হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর এর দায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর চেষ্টা করছেন দলটির নেতারা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করা এবং যুদ্ধের পরিণতি মোকাবিলায় কোনো পরিকল্পনা না রাখার জন্য হেগসেথকে দায়ী করছেন রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশ। তাকে অভিশংসনের প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহেই প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হতে পারে।

মঙ্গলবারের নির্বাচনে ভরাডুবির পর রিপাবলিকান আইনপ্রণেতা ও দলটির ঘনিষ্ঠ ব্যক্তিরা দ্রুত হেগসেথকে দায়ী করার উদ্যোগ নিয়েছেন। তাদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ট্রাম্পকে রাজি করানোর ক্ষেত্রে হেগসেথ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অথচ যুদ্ধ শেষ করার কোনো কৌশল কিংবা এর অনিবার্য রাজনৈতিক প্রতিক্রিয়া সামাল দেওয়ার পরিকল্পনা ছিল না।

তবে দলের কৌশল নির্ধারকদের অনেকেই ব্যক্তিগত আলোচনায় স্বীকার করছেন, রিপাবলিকানদের নির্বাচনি বিপর্যয়ের কারণ শুধু ইরান যুদ্ধ নয়। দলটির সামগ্রিক রাজনৈতিক সমস্যার কারণে ২০০৮ সালের নির্বাচনের মতো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর লেগে যেতে পারে।

তারপরও আপাতত দলের নেতারা এবং অনেক আইনপ্রণেতা নির্বাচনি বিপর্যয়ের জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করতে চাইছেন না।

মঙ্গলবারের নির্বাচনি ধাক্কা সামলে যেসব রিপাবলিকান প্রতিনিধি পরিষদে টিকে গেছেন, তাদের মধ্যেও ট্রাম্পের কাছ থেকে সরে আসার কোনো লক্ষণ নেই। প্রেসিডেন্টের মেয়াদের আরো দুই বছর বাকি থাকায় তার প্রতি আনুগত্য বজায় রাখার প্রত্যাশা রয়েছে। তবে সেই আনুগত্য হেগসেথের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকেই কংগ্রেসের ক্যাপিটল হিলে নিজের সমর্থক বাড়াতে পারেননি বিতর্কিত এই প্রতিরক্ষামন্ত্রী।

আগামী কয়েকদিনের মধ্যেই হেগসেথের বিরুদ্ধে অনাস্থাসূচক অবস্থান নিতে ভোট দিতে পারেন রিপাবলিকান আইনপ্রণেতারা। কেনটাকির কংগ্রেসম্যান ও ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত থমাস ম্যাসি সিএনএনকে জানিয়েছেন, আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন শুরু হলে তিনি হেগসেথকে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেবেন।

রিপাবলিকান দলের একাধিক সূত্রও জানিয়েছে, এ প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস হতে পারে বলে তারা আশা করছেন।

সূত্র: সিএনএন

এমএমআর

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

মার্কিন নির্বাচনে বিজয়ী হিজাবি নারীদের পরিচয় জানা গেল

মুসলিমদের অধিকার রক্ষায় যে পদক্ষেপের কথা জানালেন আবদুল আল-সাইয়েদ

ডেমোক্র্যাটদের জয়ের পর টেসলা-স্পেসএক্সের শেয়ারে পতন, বিপুল সম্পদ হারালেন মাস্ক

আলেকজান্দ্রিয়া থেকে মিশিগানে, আল-সাইয়েদের ছেলেবেলা কেটেছে যেভাবে

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ, আগামী সপ্তাহে ভোট

ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে নজরদারি ও তদন্ত বাড়ানোর প্রস্তুতি ডেমোক্র্যাটদের

প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট

পিট হেগসেথ ও মার্কো রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ

বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লেন সেই তরুণ