পাকিস্তানের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হেলিকপ্টারে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।
দিয়ামির জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ বার্তা সংস্থা এএফপিকে জানান, হেলিকপ্টারটি সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘হেলিকপ্টারটি একটি নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণ করছিল। এ সময় দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন দুই পাইলট ও তিন টেকনিশিয়ান।’
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো কিছু এখনো জানানো হয়নি।
বন্যায় কবলিতদের উদ্ধার ও জন্য ত্রাণ সরবরাহের জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছে।
এর আগে কয়েক সপ্তাহ আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যা ত্রাণ কার্যক্রমে অংশ নেয়া অবস্থায় আরেকটি সরকারি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু নিহত হয়।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে বন্যা ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার সময় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে নিহত হন পাঁচ সেনা সদস্য ও সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।
আরএ