হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলের প্রতি অসন্তোষই নির্বাচনে পরাজয়ের প্রধান কারণ, স্বীকার করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রতি ব্যাপক জন-অসন্তোষ, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরুদ্ধে জনমত এবং জ্বালানির মূল্যবৃদ্ধিই গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, ইরান যুদ্ধ রাজনৈতিকভাবে রিপাবলিকানদের ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দলটিকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে।

ট্রাম্প বলেন, মানুষ যুদ্ধ পছন্দ করেনি। জ্বালানির দাম বেড়ে যাওয়াটাও তাদের ভালো লাগেনি।

তিনি আরো বলেন, ‘অবিশ্বাস্য হলেও সত্য, ইসরাইলের প্রতি মানুষের ব্যাপক অনীহা রয়েছে। ইসরাইলের প্রতি একধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে। সুতরাং এসবের পাশাপাশি যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধিই আমার বিবেচনায় পরাজয়ের প্রধান কারণ।’

তবে যুদ্ধের রাজনৈতিক প্রভাব স্বীকার করলেও ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। একই পরিস্থিতি আবার তৈরি হলেও তিনি একই সিদ্ধান্ত নিতেন বলে জানান।

তিনি বলেন, ‘আমার উত্তর জোরালোভাবে হ্যাঁ। কারণ, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না।’

ট্রাম্প দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে এবং তেহরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তার ভাষ্য, ‘নির্বাচন না হলে আমরা একটি চুক্তিতে পৌঁছে যেতাম।’ এ সময় তিনি ইঙ্গিত দেন, নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় ইরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

নির্বাচনের পর সংঘাত আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি উত্তেজনা বাড়াতে আগ্রহী নন।

তিনি বলেন, ‘আমি তা করতে চাইছি না। আমার মনে হয় না, এর কোনো প্রয়োজন আছে।’

এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প আবারো দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওই হামলা না হলে ইসরাইলের অস্তিত্বই থাকত না।

গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে ট্রাম্প প্রশাসন বড় ধরনের রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা: বারাক ওবামা

১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন কিথ এলিসন

নিজের উত্তরসূরি হিসেবে কাকে পছন্দ ট্রাম্পের

ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না: ট্রাম্প

ইলন মাস্কের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলেছে মার্কিন মধ্যবর্তী নির্বাচন

‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ

ইসলামবিদ্বেষের মধ্যেও যে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৯৭ মুসলিম প্রার্থীর জয়

চাঁদে যাওয়ার সুযোগ দিচ্ছে নাসা, নভোচারী নিয়োগে আবেদন আহ্বান

ওবামা, আল-সাইয়েদ ও মামদানি: ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ

জয়ের পর আল-সাইয়েদের ব্যাপারে সুর কী একই আছে ট্রাম্পের