বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে বিশ্ববাজারে পণ্য সরবরাহের মাধ্যমে এসব দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত করছে—এমন অভিযোগ তুলে নতুন শুল্কের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জানিয়েছে, চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
এ তালিকায় সবচেয়ে বেশি শুল্কের মুখে পড়তে পারে চীন। বিশ্ববাজারে কম দামে অতিরিক্ত পণ্য রপ্তানির জন্য দেশটিকে সবচেয়ে বেশি দায়ী করছে ওয়াশিংটন। তবে কোন দেশের পণ্যে কত হারে শুল্ক বসবে, তা বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানোর কথা রয়েছে।
১৬টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে আট মাসের তদন্ত শেষে এ প্রস্তাব দিয়েছে ইউএসটিআর। তদন্তের আওতায় থাকা দেশগুলোর মধ্যে মেক্সিকো ও নরওয়েকে আপাতত নতুন শুল্কের তালিকায় রাখা হয়নি।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এসব দেশ বিভিন্ন নীতি, কর্মকাণ্ড ও চর্চার মাধ্যমে শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি ও বজায় রাখছে। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে ওয়াশিংটন।
ইউএসটিআরের ব্যাখ্যা অনুযায়ী, বাজারের চাহিদা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য না রেখে উৎপাদন সক্ষমতা বাড়ানোই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা। শিল্পনীতি, ভর্তুকি এবং বাজারভিত্তিক নয়—এমন অর্থনীতি থেকে আমদানি করা উপকরণ ব্যবহারের মাধ্যমেও এ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।