যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাংবাদিক ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বন্ধু হিসেবে পরিচিত রড ড্রেহার মনে করেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যান্সের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। তবে সেই সম্ভাবনা দ্রুত কমে আসছে। খবর বিবিসির।
ড্রেহার জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে ভ্যান্স প্রকাশ্যে ভিন্ন অবস্থান নিলেও, এই যুদ্ধ যদি দ্রুত শেষ না হয়, তবে তা রিপাবলিকান পার্টির জন্য, এবং বিশেষ করে ভ্যান্সের জন্য পরিস্থিতি আরো খারাপের দিকে নিয়ে যাবে।
বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘ট্রাম্পকে ভোট দেওয়া মানুষদের সঙ্গে এই যুদ্ধ ছিল পুরোপুরি বিশ্বাসঘাতকতা। একই সঙ্গে এটি সাধারণ আমেরিকানদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।’
ড্রেহারের মতে, ইরান যুদ্ধে তেহরানের শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে এর ফলে ওয়াশিংটনের ক্ষমতাকাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে।
তিনি ঘটনাটিকে ‘ওয়াশিংটনের শাসনব্যবস্থার পতন’ হিসেবে অভিহিত করে বলেন, এটি ইতিহাসের এক অসাধারণ ঘটনা।
উল্লেখ্য, ভ্যান্স প্রকাশ্যে ইরান যুদ্ধের বিরোধিতা করে অবস্থান নিয়েছেন। তবে যুদ্ধের প্রভাব নিয়ে ড্রেহারের মন্তব্যে রিপাবলিকানদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং ভ্যান্সের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নটি সামনে এসেছে।
এমএমআর