররা নিজেদের প্রতারিত মনে করছেন। বিশেষ করে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনি প্রচারে ভোটারদের কাছে পৌঁছাতে বিভিন্ন কৌশল নিয়েছিলেন কলম। তিনি টাউন হল বৈঠক করেছেন। সরকারি আবাসন প্রকল্প, উৎসব এবং খাবারের ট্রাকগুলোতেও গেছেন। কলম বলেন, ‘আমরা কঠিন পথ বেছে নিয়েছি। তৃণমূল পর্যায় থেকে প্রচার চালিয়েছি।’

অক্টোবরে জর্জিয়ার সিনেটর রাফায়েল ওয়ারনক এবং নিউ জার্সির সিনেটর কোরি বুকারের অংশগ্রহণে আয়োজিত সমাবেশগুলোও তার প্রচারে গতি এনে দেয়।

মিসিসিপি থেকে সর্বশেষ কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছিলেন সাবেক দাস ব্লাঞ্চ ব্রুস। ১৮৭৪ সালে তিনি সিনেটর নির্বাচিত হন। এরপর ১৫২ বছর পেরিয়ে গেলেও অঙ্গরাজ্যটি থেকে আর কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি সিনেটর নির্বাচিত হননি।

এর আগে ২০২৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিসিসিপির উত্তরাঞ্চলের একটি ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে কলমকে মনোনয়ন দিয়েছিলেন। তবে হিজড়া জনগোষ্ঠী-সংক্রান্ত বিষয়ে কলমের অবস্থানের কথা উল্লেখ করে তার মনোনয়ন আটকে দেন সিনেটর হাইড-স্মিথ। অবশ্য মিসিসিপি থেকে নির্বাচিত অপর রিপাবলিকান সিনেটর রজার উইকার ওই মনোনয়নের পক্ষে ছিলেন।

এএম

নিউ ইয়র্কে ভবন ধসে হতাহত ১৯

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র

হরমুজ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

মক্কায় আছড়ে পড়ল হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই, প্রজন্ম গড়ার কারিগর দাঁড়ালেন খাবারের লাইনে

মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪ ফিলিস্তিনি