হোম > বিশ্ব > আমেরিকা

ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, কবে পুরোপুরি স্বাভাবিক হবে

এক্সপ্লেইনার

আলজাজিরা

বিমান চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পর যাত্রীরা টার্মিনালে অপেক্ষা করছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে উড্ডয়নরত নয়, বরং বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার ফ্লাইটের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার টেলিযোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। গত ২৫ বছরের মধ্যে এটিই ছিল যুক্তরাষ্ট্রে সবচেয়ে দীর্ঘ সময়ের গ্রাউন্ড স্টপ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব উড্ডয়ন বন্ধ রাখার এমন ঘটনা এ নিয়ে দ্বিতীয়বার ঘটল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। জননিরাপত্তার জন্যও কোনো হুমকি তৈরি হয়নি। তবে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রযুক্তিগত সমস্যা সমাধান হলেও বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো কয়েক দিন সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, ‘সবাই নিরাপদে আছেন।’ তিনি বলেন, এটি ‘আরেকটি ৯/১১’ নয়। এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতার সন্দেহও নেই।

ঘটনাটি কীভাবে ঘটল, কেন দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ করতে হলো এবং পরিস্থিতি কখন স্বাভাবিক হবে—এসব প্রশ্নের উত্তর নিয়ে আলজাজিরার প্রতিবেদন অবলম্বনে বিস্তারিত।

কী ঘটেছিল

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা ৫৪ মিনিট) দেশজুড়ে গ্রাউন্ড স্টপের নির্দেশ দেয় এফএএ। বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার টেলিযোগাযোগে ত্রুটি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির বিভিন্ন অঞ্চলের মধ্যে চলাচলকারী বিমানগুলোর গতিপথ নিয়ন্ত্রণ করে এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টার। এসব কেন্দ্রের সঙ্গে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়।

পরে এফএএ জানায়, দেশজুড়ে জারি করা গ্রাউন্ড স্টপ তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ১৫ মিনিট) আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। এর আগে চার ঘণ্টার বেশি সময় ধরে বিমান চলাচলে বিঘ্ন ঘটে।

তবে আকাশসীমা খুলে দেওয়া হলেও সঙ্গে সঙ্গে সব ফ্লাইট চলাচল শুরু হয়নি। শন ডাফি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তিনি যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর নির্ভর করে ফ্লাইট চলাচল শুরু হবে। শুক্রবার রাতেই যত বেশি সম্ভব ফ্লাইট চালুর চেষ্টা করছে কর্তৃপক্ষ।

বিমান চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাবে, শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটার পরও যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে প্রায় ১১ হাজার ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। এসব ফ্লাইটে যাত্রী ছিলেন ১৫ লাখের বেশি।

সিরিয়ামের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের মধ্যে অন্তত ৮২৭টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়। এর মধ্যে ৬৭০টি ফ্লাইট যাত্রা শুরুর বিমানবন্দরে ফিরে যায়। বাকি ১৫৭টি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়।

তবে গ্রাউন্ড স্টপ চলাকালে আকাশে থাকা বিমানগুলোকে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞার মধ্যেও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতিটি পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করা হয়। কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।

কত ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়। বিলম্বিত হয় ১০ হাজার ফ্লাইট। এ ছাড়া শনিবারের জন্য নির্ধারিত আরও প্রায় ৭০০টি ফ্লাইট আগেই বাতিল করা হয়েছিল।

বিমান চলাচল বিশ্লেষকদের আশঙ্কা, ফ্লাইটের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক করতে কয়েক দিন লেগে যেতে পারে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আল-জাজিরার সাংবাদিক জন হেনড্রেন এ ঘটনায় ভোগান্তিতে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের একজন নিকোলাস এরদোদি। নিউজিল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আসা এই যাত্রীর গন্তব্য ছিল শিকাগো। সেখানে একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

এরদোদি জানান, ১৬ থেকে ১৮ ঘণ্টা ভ্রমণের পর তাঁকে আরও ছয় ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। একপর্যায়ে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

আল-জাজিরাকে তিনি বলেন, ‘এখানে কাউকে জিজ্ঞাসা করে কী করতে হবে, তা জানারও সুযোগ নেই।’

তিনি বলেন, ‘কী ঘটছে, সে বিষয়ে তথ্যের অভাবই আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করছে। এর সঙ্গে রাত কাটানোর জন্য হোটেল খোঁজা এবং অতিরিক্ত খরচের বিষয় তো আছেই।’

এরদোদি জানান, তাঁর ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেটি আদৌ ছেড়ে যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তিনি বলেন, ‘আমি প্রযুক্তি খাতে কাজ করি। কী ধরনের সমস্যা হতে পারে, তা বুঝি। কিন্তু যাত্রীদের কাউকে না কাউকে বিষয়টি জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি বলেন যে তাঁরা জানেন না কী ঘটছে, তাতেও সমস্যা নেই। কিন্তু কী হচ্ছে, অন্তত আমাদের তা জানানো উচিত।’

দেশজুড়ে গ্রাউন্ড স্টপ বলতে কী বোঝায়

গ্রাউন্ড স্টপ হলো এমন একটি সাময়িক নির্দেশ, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা বিমানগুলোকে মাটিতে থাকতে বলা হয়। কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া পর্যন্ত সেগুলো উড্ডয়ন করতে পারে না।

তবে নির্দেশ জারির আগে যেসব বিমান আকাশে ছিল, সেগুলো সাধারণত গন্তব্যের উদ্দেশে যাত্রা চালিয়ে যেতে পারে। নতুন করে কোনো বিমানকে আকাশে প্রবেশ করতে দেওয়া হয় না।

মূলত নিরাপত্তাজনিত সমস্যা মোকাবিলার সময় আকাশে নতুন বিমানের সংখ্যা বাড়তে না দেওয়াই এ ব্যবস্থার উদ্দেশ্য। এতে বিদ্যমান পরিস্থিতি সামাল দিতে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সময় পায়।

কেন ফ্লাইট চলাচল বন্ধ করতে হয়েছিল

এফএএ জানিয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার টেলিযোগাযোগে ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। শন ডাফির ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে কয়েকটি সুইচ ও রাউটার অকার্যকর হয়ে পড়ে। এতে যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটে।

তবে পুরো যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ার বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্তৃপক্ষের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা টনি স্ট্যানটন আল-জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের সরকারি একটি প্রতিবেদনে সাম্প্রতিক এই বিপর্যয়ের আগেই দেশটির বিমান চলাচল অবকাঠামোর দুর্বলতার কথা তুলে ধরা হয়েছিল।

গত সেপ্টেম্বরে প্রকাশিত সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় ১৯৬০-এর দশকের পুরোনো তামার তার ব্যবহার করা হচ্ছে। অবকাঠামো আধুনিকায়নে দেরি হলে ভবিষ্যতে আরও বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, এফএএ ব্যবস্থাটির আধুনিকায়নে কাজ করলেও দ্রুত পরিবর্তন আনার তাগিদে প্রয়োজনীয় পরিকল্পনা ও সময়সূচি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। ফলে অনেক সময় একাধিক সুইচ একই সময়ে পরিবর্তন করা হচ্ছে। এতে ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

শুক্রবার কর্মকর্তারাও স্বীকার করেন, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করতে গিয়ে পুরোনো অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এর ফলে যোগাযোগ ও রাডার ব্যবস্থায় বিরতিমূলক বিঘ্ন দেখা দেয়।

কোথায় সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল

বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ এবং এয়ারসেফ ডটকমের প্রধান নির্বাহী টড কার্টিস আল-জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতেই মূলত সমস্যা দেখা দিয়েছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের ২১টি নিয়ন্ত্রণকেন্দ্র রয়েছে। এর একটি আলাস্কায় এবং বাকি ২০টি দেশটির মূল ভূখণ্ডের ৪৮টি অঙ্গরাজ্যে অবস্থিত।

কার্টিসের ভাষ্য অনুযায়ী, এসব কেন্দ্র দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া বিমানগুলোর চলাচল নিয়ন্ত্রণ করে। এ ক্ষেত্রে এক নিয়ন্ত্রকের কাছ থেকে অন্য নিয়ন্ত্রকের কাছে একাধিকবার দায়িত্ব হস্তান্তর করতে হয়।

শন ডাফি বিস্তারিত তথ্য দেওয়ার আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিমান চলাচল আইনের অধ্যাপক রন বার্টশ ব্যাকআপ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি আল-জাজিরাকে বলেন, ‘বিমান চলাচলব্যবস্থার পুরো কাঠামোই একাধিক বিকল্প ব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই বিকল্প ব্যবস্থাটি সঙ্গে সঙ্গে কার্যকর না হওয়ায় আরও অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এখন পর্যন্ত সেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের সঙ্গে কোনো সাইবার হামলার সম্পর্ক নেই। জনসাধারণও কখনো বিপদের মধ্যে ছিল না।

অন্যদিকে পরিবহনমন্ত্রী শন ডাফি স্বীকার করেন, এ ঘটনায় কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। এ ধরনের বিপর্যয় ঠেকাতে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানান তিনি।

কখন স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল

মার্কওয়েন মুলিন জানান, গ্রাউন্ড স্টপের নির্দেশের পর প্রায় ৩ হাজার বিমান নিরাপদে অবতরণ করেছে।

তবে পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, ফ্লাইট চলাচল আগের সক্ষমতায় ফিরতে কিছুটা সময় লাগবে। তাঁর আশা, আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হতে যাওয়া থ্যাংকসগিভিংয়ের ব্যস্ত ভ্রমণ মৌসুমের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উপলক্ষে ছুটির সময় প্রতিবছরই বিমান ভ্রমণের চাপ অনেক বেড়ে যায়। এ কারণে ওই সময়ের আগেই বিমান চলাচল স্বাভাবিক করা কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ।

বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ টড কার্টিসও সতর্ক করেছেন, প্রযুক্তিগত সমস্যা পুরোপুরি সমাধান হলেও যাত্রীদের ভোগান্তি দ্রুত শেষ হবে না।

তিনি বলেন, ‘সমস্যার পুরোপুরি সমাধান হলেও বিমানগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করে সবকিছু স্বাভাবিক করতে এক দিনের বেশি সময় লাগবে।’

কার্টিস ব্যাখ্যা করেন, অনেক বিমান সংস্থা পরস্পর সংযুক্ত নেটওয়ার্কের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করে। ফলে যাত্রীদের এক গন্তব্যে পৌঁছাতে মাঝপথে বড় কোনো বিমানবন্দরে বিমান পরিবর্তন করতে হয়।

এ পরিস্থিতিতে যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে বিমান সংস্থাগুলোকে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। এতে আরও ভোগান্তি তৈরি হতে পারে।

তাই যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, গ্রাউন্ড স্টপ তুলে নেওয়ার পরও ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটতে পারে।

আবারও কি এমন বিপর্যয় ঘটতে পারে

বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় এখনো বড় ধরনের ত্রুটির ঝুঁকি রয়েছে। ফলে ভবিষ্যতেও এমন বিপর্যয় ঘটতে পারে।

পরিবহনমন্ত্রী শন ডাফি দেশটির অবকাঠামোর দুর্বলতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের সুইচ ও রাউটারগুলো পুরোনো। এখনো ১৯৮০-এর দশকের তামার তার ব্যবহার করা হচ্ছে। পুরো ব্যবস্থাটিই পুরোনো। অতিরিক্ত তথ্যের চাপে এটি অকার্যকর হয়ে পড়ে এবং একই সমস্যা সর্বত্র ছড়িয়ে পড়ে।’

বিমান চলাচল বিশেষজ্ঞ টনি স্ট্যানটন প্রশ্ন তুলেছেন, ঝুঁকি সম্পর্কে আগে থেকেই সতর্ক করা হলেও কর্মকর্তারা কেন এমন বিপর্যয়ের আশঙ্কা করেননি বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমার কাছে বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। কারণ, মাত্র গত সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে ঠিক এই ঝুঁকির কথাই বলা হয়েছিল, যার মুখোমুখি আমরা এখন হয়েছি।’

স্ট্যানটনের মতে, ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে যাতে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় না ঘটে, সে জন্য এফএএর আরও কার্যকর বিকল্প পরিকল্পনা থাকা প্রয়োজন।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আগে থেকেই অনুমান করা সম্ভব। ঝুঁকিগুলো সম্পর্কে সতর্ক হওয়া যায়। এমন পরিকল্পনা থাকা উচিত, যাতে কোনো সমস্যা দেখা দিলেও পুরো ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় না ঘটে। অথচ এবার আমরা এর বিপরীত চিত্র দেখেছি।’

এএম

যুক্তরাষ্ট্রে হামে মৃতের সংখ্যা বেড়ে ১০

সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ, সন্দেহের তালিকায় এআই

যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

হানি ট্র্যাপ: প্রেমের ফাঁদে ফেলে যেভাবে গোপন তথ্য হাতিয়ে নেয় বিদেশি গুপ্তচররা

যুক্তরাষ্ট্রে অভিবাসী বহিষ্কারে অতীতের সব রেকর্ড ভাঙল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ নাৎসি জার্মানির পর্যায়ে পৌঁছেছে: ট্রাম্প