হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইল নিয়ে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন

নিউইয়র্কে ফিলিস্তিনপন্থিদের জয়

আমার দেশ অনলাইন

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাথে নির্বাচনি পথসভায় দলের অনুসারিরা। ছবি: রায়ান মারফি, দ্য নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদ নির্বাচনে ইসরাইলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ডেমোক্র্যাটিক পার্টির তিন প্রার্থী বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই ফলাফল ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরাইল বিষয়ক দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিফলন এবং ফিলিস্তিন প্রশ্নে ক্রমবর্ধমান সমর্থনের ইঙ্গিত বহন করছে।

প্রতিনিধি পরিষদের প্রাইমারিতে বিজয়ী প্রার্থীরা হলেন ব্র্যাড ল্যান্ডার, ক্লেয়ার ভালদেজ এবং দারিয়ালিজা আভিলা শেভালিয়ার। তারা সবাই নির্বাচনি প্রচারণায় ইসরাইল সরকারের নীতির সমালোচনাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান হিসেবে তুলে ধরেন। তাদের প্রত্যেককে সমর্থন দিয়েছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, যিনি ফিলিস্তিনি জনগণের পক্ষে সোচ্চার অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনায় এসেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে তরুণ ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর পরবর্তী গাজায় ইসরাইলি সামরিক অভিযানের পর এ প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। একাধিক জরিপে দেখা গেছে, বর্তমানে ডেমোক্র্যাট ভোটারদের বড় অংশ ইসরাইলিদের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল।

একটি সাম্প্রতিক জরিপে দেখা যায়, ৬০ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি প্রকাশ করেছেন, যেখানে মাত্র ১৫ শতাংশ ইসরাইলের প্রতি বেশি সমর্থন জানিয়েছেন।

মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, আরও বেশি ডেমোক্র্যাট এখন স্পষ্টভাবে বলছেন যে ইসরাইল সরকারকে মার্কিন করদাতাদের অর্থে নিঃশর্ত সহায়তা দেওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী কংগ্রেসে ইসরাইলকে ‘স্বয়ংক্রিয় ও নিঃশর্ত সমর্থন’ দেওয়ার প্রবণতা কমে আসবে।

নিউইয়র্কের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ছিল ব্রুকলিনের বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান এবং সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের মধ্যে। দুজনই নিজেদের উদারপন্থী জায়নিস্ট হিসেবে পরিচয় দিলেও ল্যান্ডার নির্বাচনি প্রচারণায় গোল্ডম্যানকে ইসরাইল বিষয়ে যথেষ্ট সমালোচনামুখর না হওয়ার অভিযোগে আক্রমণ করেন। শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে জয় পান।

অন্যদিকে, সবচেয়ে বেশি আলোচিত বিজয় অর্জন করেন দারিয়ালিজা আভিলা শেভালিয়ার। তিনি দীর্ঘদিনের কংগ্রেস সদস্য এবং ইসরাইলের দৃঢ় সমর্থক আদ্রিয়ানো এসপাইলাতকে পরাজিত করেন। আভিলা শেভালিয়ার অতীতে পশ্চিম তীরে বসবাসের অভিজ্ঞতা এবং ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন।

ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনি পথসভায় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও প্রতিনিধি পরিষদের প্রাইমারি নির্বাচনে বিজয়ী দারিয়ালিজা আভিলা শেভালিয়ার। ছবি: লেক্সি প্যারা, দ্য নিউ ইয়র্ক টাইমস।

এই নির্বাচনে প্রভাবশালী ইসরাইলপন্থি লবি সংগঠন আইপ্যাকের (এআইপিএসি) ভূমিকা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট সুপার প্যাক ‘ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট’ চলতি বছরে বিভিন্ন নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় ২ কোটি ৫০ লাখ ডলারের বেশি ব্যয় করেছে। তবে নিউইয়র্ক, নিউ জার্সি ও ইলিনয়সের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তাদের সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন।

ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে এই পরিবর্তনকে অনেকেই প্রজন্মগত রূপান্তরের অংশ হিসেবে দেখছেন। দীর্ঘদিনের ইসরাইলপন্থী নেতাদের অবসর এবং নতুন প্রজন্মের প্রার্থীদের উত্থানের ফলে দলটির নীতিগত অবস্থানেও পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।

তবে দলের শীর্ষ নেতৃত্বের বড় অংশ এখনো ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সমর্থন করে। যদিও তাদের অনেকেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের নীতির কঠোর সমালোচক।

আগস্টে মিনেসোটা, মিশিগানসহ কয়েকটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনগুলোও ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নকে কেন্দ্র করে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মিশিগানে ইসরাইলপন্থি ও ফিলিস্তিনপন্থি প্রার্থীদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা জাতীয় রাজনীতিতে নতুন করে এই বিতর্ককে সামনে নিয়ে আসতে পারে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

এআরবি

মার্কিন চাপেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল: কাটজ

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

ডেমোক্রেটিক পার্টির নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত মামদানি

ইরানের সামনে ‘অসাধারণ কিছু করার সুযোগ’ রয়েছে: রুবিও

মার্কিন সিনেটে ইরানবিরোধী সামরিক পদক্ষেপে বিধিনিষেধ আরোপ, ক্ষুব্ধ ট্রাম্প

বারবার ষড়যন্ত্র করে হারছে ভারত, আন্তর্জাতিক অঙ্গণে গুরুত্ব বাড়ছে পাকিস্তানের

প্রাথমিকভাবে ইরানের ৫০ বিলিয়ন ডলার নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র

তুলসি গ্যাবার্ড কি হিন্দু গুরুর কাছ থেকে রাজনৈতিক পরামর্শ নিতেন

শিশুদের অনলাইন সুরক্ষায় মার্কিন প্রতিনিধি পরিষদের দ্বিপক্ষীয় চুক্তি

মাদুরোর পতন ভেনেজুলাকে সঠিক পথে এনেছে: রড্রিগেজ