হোম > বিশ্ব > আমেরিকা

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কায় মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি

আমার দেশ অনলাইন

বিয়ের মাধ্যমে সংসার গড়া, অধিক সন্তান নেওয়া এবং তাদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট। তার এই পোস্ট সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

গত ১৯ নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় নিয়ে বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

পোস্টটির সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট। সেখানে বলা হয়েছিল, এক গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

লেভিটের বার্তায় বিয়ে, পরিবার ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্তানদের গির্জায় নিয়ে যাওয়া এবং তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে তার এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশ তার পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসের প্রতি গুরুত্বারোপের প্রশংসা করেছেন। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, জনসমক্ষে পরিচিত ব্যক্তিদের কি অন্যদের কোনো নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের জন্য উৎসাহিত করা উচিত?

অনেক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুর পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টিও সামনে এনেছেন। তাদের মতে, সন্তানদের ভবিষ্যৎ ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান সহজ—পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে দেশগুলো নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’

অন্য একজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুযত্নের ব্যবস্থা, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বেশি সন্তান নেওয়ার আহ্বান জানান। এরপর প্রশ্ন করেন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না!’

আরেক ব্যবহারকারীর মন্তব্য, ‘কারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই।’

লেভিটের পোস্ট ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। সমর্থকদের মতে, তার বক্তব্যে পরিবার, ধর্মীয় বিশ্বাস ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরা হয়েছে। অন্যদিকে সমালোচকদের যুক্তি, যুক্তরাষ্ট্রে সন্তান লালন-পালনের ক্রমবর্ধমান ব্যয় ও আর্থিক অনিশ্চয়তার বাস্তবতা বিবেচনায় না নিয়ে বেশি সন্তান নেওয়ার আহ্বান জানানো অনেক পরিবারের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে।

সূত্র: এনডিটিভি

আরএ

রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির

যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক অপরাধ আদালতকে অকার্যকর করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান ডেমোক্র্যাটদের

৫৪ বছরের মধ্যেই খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে যুক্তরাষ্ট্র

‘চীন নিয়ে নেবে’, বিদেশে ডেটা সেন্টার নির্মাণ না করতে হুঁশিয়ারি ট্রাম্পের

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার

ইসরাইলের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন প্রয়োগ করা প্রয়োজন: আল-সাইয়েদ

ইরানে নতুন হামলার সিদ্ধান্ত নিতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করবেন ট্রাম্প

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র