ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলেও নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নির্বাহী ক্ষমতা ব্যাপক প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ডেমোক্র্যাটদের আনা যেকোনো আইনে ভেটো দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে পারে এমন আশঙ্কার মধ্যে সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে—সেটি হলো ভেটো।’ এ ক্ষেত্রে নিজেকে ‘মিস্টার ভেটো’ বলতেও আপত্তি নেই তার।
ট্রাম্পের দাবি, সম্প্রতি সুপ্রিম কোর্টের কয়েকটি সিদ্ধান্ত প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা আরো বাড়িয়েছে। বিশেষ করে ট্রাম্প বনাম স্লটার মামলার রায় তাকে বিভিন্ন ফেডারেল সংস্থা, বোর্ড ও কমিশনের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। তার ভাষায়, ‘স্লটার মামলায় আমরা জিতেছি। এ রায় প্রেসিডেন্টকে এমন ব্যাপক ক্ষমতা দিয়েছে, যা আগে কখনো ছিল না।’
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে নতুন নির্বাহী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে। এসব আলোচনায় ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও বাজেট দপ্তরের পরিচালক রাসেল ভট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ট্রাম্পের ধারণা, শুরুতে ডেমোক্র্যাটরা তার সঙ্গে বিরোধিতায় গেলেও কয়েক মাস ভেটোর মুখে পড়ে শেষ পর্যন্ত সমঝোতায় আসতে বাধ্য হবে। তিনি বলেন, ‘ইতিহাস বলে, কয়েক মাস ভেটো দেওয়ার পর তারাই এসে বলবে—আমাদের একটি সমঝোতায় পৌঁছাতে হবে।’
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। নির্বাচনের আগে দেশজুড়ে তার ২৯ দিনের প্রচারাভিযান ও ৩৩টি সমাবেশ দলটির পক্ষে জনসমর্থন বাড়িয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা সংস্কার, হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ এবং ২৫০ ফুট উচ্চতার বিজয়তোরণ নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন ট্রাম্প। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে এখনো উপদেষ্টাদের সঙ্গে আলোচনা শুরু করেননি বলে জানান তিনি।