হোম > বিশ্ব > আমেরিকা

হানিট্র্যাপের শিকার হওয়া এনভিডিয়ার সিইওকে নিয়ে তদন্ত করছে এফবিআই

বিবিসি

যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

চীনের কথিত এক নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হানিট্র্যাপের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন।

সোমবার হুয়াংয়ের সঙ্গে ফোনে কথা বলার পর সাংবাদিকদের তিনি বলেন, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে হুয়াংয়ের কোনো ধারণা ছিল না বলে তাকে জানিয়েছেন।

সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, “ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে আপনার কোনো ধারণা ছিল?” তিনি বলেছেন, “ওই নারী যে গুপ্তচর, তা আমি জানতাম না।” আমি তাকে সত্য বলছেন বলেই বিশ্বাস করি।’

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে এফবিআই তদন্ত করছে। তবে তদন্ত কবে শুরু হয়েছে বা এর বিস্তারিত কিছু জানাননি তিনি। এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে এফবিআই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, অ্যালিস হুয়াং নামের ওই নারী বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। তিনি হুয়াং লে নামেও পরিচিত। গত বসন্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছিলেন। এতে এনভিডিয়ার প্রধানের সঙ্গে চীনা এক গুপ্তচরের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয়েছিল।

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এনভিডিয়ার প্রধানকে লক্ষ্য করে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। এগুলো অনুমাননির্ভর এবং চীনকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে এনভিডিয়া একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বাণিজ্যিক গোপনীয়তা বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে—এমনটা বিশ্বাস করার কোনো কারণ তাদের কাছে নেই।

অ্যাপলের পর বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানি এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ কম্পিউটার চিপ তৈরি করে প্রতিষ্ঠানটি। এ ঘটনার খবর প্রকাশের পর সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। এতে বাজারমূল্য থেকে প্রায় ২৫ হাজার কোটি ডলার কমে যায়। ব্রিটিশ মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার কোটি পাউন্ড।

ট্রাম্পের বক্তব্য থেকে প্রথমবারের মতো জানা গেল, অ্যালিস হুয়াংয়ের কথিত গুপ্তচরবৃত্তির সঙ্গে সম্পর্কের বিষয়ে জেনসেন হুয়াং কিছু জানতেন কি না, সে বিষয়ে তার অবস্থান কী।

এদিকে সোমবার ক্যালিফোর্নিয়ায় দায়ের করা একটি প্রস্তাবিত শ্রেণিগত মামলায় জেনসেন হুয়াং ও এনভিডিয়াকে বিবাদী করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে প্রধান নির্বাহীর সম্পর্কের বিষয়টি গোপন করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি।

মামলায় বলা হয়েছে, অ্যালিস হুয়াং এনভিডিয়ার পণ্য চীনে পাচারে সহায়তা করার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের কাছে এনভিডিয়া মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। মামলার বিষয়ে জানতে বিবিসি এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করেছে।

গুপ্তচরবৃত্তির বিষয়ে কিছু জানতেন না হুয়াং

হোয়াইট হাউসে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে একাধিকবার জানতে চান, তিনি কখন জেনসেন হুয়াংয়ের সঙ্গে ওই নারীর সম্পর্কের বিষয়ে জানতে পেরেছেন। বিবিসির পক্ষ থেকেও এ প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘কিছু সময় ধরে’ তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তবে ঠিক কখন জানতে পেরেছেন, তা স্পষ্ট করেননি।

ট্রাম্প বলেন, হুয়াং একজন ‘সম্মানিত মানুষ’। তদন্তের পরও তার অবস্থা ভালো থাকবে বলে তিনি আত্মবিশ্বাসী।

ট্রাম্প আরো বলেন, ‘আমি আশা করি, কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস, তিনি খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।’

সোমবার ফোনে হুয়াংয়ের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি কেমন আছেন, ভালো আছেন কি না, তা জানতেই ফোন করেছিলাম। আমি তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তি যে গুপ্তচর, সে বিষয়ে তার একেবারেই কোনো ধারণা ছিল না।’

এনভিডিয়া উন্নত প্রযুক্তির কম্পিউটার চিপ তৈরি করে, যা এআই মডেল পরিচালনায় ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এ কারণেই জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এআই প্রযুক্তিতে চীন এগিয়ে গেলে দেশটির সামরিক সক্ষমতা ও নজরদারির ক্ষমতা অনেক বেড়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি আরো বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পরবর্তী বৈঠকে এ বিষয়ে কথা উঠবে বলে তিনি নিশ্চিত।

জেনসেন হুয়াং তার স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণ করার কথা স্বীকার করেছেন। এ জন্য স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ায় ক্ষমাও চেয়েছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে হুয়াং বলেন, ‘এনভিডিয়াকে সুরক্ষিত রাখা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় সহযোগিতা করার বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ কোম্পানির উদ্যোগে শুরু হওয়া তদন্তেও সহযোগিতা করবেন বলে জানান তিনি।

এ ছাড়া আগামী সপ্তাহে কংগ্রেসের কয়েকটি কমিটির যৌথ রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অংশ নেওয়ার জন্য হুয়াংকে অনুরোধ জানানো হয়েছে। কমিটিগুলোর চেয়ারম্যানরা এক চিঠিতে বলেছেন, বিদেশি প্রতিপক্ষের গুপ্তচরবৃত্তি ঠেকাতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা এবং চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রকাশিত মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে তারা ব্রিফিং চান।

তবে হুয়াং ওই ব্রিফিংয়ে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে এনভিডিয়া কোনো মন্তব্য করেনি। বিবিসি কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গেও যোগাযোগ করেছে।

সোমবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে বিবিসির সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী। তাঁরা জানান, প্রতিষ্ঠানটিকে ঘিরে ব্যাপক আলোচনা ও মনোযোগ থাকলেও সেখানে স্বাভাবিকভাবেই কাজ চলছে।

এআই চিপের বাজারে এনভিডিয়ার গুরুত্ব

১৯৯৩ সালে জেনসেন হুয়াং আরো দুই প্রকৌশলীর সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। কয়েক দশক ধরে ব্যবসা করলেও সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম মূল্যবান ও প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে এটি।

প্রতিষ্ঠানটি শুরুতে মূলত ভিডিও গেমের জন্য কম্পিউটার চিপ তৈরি করত। পরে এআই প্রযুক্তির উন্নয়নে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটি বর্তমান অবস্থানে পৌঁছেছে।

এআই প্রযুক্তির অবকাঠামো নির্মাণে এনভিডিয়ার চিপের গুরুত্ব এতটাই বেড়েছে যে, প্রতিষ্ঠানটির উন্নত পণ্য কোথায় বিক্রি করা যাবে, তা নিয়ন্ত্রণে আগে পদক্ষেপ নিয়েছিল হোয়াইট হাউস।

এনভিডিয়ার দ্বিতীয় সর্বাধুনিক সেমিকন্ডাক্টর চিপ এইচ২০০। যুক্তরাষ্ট্রের উদ্বেগ ছিল, চিপটি চীনের প্রযুক্তি খাতকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে। এ কারণে আগে চীনে এর বিক্রির ওপর বিধিনিষেধ ছিল।

তবে দীর্ঘদিন ধরেই চীনে চিপ বিক্রির ওপর বিধিনিষেধের বিরোধিতা করে আসছেন জেনসেন হুয়াং। তার যুক্তি, যুক্তরাষ্ট্রের প্রযুক্তির মাধ্যমে এআইয়ের বৈশ্বিক সম্প্রসারণ হলে তা সবার জন্য বেশি উপকারী হবে।

গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট কিছু শর্তে চীনা গ্রাহকদের কাছে এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়ার কথা জানায়। তবে এনভিডিয়ার সবচেয়ে উন্নত এআই সেমিকন্ডাক্টরগুলোর মধ্যে জিবি২০০ ব্ল্যাকওয়েল সুপার চিপ এখনো চীনের বাজারে বিক্রির অনুমতি পায়নি।

এএম

নির্বাচনে হেরে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ, প্রচারাভিযান শুরু করেছেন কর্মীরা

যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি কমছে দ্বিদলীয় সমর্থন, কড়াকড়ি আরোপের উদ্যোগ

অভিবাসন দমন অভিযান ছিল অতিরিক্ত কঠোর: ট্রাম্প

২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিংমেকার’ হতে মামদানির নানা কৌশল

মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে, মুসলিম যুবকের ঐতিহাসিক উত্থান

ইসরাইলের প্রতি অসন্তোষই নির্বাচনে পরাজয়ের প্রধান কারণ, স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা: বারাক ওবামা

১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন কিথ এলিসন

নিজের উত্তরসূরি হিসেবে কাকে পছন্দ ট্রাম্পের