হোম > বিশ্ব > আমেরিকা

আদালতের আদেশ উপেক্ষা করে বিশাল পরিমাণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

আলজাজিরা

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে মজুত থাকা সাড়ে চার টন সীসা অ্যাজাইড বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার পরিকল্পনা করেছে দেশটির সেনাবাহিনী। তবে এ উদ্যোগে বাধা দিয়েছেন একটি ফেডারেল আপিল আদালত। আদালত বিস্ফোরণের অনুমতিপত্র স্থগিত করলেও সেনাবাহিনী জরুরি ক্ষমতার আওতায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আইওয়া অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ গত সপ্তাহান্তে প্রকাশিত এক তথ্যপত্রে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দুটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এর আগে জানিয়েছিল, পরিকল্পিত বিস্ফোরণ ঘটানোর জন্য মঙ্গলবারই শেষ সময়সীমা।

সীসা অ্যাজাইড সামরিক গোলাবারুদে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ বিস্ফোরক উপাদান। আইওয়ার সামরিক ঘাঁটিতে মজুত থাকা এই বিস্ফোরক অস্থিতিশীল হয়ে পড়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আইনজীবীদের আশঙ্কা, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে এটি নিয়ন্ত্রণহীনভাবে বিস্ফোরিত হতে পারে।

আদালতে দেওয়া এক আবেদনে বিচার বিভাগের আইনজীবীরা বলেন, ‘প্রকৃতপক্ষে এখানে বিকল্প দুটি হলো—বিস্ফোরণ ঘটানো কিংবা না ঘটানো নয়। বরং একটি পরিকল্পিত ও ঝুঁকি নিয়ন্ত্রিত বিস্ফোরণ এবং অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীন বিস্ফোরণের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।’

তবে আদালতের স্থগিতাদেশের পরও সেনাবাহিনীর বিস্ফোরণ ঘটানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদী সংগঠন ও আইনজীবীরা। মামলার বাদীপক্ষের প্রতিনিধিত্বকারী আইনি সংগঠন আর্থজাস্টিসের আইনজীবী থিয়েন চাউ বলেন, যেকোনো সময় যেকোনো ব্যক্তি জরুরি পরিস্থিতির দাবি তুলে নিজের ইচ্ছামতো কাজ করতে পারেন না। মানুষের এ ধরনের পদক্ষেপ মেনে নেওয়া উচিত নয়।

আলজাজিরাকে চাউ বলেন, বিস্ফোরণের ঝুঁকি কমাতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্ফোরণের ফলে বাতাসে সীসার বিষাক্ত কণা ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, সীসার সংস্পর্শে আসার কোনো নিরাপদ মাত্রা নেই। এই ভারী ধাতুর প্রভাবে জন্মগত ত্রুটি, মস্তিষ্কের ক্ষতি ও বন্ধ্যত্বের মতো সমস্যা দেখা দিতে পারে।

চাউ বলেন, ‘কেউ যদি শোনেন, সেনাবাহিনী প্রায় ১০ হাজার পাউন্ড (সাড়ে চার হাজার কেজি) এই রাসায়নিক বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার পরিকল্পনা করছে, তাহলে তিনি বুঝবেন, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি অত্যন্ত অস্বাভাবিক ও গুরুতর বিষয়। একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

বিস্ফোরণ নিয়ে শেষ মুহূর্তের আইনি লড়াই

বিস্ফোরণের পরিকল্পনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সরকার ও পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে আইনি লড়াই চলছে। এ লড়াইয়ে রয়েছে সিয়েরা ক্লাব ও আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিলসহ কয়েকটি সংগঠন।

গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জরুরি অনুমতিপত্র দিয়ে সেনাবাহিনীকে বিস্ফোরণ ঘটানোর অনুমতি দেয়। প্রাথমিকভাবে ২০ নভেম্বর এ অভিযান চালানোর পরিকল্পনা ছিল। তবে পরিবেশবাদী সংগঠনগুলো ওই অনুমতিপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।

মামলার বাদীপক্ষের অভিযোগ, আশপাশের বাসিন্দাদের মাত্র এক সপ্তাহ আগে বিস্ফোরণের বিষয়ে জানানো হয়েছে। বিস্ফোরণের ফলে সীসার ধুলা প্রায় ১৬০ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এ ছাড়া সীসা ধ্বংসের জন্য আরও নিরাপদ বিকল্প পদ্ধতি যথাযথভাবে পর্যালোচনা করেনি ইপিএ।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অষ্টম সার্কিট আপিল আদালত বিস্ফোরণ কার্যক্রম স্থগিত করেন। কিন্তু শনিবার আদালতে দেওয়া আবেদনে বিচার বিভাগ জানায়, জরুরি অব্যাহতির আওতায় সেনাবাহিনী দুটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাতে পারবে।

বিচার বিভাগের বক্তব্য, জরুরি ব্যতিক্রমের বিষয়টি ইপিএর দেওয়া অনুমতিপত্রের ওপর নির্ভরশীল নয়। ফলে আদালতের প্রশাসনিক স্থগিতাদেশের কারণে এই ব্যতিক্রম কার্যকর করতে কোনো বাধা নেই।

তবে আর্থজাস্টিসের আইনজীবীরা বলছেন, এভাবে বিস্ফোরণ ঘটানো হলে আদালতের কর্তৃত্ব পাশ কাটানো হবে। আইনজীবী র‍্যাচেল রিন্টেলম্যান শুক্রবার আদালতে দেওয়া এক আবেদনে লিখেছেন, বিচার বিভাগের আইনজীবীরা অনুমতিপত্র ছাড়াই বিস্ফোরণ ঘটানোর পথ তৈরি করছেন। এর মাধ্যমে কার্যত বিচারিক প্রক্রিয়া ও আদালতের পর্যালোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

সেনাবাহিনীর অব্যবস্থাপনাতেই তৈরি হয়েছে সংকট

আইওয়ার মিডলটাউন শহরের কাছে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে দুই দশকের বেশি সময় ধরে বিস্ফোরকগুলো মজুত রাখা হয়েছে। সেগুলোর অবনতিশীল অবস্থাই বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দু।

ঘাঁটিটিতে ৬৮টি ড্রামে প্রায় ৯ হাজার ৭০০ পাউন্ড বা ৪ দশমিক ৪ টন সীসা অ্যাজাইড রয়েছে। এর মধ্যে রাসায়নিক উপাদান হিসেবে সীসার পরিমাণ প্রায় ৬ হাজার ৯০০ পাউন্ড বা ৩ দশমিক ১ টন।

বিস্ফোরকগুলো স্থিতিশীল রাখতে পানি ও ইথানলের মিশ্রণে সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু গত মার্চে ঘাঁটির সামরিক কারিগরি কর্মীরা দেখতে পান, সংরক্ষণের ওই ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে।

আদালতে দেওয়া এক ঘোষণাপত্রে সেনাবাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ জানান, ড্রামগুলোর ভেতরের তরল বাষ্পীভূত হয়ে গেছে। ফলে সেখানে সূঁচের মতো আকৃতির স্ফটিক তৈরি হয়েছে।

বিশেষজ্ঞের মতে, পুনরায় স্ফটিক তৈরির এই প্রক্রিয়ার কারণে সীসা অ্যাজাইড নিজে থেকেই বিস্ফোরিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাপমাত্রার পরিবর্তন কিংবা সামান্য ঘর্ষণেও বিস্ফোরণ ঘটতে পারে। ড্রামগুলোর ভেতরে এত বেশি স্ফটিক তৈরি হয়েছে যে সেগুলো খোলাও আর নিরাপদ নয়।

আর্থজাস্টিসের আইনজীবী চাউয়ের মতে, এ পরিস্থিতি তৈরির পেছনে সেনাবাহিনীর দীর্ঘদিনের অব্যবস্থাপনা রয়েছে। বিস্ফোরণের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের যথাযথভাবে না জানানোও সমস্যাকে আরো বাড়িয়েছে।

তিনি আলজাজিরাকে বলেন, ‘মানুষকে যেভাবে বিষয়টি জানানো হচ্ছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ না জেনেই যেভাবে সবকিছু পরিষ্কার করার আশ্বাস দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।’

আবহাওয়া নিয়েও উদ্বেগ

বিস্ফোরণের সময় আবহাওয়া কেমন থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য এরিক সরেনসেন বলেছেন, বিস্ফোরণের কারণে ঘাঁটির বাইরে সীসার সংস্পর্শে আসার ঝুঁকি সবচেয়ে কম থাকবে, এমন সময় বেছে নেওয়া উচিত সেনাবাহিনীর।

কংগ্রেসের একমাত্র আবহাওয়াবিদ হিসেবে পরিচিত সরেনসেন গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে বলেন, নিয়ন্ত্রিত বিস্ফোরণের জন্য সবচেয়ে উপযোগী আবহাওয়া হলো, যখন মেঘের স্তরে তাপমাত্রার বিপরীত অবস্থা তৈরি হয়। অর্থাৎ ওপরের বাতাস উষ্ণ এবং নিচের বাতাস অপেক্ষাকৃত ঠান্ডা থাকে। এ সময় বাতাসের গতিও কম থাকা প্রয়োজন।

তিনি সতর্ক করে বলেন, জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আগামী সপ্তাহে এমন অনুকূল আবহাওয়ার কোনো ইঙ্গিত নেই। ঠান্ডা আবহাওয়া আসন্ন হওয়ার ঠিক আগে কেন বিস্ফোরণের ঘোষণা দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এ ছাড়া সীসার বিস্তার ঠেকাতে সেনাবাহিনী বাস্তবসম্মত সব ধরনের ব্যবস্থা নিয়েছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিশুস্বাস্থ্য মহামারিবিদ ব্রুস ল্যানফিয়ার আলজাজিরাকে বলেন, বিস্ফোরণের আগে বাতাসে সীসার সম্ভাব্য ঘনত্ব, মাটিতে জমা হওয়ার পরিমাণ এবং মানুষের সংস্পর্শে আসার ঝুঁকি সম্পর্কে বিশ্বাসযোগ্য হিসাব সেনাবাহিনীকেই দিতে হবে।

তিনি বলেন, ‘এটি যে সবচেয়ে কম ক্ষতিকর বিকল্প, তা প্রমাণ করার দায়িত্ব সেনাবাহিনীর। তাৎক্ষণিক বিপদ দূর করার সবচেয়ে দ্রুত উপায় হলেই সেটিকে গ্রহণযোগ্য বিকল্প বলা যায় না।’

এএম

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আইন করার প্রতিশ্রুতি জেফ্রিসের

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কায় মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির

যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক অপরাধ আদালতকে অকার্যকর করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান ডেমোক্র্যাটদের

৫৪ বছরের মধ্যেই খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে যুক্তরাষ্ট্র

‘চীন নিয়ে নেবে’, বিদেশে ডেটা সেন্টার নির্মাণ না করতে হুঁশিয়ারি ট্রাম্পের