হোম > বিশ্ব > আমেরিকা

কেলেঙ্কারির মধ্যেই ট্রাম্পের ‘জাতীয় চ্যাম্পিয়ন’ তালিকায় এনভিডিয়া

আমার দেশ অনলাইন

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত এনভিডিয়া-এর সদর দপ্তরের বাইরে একটি সাইনবোর্ডের সামনে দিয়ে একজন পথচারী হেঁটে যাচ্ছেন। ছবি-গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজারে আরো শক্তিশালী করতে ‘জাতীয় চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তালিকায় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নামও রয়েছে। তবে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং চীনের সঙ্গে কথিত ব্যবসায়িক লেনদেন নিয়ে তদন্ত ও সমালোচনার মধ্যেই এ পরিকল্পনার খবর সামনে এসেছে।

এনভিডিয়াসহ দুই ডজনের বেশি মার্কিন এআই কোম্পানিকে ‘জাতীয় চ্যাম্পিয়ন’ হিসেবে মনোনীত করার পরিকল্পনা রয়েছে। তালিকায় অ্যামাজন, মাইক্রোসফট, ওপেনএআই ও অ্যানথ্রোপিকের নামও রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ ঘোষণা দিতে পারেন। তবে ঘোষণার সময় পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিদেশের বাজারে মার্কিন এআই প্রযুক্তির প্রসার

ট্রাম্প প্রশাসনের এ উদ্যোগের লক্ষ্য হলো, বিদেশি দেশ ও প্রতিষ্ঠানগুলোকে চীনের প্রযুক্তির পরিবর্তে মার্কিন এআই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা। এ জন্য চিপ, এআই মডেল, সফটওয়্যার ও সংশ্লিষ্ট অবকাঠামোসহ সমন্বিত প্রযুক্তি প্যাকেজ বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইয়ে ‘আমেরিকান এআই এক্সপোর্টস প্রোগ্রাম’ চালুর নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এতে মার্কিন প্রযুক্তির পূর্ণাঙ্গ প্যাকেজ বিদেশে রপ্তানির জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়।

এ ধরনের প্যাকেজে এআই হার্ডওয়্যার—যেমন চিপ, সার্ভার ও নেটওয়ার্কিং সরঞ্জাম—এর পাশাপাশি তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা, এআই মডেল, সাইবার নিরাপত্তা এবং প্রয়োজনীয় সফটওয়্যার ও টুলস অন্তর্ভুক্ত থাকার কথা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ওয়েবসাইটে এ কর্মসূচিতে অংশগ্রহণের সম্ভাব্য সুবিধা হিসেবে রপ্তানি লাইসেন্সের আবেদন দ্রুত নিষ্পত্তি, বিদেশে প্রকল্প বাস্তবায়নে মার্কিন সরকারের সহায়তা এবং কেন্দ্রীয় সরকারের অর্থায়ন পাওয়ার সুযোগের কথা উল্লেখ রয়েছে।

বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগে শিল্পপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বাধীন বিভিন্ন জোট থেকে মোট ৭৮টি আবেদন জমা পড়ে। তবে দুই ডজনের বেশি কোম্পানিকে ‘জাতীয় চ্যাম্পিয়ন’ হিসেবে মনোনয়নের খবরের সঙ্গে ওই ৭৮টি আবেদনের সম্পর্ক কী, তা এখনো স্পষ্ট নয়।

এনভিডিয়াকে ঘিরে বাড়ছে চাপ

এনভিডিয়াকে সম্ভাব্য তালিকায় রাখার খবর এমন সময়ে এল, যখন প্রতিষ্ঠানটি একাধিক বিতর্কের মুখে রয়েছে। গত সপ্তাহে পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। তার বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ ওঠে। এর মধ্যে এমন এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে, যার চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহ করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

এ ছাড়া এনভিডিয়ার উন্নতমানের চিপ চীনে পৌঁছানোর বিষয়ে মার্কিন রপ্তানি বিধি লঙ্ঘনের আশঙ্কা নিয়েও প্রশ্ন উঠেছে।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে প্রতিষ্ঠানটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি নতুন প্রধান নির্বাহী হিসেবে প্রতিষ্ঠানের বাইরের কাউকে নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন।

বেসেন্ট আরো বলেন, এনভিডিয়া জেনেশুনে তাদের উন্নত চিপ চীনে সরিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে কি না, সে বিষয়ে ১০ দিনের মধ্যে জবাব দিতে হবে। সিঙ্গাপুরে বিক্রি হওয়া চিপের বড় অংশ সেখানেই থাকেনি—এমন তথ্যের উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তবে এনভিডিয়াকে ‘জাতীয় চ্যাম্পিয়ন’ হিসেবে মনোনীত করার পরিকল্পনায় এসব অভিযোগ ও উদ্বেগ কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

সূত্র: রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল ও ফোর্বস

স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন

বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয় ঘিরে নতুন বিরোধের শঙ্কা যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক মঞ্চে নিজের কর্তৃত্ব ফেরাতে চান ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার জয়ে আশাবাদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি