ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভয়াবহ এই দুর্যোগে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এক্সে দেওয়া বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা ভেনেজুয়েলায় পাঠাচ্ছে।
ট্রাম্পের ঘোষণার জবাবে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই শোকাবহ সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি সমর্থন ও সংহতি জানানোর জন্য ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজি) জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয়টি গত ১২৫ বছরের মধ্যে ভেনেজুয়ায় রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ক্যারিবীয় অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।
এমএমআর