হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ওই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদল এবং ইরানের আঞ্চলিক মিত্রদের প্রতিও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
রোববার ফক্স নিউজকে দেওয়া প্রায় ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেব। তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে আমরা টোল আদায় করব।
এর আগে শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সামরিক নেতৃত্বের বরাত দিয়ে জানানো হয়, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের কর্মকাণ্ড এবং যুদ্ধ অবসানের প্রাথমিক সমঝোতার প্রথম ধাপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, পরিস্থিতি আরও জটিল হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান চালাতে পারে। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের উদ্দেশেও তিনি কড়া ভাষায় সতর্কবার্তা দেন।
ট্রাম্প বলেন, আপনারা যদি এটি (হরমুজ প্রণালি) বন্ধ করেন, তাহলে আপনাদের আর কোনো দেশই থাকবে না। তিনি আরও দাবি করেন, ইরানি কর্মকর্তাদের তিনি এ কথাও বলেছেন যে, তোমরা নিজেদের দেশেও ফিরতে পারবে না।
মার্কিন প্রেসিডেন্ট পুনরায় উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে ভূমিকা পালন করতে পারে এবং এ পথ দিয়ে পরিবাহিত তেলের ২০ শতাংশের ওপর নিয়ন্ত্রণ বা সুবিধা পাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধের আহ্বান জানান। তিনি লেখেন, ইরানকে অবিলম্বে তাদের অর্থায়নকৃত প্রক্সিদের লেবাননে অস্থিরতা সৃষ্টি করা বন্ধ করতে হবে। তারা যদি তা না করে, তাহলে গত সপ্তাহের তুলনায় আরও কঠোরভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাম্পের এসব মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: সিএনএন
এআরবি