হোম > বিশ্ব > আমেরিকা

সরকারি টাকায় নিজের বিজ্ঞাপন বন্ধ করলেন ট্রাম্প

আল-জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সমালোচনার মুখে সরকারি অর্থে নিজের প্রচারসংবলিত টেলিভিশন বিজ্ঞাপন চালানো বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে এসব বিজ্ঞাপনের খরচ তিনি নিজে অথবা তার রাজনৈতিক তহবিল এমএজিএ প্যাক বহন করবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিজ্ঞাপনগুলোর পক্ষে সাফাই দেন। তিনি বলেন, এগুলো ‘যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক প্রচার’। তবে এসব বিজ্ঞাপনের জন্য আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশজুড়ে তিনটি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এসব বিজ্ঞাপনে ট্রাম্পকে নিয়ে প্রচারমূলক বক্তব্য ও দেশাত্মবোধক বার্তা রয়েছে। অন্তত ১৫ লাখ ডলার সরকারি অর্থ এসব বিজ্ঞাপনে খরচ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপনগুলো নিয়ে দুই দলের আইনপ্রণেতা ও নীতিশাস্ত্র বিশেষজ্ঞদের সমালোচনা রয়েছে। তারা সরকারি অর্থ রাজনৈতিক প্রচারে ব্যবহারের অভিযোগে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

একটি বিজ্ঞাপনে ট্রাম্পকে বলতে দেখা যায়, ‘আমেরিকা কখনো কমিউনিস্ট দেশ হবে না।’ এরপর কোরাসে ‘লাভ মি’ শব্দটি শোনা যায়। আরেকটি বিজ্ঞাপনে মাউন্ট রাশমোরের ছবি দেখানোর পাশাপাশি ট্রাম্পকে আমেরিকার ‘স্বর্ণযুগ’ নিয়ে কথা বলতে দেখা যায়। বিজ্ঞাপনগুলোর শেষে বলা হয়, এগুলো যুক্তরাষ্ট্র সরকার অর্থায়ন করেছে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা গত মাসে অভিযোগ করেন, এসব বিজ্ঞাপনের জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ২ কোটি ডলার তহবিল স্থানান্তর করা হয়েছে।

তাদের দাবি, একটি বিজ্ঞাপন ২০২৪ সালের ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। এ ঘটনায় তারা স্বাধীন তদন্তের দাবি জানান।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা সোমবারও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তিনি সরকারি অর্থ ব্যবহারের ঘটনাকে ‘জনগণের অর্থের বিস্ময়কর অপব্যবহার’ এবং জনআস্থার লঙ্ঘন বলে মন্তব্য করেন।

তবে ট্রাম্প নিয়োগ করা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার গত সপ্তাহে বিজ্ঞাপনগুলোকে যথাযথ বলে মন্তব্য করেন। তিনি এসব নিয়ে তদন্তের একটি অনুরোধও নাকচ করেছেন।

এএম

যুক্তরাষ্ট্রের ৪০ জনের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের মামলা করল ট্রাম্প প্রশাসন

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরীক্ষা, কংগ্রেসের দিকে নজর ডেমোক্র্যাটদের

গাজায় ধ্বংসযজ্ঞের ভয়াবহতা তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি

এক দিনেই ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা

নতুন রণতরি নিয়ে ১০ হাজার মার্কিন সেনা, তীব্র হতে পারে ইরান যুদ্ধ

বিশ্বজুড়ে ডিজেলের সংকট তীব্র, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের এক মাস আগেই ভোট পড়ল ৭ লক্ষাধিক