যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের কনসার্টস্থলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা। ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তার কারণে র্যাপার ম্যাকলমোরকে কনসার্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইসরাইলের অপরাধে আর কোনো অর্থ নয়’ এবং ‘গাজায় ত্রাণ ঢুকতে দাও, সেনা প্রত্যাহার করো’।
বিক্ষোভের আয়োজকদের মুখপাত্র আদি চট্টোপাধ্যায় বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ম্যাকলমোরের বার্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি গাজার পরিস্থিতি এবং গণহত্যা এখনো অব্যাহত থাকার বিষয়টি তুলে ধরতেই তারা এই সমাবেশ করেছেন।
বিক্ষোভকারী এড ডুগান যুক্তরাষ্ট্র সফর চালিয়ে যাওয়ার জন্য শিরানের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘এড শিরানের সম্পদের পরিমাণ ৪০০ বিলিয়ন ডলার। তিনি কয়েকটি কনসার্ট বাতিল করার সামর্থ্য রাখেন। কিন্তু তিনি তা করতে সাহস করেননি। এত বিপুল অর্থের মালিক একজন মানুষ কীভাবে তার বন্ধুর সঙ্গে এমন আচরণ করলেন এবং তাকে বিপাকে ফেললেন, তা আমি বুঝতে পারি না।’
শিরান অবশ্য বলেছেন, ম্যাকলমোরের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে স্টেডিয়াম কর্তৃপক্ষ তাকে পারফর্ম করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। এসব স্টেডিয়ামের মালিকদের মধ্যে ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের মালিক মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফটও রয়েছেন।
পরে ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে শিরানের যুক্তরাষ্ট্র সফরের উদ্বোধনী শিল্পী এবং তার ব্যান্ডের কয়েকজন সদস্যও সফর থেকে সরে দাঁড়ান।
সূত্র: আল জাজিরা
আরএ