যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিমদের অন্যতম বৃহৎ নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের তকমা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা। দায়িত্ব গ্রহণের পরই তিনি এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট দলের এই নেতা বলেন, বিদায়ী রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের জারি করা নির্বাহী আদেশ তিনি বাতিল করবেন। তার মতে, জননিরাপত্তার জন্য বরাদ্দ ক্ষমতা ও অর্থ প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করার কাজেই ব্যবহার করা উচিত।
হিনোজোসা বলেন, ‘জননিরাপত্তার ব্যবস্থা জননিরাপত্তার জন্যই ব্যবহার করতে হবে।’ অ্যাবটের নেওয়া পদক্ষেপকে তিনি জননিরাপত্তার নামে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন।
গত নভেম্বরে অ্যাবট সিএআইআর এবং মুসলিম ব্রাদারহুডকে টেক্সাসের আইনে বিদেশি সন্ত্রাসী ও আন্তদেশীয় অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করেন। ওই আদেশের ফলে সংগঠন দুটির টেক্সাসে জমি কেনা বা অধিগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি সংগঠনগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও দেওয়া হয় অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলকে।
অ্যাবটের ওই সিদ্ধান্তের পর সিএআইআরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সংগঠনটির বিরুদ্ধে মামলা করেন। এতে সিএআইআরের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী ও আন্তদেশীয় অপরাধী সংগঠন হিসেবে ঘোষণার আবেদন জানানো হয়। সিএআইআর অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এদিকে হিনোজোসার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। টেক্সাস ননপ্রফিট প্রোটেকশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক স্যাম রবেলস বলেন, অ্যাবট তার দপ্তরকে ব্যবহার করে মুসলিমবিদ্বেষ উসকে দিয়েছেন এবং নাগরিক অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোকে ভীত করার চেষ্টা করেছেন।
তিনি আরো বলেন, সিএআইআরকে রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা ছিল এমন একটি প্রচারণার অংশ, যার মাধ্যমে মুসলিমদের নাগরিক কর্মকাণ্ড ও অধিকার আদায়ের প্রচেষ্টাকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে।
টেক্সাসের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও এ ঘটনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে পরাজিত হয়েছেন তিন মেয়াদের গভর্নর গ্রেগ অ্যাবট। একই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া কেন প্যাক্সটনও সিনেট নির্বাচনে হেরে যান। ফলে অঙ্গরাজ্যটির প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে গভর্নর হিসেবে শপথ নেবেন হিনোজোসা।
এদিকে নির্বাচনের পর ১৬ নভেম্বর সিএআইআরকে নিষিদ্ধ করার লক্ষ্যে করা মামলাটিও প্রত্যাহার করেছে প্যাক্সটনের দপ্তর। তবে অ্যাবটের নির্বাহী আদেশ প্রত্যাহারের ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি। হিনোজোসা দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যেও একই ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে সিএআইআর। সেখানে আদালত সংগঠনটির সন্ত্রাসী তকমা প্রত্যাহারের জরুরি আবেদন নাকচ করার পর অঙ্গরাজ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে সংগঠনটি। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে সিএআইআর।
সিএআইআর যুক্তরাষ্ট্রের মুসলিমদের নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় কাজ করা অন্যতম বৃহৎ সংগঠন। কর্মক্ষেত্রে বৈষম্য, ধর্মীয় বিদ্বেষ, মসজিদে হামলা এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানির ঘটনায় সংগঠনটি আইনি ও সামাজিক সহায়তা দিয়ে থাকে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, মিডল ইস্ট আই, দ্য টেক্সাস ট্রিবিউন ও সিএআইআর