যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সঙ্গে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও ১৭তম স্ট্রিট নর্থওয়েস্টের সংযোগস্থলের কাছে এ ঘটনা ঘটে।
একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাতে জানা গেছে, অস্ত্রধারী একজন ব্যক্তিকে ঘিরে খবর পাওয়ার পর সিক্রেট সার্ভিসের ইউনিফর্মধারী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার সময় হোয়াইট হাউসের কাছাকাছি অবস্থানরত সাংবাদিকরা টানা গুলির শব্দ শুনতে পান। পরে পুরো এলাকা লকডাউন করা হয় এবং সিক্রেট সার্ভিস দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
সিএনএনের সাংবাদিকদের বর্ণনায় বলা হয়েছে, কয়েক ডজন গুলির শব্দ শোনার পর হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সংবাদকর্মীদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয়। ভেতরে থাকা সাংবাদিকদের আশ্রয় নিতে বলা হয় এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা “নিচে শুয়ে পড়ুন” ও “গুলি চলছে” বলে সতর্ক করেন।
ঘটনার পর রাইফেলধারী সিক্রেট সার্ভিস এজেন্টদের হোয়াইট হাউসের নর্থ লন এলাকায় টহল দিতে এবং প্রেস ব্রিফিং রুম ঘিরে ফেলতে দেখা যায়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের কিছু পরে লকডাউন তুলে নেওয়া হয়।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এদিকে এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এফবিআই ঘটনাস্থলে রয়েছে এবং সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে।
তিনি বলেন, পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে জনসাধারণকে জানানো হবে।
সূত্র: সিএনএন