ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি সময়ে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম এবং সে ক্ষেত্রে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চুক্তি না হলে অভিযান শুরু হবে—এটা প্রায় নিশ্চিত।’ বিশ্লেষকদের মতে, এটি মূলত কূটনৈতিক চাপ বাড়ানোর একটি অংশ।
প্রতিবেদন অনুযায়ী, ৮ এপ্রিল শুরু হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। এর আগে ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি, ফলে আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে।
তবে ট্রাম্প একই সঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি ‘ভালো ও কার্যকর’ চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, খারাপ কোনো চুক্তির জন্য তাড়াহুড়ো করা হবে না, প্রয়োজনে আরও সময় নেওয়া হতে পারে।
বিশ্লেষকদের ধারণা, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানির বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে।
এসআর