হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার করেছে চীন। আগামী কয়েক মাসে এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বেইজিং এ অবস্থান জানাল। খবর আনাদোলুর।

শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিবেদনটি সত্য নয়।’

এর আগে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, পারস্পরিকভাবে দুই দেশের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন।

সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রাথমিক আলোচনায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের গবেষণাগার এবং চীনের সমপর্যায়ের গবেষণাকেন্দ্র পরিদর্শনের বিষয়টি উঠে আসে। পাশাপাশি দুই দেশের পারমাণবিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ নিয়েও আলোচনা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (এসআইপিআরআই) জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। অন্যদিকে, বাতিল করা ওয়ারহেডসহ যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজারের বেশি ওয়ারহেড রয়েছে।

এসআইপিআরআইয়ের হিসাব অনুযায়ী, বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের কাছে মোট আনুমানিক ১২ হাজার ১৮৭টি ওয়ারহেড রয়েছে। এর মধ্যে ভারতের কাছে ১৯০টি, পাকিস্তানের কাছে ১৭০টি, ইসরায়েলের কাছে ৯০টি এবং উত্তর কোরিয়ার কাছে ৬০টি রয়েছে। বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের প্রায় ৮৬ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে।

সংস্থাটি জানিয়েছে, অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে চীন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়াও তাদের পারমাণবিক অস্ত্রভান্ডারের ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র হ্রাসসংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

কংগ্রেসে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ট্রাম্পকে কতটা চাপে ফেলতে পারবে ডেমোক্র্যাটরা

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংকে পুনর্বহাল

শেয়ারবাজারে দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দুষলেন ট্রাম্প

সামনে কঠিন সময় দেখছেন ট্রাম্প

নববর্ষের পর ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আদালতের আদেশ উপেক্ষা করে বিশাল পরিমাণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আইন করার প্রতিশ্রুতি জেফ্রিসের

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি