হোম > বিশ্ব > আমেরিকা

হানি ট্র্যাপ: প্রেমের ফাঁদে ফেলে যেভাবে গোপন তথ্য হাতিয়ে নেয় বিদেশি গুপ্তচররা

আমার দেশ অনলাইন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং (ডানে)। ছবি: সংগৃহীত।

হানি ট্র্যাপ শব্দটি শুনলে অনেকের মনে জেমস বন্ডের সিনেমার দৃশ্য ভেসে উঠতে পারে। রহস্যময় সুন্দরী কোনো নারী প্রেমের অভিনয় করে একজন ব্যক্তির ঘনিষ্ঠ হন। পরে সেই সম্পর্ককে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। তবে এটি শুধু গোয়েন্দা কাহিনির বিষয় নয়। বাস্তবেও বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো এ কৌশল ব্যবহার করে আসছে। এতে ফাঁস হওয়া ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

এবার এমন পরিস্থিতির মুখে পড়েছেন বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। এক সপ্তাহের বিতর্ক ও অস্থিরতার পর বৃহস্পতিবার পদত্যাগ করেছেন হুয়াং। এই অস্থিরতার সূত্রপাত হয়েছিল এমন খবরের মাধ্যমে যে, তিনি এমন এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, যাকে মার্কিন কর্মকর্তারা চীনা সরকারের কাছে তথ্য পাচারকারী বলে সন্দেহ করছেন।

তবে ওই নারী কীভাবে বা কখন চীনা গোয়েন্দাদের হয়ে কাজ শুরু করেন এবং তার মাধ্যমে কোনো তথ্য ফাঁস হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। চীন অবশ্য তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘ভিত্তিহীন জল্পনা’ বলে প্রত্যাখ্যান করেছে।

জেনসেন হুয়াং এবং অ্যালিস হুয়াং ক্যালিফোর্নিয়ার সান মার্টিনের একটি অভিজাত গলফ রিসোর্টে ঘুরে বেড়াচ্ছেন। মার্কিন কর্মকর্তারা সন্দেহ করছেন যে অ্যালিস হুয়াং একজন চীনা গুপ্তচর হিসেবে কাজ করেছেন। ছবি: সংগৃহীত।

এই ঘটনা শুধু এনভিডিয়া কিংবা জেনসেন হুয়াংয়ের জন্যই নয়, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত আধিপত্য প্রতিষ্ঠায় দুই দেশের প্রতিযোগিতার মধ্যে ঘটনাটি নতুন করে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করতে পারে।

ব্যবসায়িক গোয়েন্দা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে কমিউনিস্ট পার্টির কথিত এজেন্টের সম্পর্ক গড়ে ওঠা তার বিচারবুদ্ধি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

তিনি আরো বলেন, হয়তো তিনি ওই নারীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ারই করেননি। কিন্তু এই ধরনের সম্পর্কের অস্তিত্ব থাকাটাই নিজেই একটি বড় সমস্যা।

অতীতেও বহু প্রভাবশালী ব্যক্তি এ ধরনের গোয়েন্দা ফাঁদে পড়েছেন। স্টোন ফিশের মতে, গুপ্তচরবৃত্তির অন্যতম পুরোনো কৌশল এই ‘হানি ট্র্যাপ’। বিশেষ করে চীন ও রাশিয়ার গোয়েন্দারা এখনো ব্যাপকভাবে এটি ব্যবহার করে।

যেভাবে পাতা হয় হানি ট্র্যাপ

এশিয়া ও ইউরোপে দায়িত্ব পালনকারী সাবেক সিআইএ কর্মকর্তা জন সাইফারের মতে, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে, যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। তবে কর্তৃত্ববাদী দেশগুলোর গোয়েন্দা সংস্থার পক্ষে যৌন সম্পর্ক কিংবা প্রেমের ফাঁদ ব্যবহার করে কাউকে নিয়োগ করা তুলনামূলক সহজ।

সাইফার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় থিংক ট্যাংক বা গবেষণা কেন্দ্র মাইকেল ভি. হেইডেন সেন্টার ফর ইন্টেলিজেন্স, পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি’-তে সিনিয়র ফেলো হিসেবে কর্মরত।

সাইফারের বলেন, চীন ও রাশিয়ার মতো দেশগুলো কাউকে গুপ্তচর হিসেবে নিয়োগ করতে চাপ, ভয়ভীতি ও নানা ধরনের প্রলোভন দেখাতে পারে। যেমন কাউকে বলা হতে পারে, গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা না করলে তাকে দেশে ফিরতে দেওয়া হবে না কিংবা পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না।

হানি ট্র্যাপে ফেলার কয়েক ধরনের পদ্ধতি রয়েছে।

একটি পদ্ধতিতে লক্ষ্য ব্যক্তিকে এমন কোনো পরিস্থিতিতে ফেলা হয়, যা পরে তার বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব। এরপর ব্ল্যাকমেইল বা হুমকি দিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা নীতিবিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক জেমসটাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিটার ম্যাটিস বলেন, কেউ যদি পতিতালয়ে যান কিংবা যৌনকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ান, তাহলে গোয়েন্দা সংস্থা সেই সুযোগ কাজে লাগাতে পারে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে নিজেদের হয়ে কাজ করতে বাধ্য করা হতে পারে।

সাইফারের মতে, আরেকটি পদ্ধতি সিনেমা ও গণমাধ্যমে বেশি দেখা গেলেও বাস্তবে তুলনামূলক কম ঘটে। এতে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রশিক্ষিত কোনো এজেন্ট সরাসরি লক্ষ্য ব্যক্তির কাছে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। শুরু থেকেই তার উদ্দেশ্য থাকে ব্যক্তিকে প্রলুব্ধ করে তথ্য সংগ্রহ করা।

সাবেক ইসরাইলি পারমাণবিক প্রযুক্তিবিদ মোরদেচাই ভানুনু ২০০৪ সালের ২১শে এপ্রিল দক্ষিণ ইসরাইলের আসকেলনে অবস্থিত শিকমা উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন। ছবি: সংগৃহীত।

এর একটি উদাহরণ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক নারী এজেন্ট। যুক্তরাষ্ট্রের পর্যটক ‘সিন্ডি’ পরিচয়ে তিনি ইসরাইলের সাবেক পারমাণবিক প্রযুক্তিবিদ মোর্দেখাই ভানুনুর ঘনিষ্ঠ হন। পরে তাকে অপহরণ করা হয়। ভানুনু এর আগে ইসরাইলের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছিলেন।

তবে বাস্তবে বেশি ঘটে ভিন্ন ধরনের ঘটনা। কোনো নারী বা পুরুষ স্বাভাবিকভাবেই এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যিনি কোনো গোয়েন্দা সংস্থার আগ্রহের কেন্দ্রে রয়েছেন। পরে ওই সংস্থা সম্পর্কটির বিষয়ে জানতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রলোভন কিংবা চাপের মাধ্যমে নিজেদের পক্ষে কাজে লাগায়।

গোপন প্রেম, প্রতারণা ও ভুয়া সন্তান

শীতল যুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ হিসেবে ব্যবহার করত। তাদের দায়িত্ব ছিল পশ্চিমা দেশের নারী কর্মকর্তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গোপন তথ্য সংগ্রহ করা।

সাবেক সিআইএ কর্মকর্তা সাইফার বলেন, ওই সময় রাশিয়াও নিয়মিত এ ধরনের কৌশল ব্যবহার করত। পশ্চিমা কূটনীতিক ও সাংবাদিকদের হোটেলকক্ষে নারী ও পুরুষ এজেন্ট পাঠানো হতো।

ফরাসি দূতাবাসের সাবেক কর্মচারী বের্নার্ড বুরসিকো (বামে) এবং চীনা অপেরা গায়িকা শি পেই পু (ডানে)। ছবি: সংগৃহীত।

এ ধরনের প্রতারণার সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটেছিল ১৯৬০-এর দশক থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত। বেইজিংয়ে নিযুক্ত ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকোকে এক পুরুষ পেকিং অপেরা শিল্পী নিজেকে নারী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তার নাম ছিল শি পেই পু, যিনি প্রায় দুই দশক ধরে এই প্রতারণা চালিয়ে যান। এমনকি তিনি দাবি করেন যে, বুরসিকোর ঔরসে তার একটি সন্তান হয়েছে। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর নথিপত্র অনুযায়ী, আসলে সেই শিশুটি ছিল চীনের উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের; চরম দারিদ্র্যের কারণে তার মা তাকে বিক্রি করে দিয়েছিলেন।

একপর্যায়ে চীনা গোয়েন্দারা বুরসিকোর সঙ্গে যোগাযোগ করে জানান, শির সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে হলে তাকে ফরাসি দূতাবাসের তথ্য সরবরাহ করতে হবে। শির নিরাপত্তার কথা ভেবে বুরসিকো তাতে রাজি হন। এরপর কয়েক বছর ধরে তিনি দূতাবাসের গোপন নথি সরবরাহ করেন।

পরে বুরসিকো শি ও শিশুটিকে ফ্রান্সে নিয়ে যেতে সক্ষম হন। সেখানে তাদের গ্রেপ্তার করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়। পরে অবশ্য তাদের ক্ষমা করা হয়। এ সময় শির প্রকৃত লিঙ্গপরিচয় প্রকাশ পেলে বুরসিকো মারাত্মকভাবে মানসিক আঘাত পান।

২০০৩ সালের ৮ই জুলাই লস অ্যাঞ্জেলেস ফেডারেল কোর্টহাউসে একটি শুনানির পর গণমাধ্যমের সাথে কথা বলছেন ক্যাটরিনা লিউং (মাঝে) । ছবি: সংগৃহীত।

২০০০-এর দশকের শুরুর দিকে আরেকটি আলোচিত ঘটনা ঘটেছিল একজন চীনা-আমেরিকান নারীকে কেন্দ্র করে, যাকে এফবিআই চীনের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করত। বাস্তবে তিনি ছিলেন একজন দ্বৈত গুপ্তচর; তিনি বেইজিংকে গোপন তথ্য সরবরাহ করতেন। একই সময়ে তিনি এফবিআই-এর দুজন এজেন্টের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, যার মধ্যে তার দীর্ঘদিনের তত্ত্বাবধায়ক (হ্যান্ডলার) এজেন্টও ছিলেন।

২০০৩ সালে ওই নারী ও তার এফবিআই কর্মকর্তা সহযোগী গ্রেপ্তার হন। পরে সমঝোতার ভিত্তিতে ওই নারীকে সর্বোচ্চ তিন মাস কারাগারে থাকতে হয়েছিল।

সাইফারের মতে, চীনা গোয়েন্দারা বিভিন্ন দেশের নাগরিকদেরই লক্ষ্যবস্তু বানান। অস্ট্রেলিয়া, ভিয়েতনাম কিংবা সিঙ্গাপুর—কোনো দেশই এ ক্ষেত্রে বাদ পড়ে না। চীনা কমিউনিস্ট পার্টি যে বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হয়।

স্টোন ফিশের ধারণা, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকেরাও একই ধরনের কৌশলের লক্ষ্য হতে পারেন। এমনকি চীনের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে তথ্য পেতেও এ ধরনের কৌশল ব্যবহার করতে পারে।

অন্যদিকে, চীনও নিজ দেশের নাগরিকদের বিদেশি গোয়েন্দাদের ফাঁদ সম্পর্কে সতর্ক করেছে। ২০২৪ সালে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, অনলাইন প্রেম ও ডেটিংয়ের মাধ্যমে বিদেশি গোয়েন্দারা চীনা নাগরিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ঘটনা শনাক্ত করেছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছিল, পরিচয় গোপন করে এবং পরিকল্পিতভাবে আকস্মিক পরিচয়ের পরিবেশ তৈরি করে বিদেশি গোয়েন্দারা চীনের নাগরিকদের আস্থা অর্জন ও নিয়োগের চেষ্টা করছে। এর উদ্দেশ্য হলো চীনের ভেতরে থাকা ব্যক্তিদের প্রভাবিত করে নিজেদের দলে ভেড়ানো, রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করা এবং চীনের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা।

এনভিডিয়ার ঘটনায় আসল ঝুঁকিটা কী

সাইফারের ধারণা, হানি ট্র্যাপের সফল হওয়ার হার প্রায় ১০ শতাংশ। তবে গুপ্তচরবৃত্তির জগতে, গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা হাতেগোনা কয়েকজন ব্যক্তিকে কব্জা করতে পারলেই যথেষ্ট।

তিনি বলেন, এক হাজার চেষ্টার মধ্যে একটি সফল হলেও সেটি বড় অর্জন হতে পারে, যদি লক্ষ্য ব্যক্তি গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাওয়ার সুযোগ রাখেন। বর্তমান ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত পরিস্থিতিতে এ ধরনের তথ্যের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বিশ্বের অন্যতম কৌশলগত প্রযুক্তি।

পিটার ম্যাটিস বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে এআই খাতের প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হতে পারেন।

স্টোন ফিশের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার জটিল সম্পর্ক ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে; যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান উত্তেজনাও এনভিডিয়াকে ঘিরে ঘটনাটিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। ফিশের মতে, হুয়াংকে লক্ষ্যবস্তু করার অভিযোগ যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি গুপ্তচরবৃত্তির একটি বড় উদাহরণ। অন্যদিকে, চীনও আশঙ্কা করতে পারে, এআই খাতের প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়া বেইজিংয়ের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে।

তবে দিনশেষে, স্টোন ফিশ ও ম্যাটিসের মতো বিশেষজ্ঞরা মনে করেন যে, আমরা সবাই মানুষ। আমাদের সবারই এমন কিছু সম্পর্ক থাকে—তা রোমান্টিক, বন্ধুত্বপূর্ণ, পেশাগত বা অন্য যেকোনো ধরনের—যা অপব্যবহার করা হতে পারে। লক্ষ্যবস্তু হওয়া থেকে পুরোপুরি রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো সন্ন্যাসীর মতো বিচ্ছিন্ন জীবনযাপন করা।

তাই এ ধরনের ঝুঁকি পুরোপুরি এড়ানোর নিশ্চিত উপায় নেই। তবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক থাকতে হবে এবং অপরিচিত বা সন্দেহজনক সম্পর্কের ক্ষেত্রে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।

ম্যাটিসের ভাষায়, ‘আপনি লক্ষ্যবস্তু হতে পারেন। বোকামি করবেন না। আর সব সময় প্রশ্ন করতে ভুলবেন না।’

সূত্র: সিএনএন

এমএমআর

যুক্তরাষ্ট্রে অভিবাসী বহিষ্কারে অতীতের সব রেকর্ড ভাঙল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ নাৎসি জার্মানির পর্যায়ে পৌঁছেছে: ট্রাম্প

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার দৌড়ে ইসরাইলের সমালোচক ক্রিস

ক্ষমতা ছাড়ার আগেই কিউবায় সরকার উৎখাতের হুমকি ট্রাম্পের

ইরানের বর্তমান সরকার টিকে থাকলে তা হবে আমার পরাজয়: ট্রাম্প

কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন ট্রাম্প জুনিয়র

পরকীয়া কেলেঙ্কারি ও নিরাপত্তা উদ্বেগে এনভিডিয়ার সিইওর পদত্যাগ

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত ১৯

বিশ্বব্যাপী মার্কিন সামরিক হস্তক্ষেপের ২৫ বছর

‘সন্ত্রাসী’ অপবাদ থেকেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাবিলার বিস্ময়কর উত্থান