হোম > বিশ্ব > আমেরিকা

নির্বাচিত নতুন কংগ্রেস সদস্যরা শপথ নেবেন ৩ জানুয়ারি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নির্বাচিত নতুন কংগ্রেস সদস্যরা আগামী ৩ জানুয়ারি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিন দেশটির ১২০তম কংগ্রেসের কার্যক্রম শুরুর কথা রয়েছে। নতুন কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন এবং সদস্যদের শপথ গ্রহণ হবে।

মার্কিন প্রতিনিধি পরিষদের ক্লার্কের দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বিজোড় বছরের ৩ জানুয়ারি দুপুর ১২টায় নতুন কংগ্রেসের মেয়াদ শুরু হয়। তবে আইন করে ভিন্ন কোনো দিন নির্ধারণ করা হলে সেই তারিখ কার্যকর হবে।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। নির্বাচনের মাধ্যমে দুই কক্ষের নতুন সদস্যরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালনের ম্যান্ডেট পেয়েছেন।

প্রতিনিধি পরিষদের নতুন সদস্যদের শপথগ্রহণের আগে স্পিকার নির্বাচন করা হবে। এরপর স্পিকার নির্বাচিত ও শপথ নেওয়ার পর তিনি অন্য সদস্যদের শপথ পাঠ করাবেন। সিনেটেও নতুন ও পুনর্নির্বাচিত সদস্যরা নতুন কংগ্রেসের প্রথম দিনে শপথ নেবেন।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় নতুন কংগ্রেসের স্পিকার নির্বাচন ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস স্পিকার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে এ পদে দায়িত্ব পালন করবেন। এপি জানিয়েছে, নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর দিন ৩ জানুয়ারি স্পিকার পদে ভোট হওয়ার কথা রয়েছে।

নতুন সদস্যদের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিনিধি পরিষদের নবনির্বাচিত সদস্যদের জন্য ওয়াশিংটনে ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরিচিতিমূলক কর্মসূচি আয়োজনের কথা রয়েছে। এতে নতুন সদস্যরা কংগ্রেসের কার্যপ্রণালি, দাপ্তরিক দায়িত্ব ও অন্যান্য প্রশাসনিক বিষয় সম্পর্কে ধারণা পাবেন।

তবে এবার ৩ জানুয়ারি ২০২৭ পড়েছে রোববার। অতীতে এমন ক্ষেত্রে কখনো নির্ধারিত দিনেই কংগ্রেসের অধিবেশন শুরু হয়েছে, আবার কখনো পরবর্তী কর্মদিবসে শুরু হয়েছে। তাই আইন করে তারিখ পরিবর্তন করা হলে শপথের সময়সূচিও পিছিয়ে যেতে পারে।

আরবিতে বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, বললেন আলহামদুলিল্লাহ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আল-সাইয়েদ

জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

বিজয় দাবি করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন

ইতিহাস গড়ার পথে মুসলিম চিকিৎসক আল-সাইয়েদ

মিশিগানে নজির গড়লেন আল-সাইয়েদ, নিজেকে বিজয়ী দাবি

কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, এখন কী হবে ট্রাম্পের

১০০ বছর পর কানসাসে প্রথম ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়