যুক্তরাষ্ট্রের সিনেটে মোট আসন ১০০টি। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটি থেকে দুজন করে সিনেটর নির্বাচিত হন। কিন্তু এ বছরের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের মাত্র ৩৫টি আসনে ভোট হচ্ছে। প্রশ্ন হলো, ১০০টি আসনের মধ্যে বাকি আসনগুলোতে নির্বাচন হচ্ছে না কেন?
এর কারণ, যুক্তরাষ্ট্রের সিনেটরদের মেয়াদ ছয় বছর। তবে সব সিনেটরের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হয় না। প্রতি দুই বছর পরপর সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। ফলে একেক নির্বাচনে কিছু আসনে নতুন করে ভোট হলেও অন্য সিনেটররা তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো সিনেটে ধারাবাহিকতা বজায় রাখা। একবারে সব আসনে নির্বাচন হলে পুরো সিনেটের সদস্যপদ বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো। পর্যায়ক্রমে নির্বাচন হওয়ায় সেই পরিস্থিতি এড়ানো যায়। একই সঙ্গে অভিজ্ঞ সিনেটরদের মাধ্যমে আইনসভায় কাজের ধারাবাহিকতাও বজায় থাকে।
যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার শুরুর দিক থেকেই এই নিয়ম চালু রয়েছে। ১৭৮৭ সালের সংবিধান প্রণয়ন সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় সিনেটরদের আজীবন দায়িত্বে রাখার প্রস্তাবও উঠেছিল। তবে শেষ পর্যন্ত ছয় বছর মেয়াদ এবং প্রতি দুই বছর পরপর এক-তৃতীয়াংশ আসনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়।