মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তার পোস্টে দ্রুত প্রবেশাধিকার দিতে ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিটের দুটি ট্রেডিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এ সেবার জন্য মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার নিচ্ছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। খবর রয়টার্সের।
চুক্তিবদ্ধ দুই প্রতিষ্ঠান হলো সুসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপ ও জাম্প ট্রেডিং। ‘ট্রুথ এপিআই’ নামের এ সেবার মাধ্যমে গ্রাহকেরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রায় ৫০ মিলিসেকেন্ড আগে ট্রাম্পের পোস্ট দেখতে পারেন। আর্থিক বাজারে তার বক্তব্যের প্রভাব থাকায় দ্রুত তথ্য পাওয়ার এ সুবিধা স্বয়ংক্রিয় লেনদেনে গুরুত্বপূর্ণ।
গত জুলাইয়ে সেবাটি চালুর ঘোষণা দেয় টিএমটিজি। আগস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ১০টির বেশি গ্রাহকের সঙ্গে চুক্তি হয়েছে। তবে রয়টার্স এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
প্রেসিডেন্টের বক্তব্যে অর্থের বিনিময়ে বিশেষ প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে নৈতিকতা ও আইনি প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও অ্যাডাম শিফ এ সেবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করছে কি না, তা তদন্তের জন্য এসইসিকে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া ইন্টারসেপ্ট মিডিয়া ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন সরকারি ঘোষণা একচেটিয়াভাবে ট্রুথ সোশ্যালে প্রকাশের বিরুদ্ধে ট্রাম্পের নামে মামলা করেছে। মামলাটিতে সরকারি তথ্য পাওয়ার ক্ষেত্রে আর্থিক বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে।
টিএমটিজিতে ট্রাম্পের পারিবারিক ট্রাস্টের ৪১ শতাংশ মালিকানা রয়েছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল দাবি করেছেন, ট্রাম্প বা তার পরিবারের কেউ সরাসরি বিনিয়োগ পোর্টফোলিও-সংক্রান্ত সিদ্ধান্ত নেন না। টিএমটিজি অবশ্য রয়টার্সের প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য ব্যবহারের অভিযোগ তুলেছে।
এদিকে, চলতি বছরে টিএমটিজির শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি কমেছে। ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় কোম্পানিটির বাজারমূল্য ছিল প্রায় ৮০০ কোটি ডলার, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় ১৮০ কোটি ডলারে।