যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টায় (জিএমটি ১১টা) নিউইয়র্ক, কানেকটিকাট, নিউ জার্সি ও ভার্জিনিয়ার পাশাপাশি ইন্ডিয়ানা ও কেনটাকির কয়েকটি এলাকায় ভোটগ্রহণ শুরু হয়। দেশটির অন্যান্য অঙ্গরাজ্যেও স্থানীয় সময় অনুযায়ী পর্যায়ক্রমে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
আগাম ভোট দিয়েছেন প্রায় ৫ কোটি ৮৭ লাখ মানুষ
এবারের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের সংখ্যা উল্লেখযোগ্য রেকর্ড গড়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ২১ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৫ কোটি ৮৭ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন।
তাদের মধ্যে ৩ কোটি ১৯ লাখ ভোটার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে, ডাকযোগে ভোট দিয়েছেন ২ কোটি ৬৮ লাখ মানুষ।
২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছিলেন প্রায় ৪ কোটি ৬০ লাখ ভোটার। সেই তুলনায় এবার আগাম ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এবারের আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে দেওয়া মোট ১২ কোটি ২০ লাখ ভোটের অর্ধেকেরও বেশি।
দলীয় পরিচয়ের তথ্য সংরক্ষণ করে এমন অঙ্গরাজ্যগুলোর হিসাবে, আগাম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ১ কোটি ২৫ লাখ নিবন্ধিত ডেমোক্র্যাট এবং প্রায় ৯০ লাখ নিবন্ধিত রিপাবলিকান রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া দেশটির অধিকাংশ অঙ্গরাজ্যে নির্ধারিত নির্বাচনের দিনের আগেই সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাও চালু রয়েছে।