যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আটকে গেছে। তবে তাতে তার দায়িত্ব পালন নিয়ে বিতর্কের অবসান হয়নি। বরং মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর নতুন করে চাপের মুখে পড়েছেন তিনি। আগামী জানুয়ারিতে কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা কার্যকর হলে হেগসেথের মন্ত্রিত্ব টিকবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পরিচালনা এবং বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে তার ভূমিকা এখন বিশেষভাবে আলোচনায়।
বিশ্লেষকদের মতে, হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক নীতিতে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, যুদ্ধ পরিচালনায় প্রতিরক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতেও রয়েছে।
পেন্টাগনের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা জেসমিন আল-গামাল বলেন, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রী অত্যন্ত ক্ষমতাধর একজন অংশীদার। তবে শুধু হেগসেথকে লক্ষ্য করে ব্যবস্থা নিলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর মতো সিদ্ধান্তের জবাবদিহি নিশ্চিত করা যাবে না।
তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনায় হেগসেথের যথেষ্ট ক্ষমতা রয়েছে। তবে তিনি প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।
আল-গামাল বলেন, হেগসেথকে কেবল সিদ্ধান্ত বাস্তবায়নকারী হিসেবে বিবেচনা করলে তার ক্ষমতাকে খাটো করে দেখা হবে। আবার তাকেই যুদ্ধের একমাত্র পরিকল্পনাকারী হিসেবে দেখলে প্রেসিডেন্টের ক্ষমতা আড়াল করা হবে। একই সঙ্গে কোন সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছে, সেটিও অস্পষ্ট থেকে যাবে।
অভিশংসনের মুখে হেগসেথ
২০২৫ সালের ২৫ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি বিতর্কিত সামরিক অভিযানের তদারকি করেছেন হেগসেথ। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ধারাবাহিক প্রাণঘাতী হামলা। এসব অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য বড় রাজনৈতিক বোঝা হয়ে ওঠে।
চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৪৪ শতাংশ ভোটার বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে কোনো প্রার্থী ইরান যুদ্ধকে সমর্থন করলে তাকে ভোট দেওয়ার সম্ভাবনা কমে যাবে। বিপরীতে মাত্র ১৩ শতাংশ ভোটার বলেছেন, যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া প্রার্থীকে ভোট দেওয়ার আগ্রহ তাদের বাড়বে। অর্থাৎ যুদ্ধের সমর্থক প্রার্থীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণকারী ভোটারের সংখ্যা তিন গুণেরও বেশি।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পায় ডেমোক্রেটিক পার্টি। দলটি প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই রিপাবলিকানদের কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নেয়।
নির্বাচনের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়। এ উদ্যোগের নেতৃত্ব দেন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসনের আটটি অভিযোগের মধ্যে ছিল, বেসামরিক মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ সুরক্ষাব্যবস্থা ভেঙে ফেলা। এর ফলে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। ওই হামলায় অন্তত ১২০ শিশু নিহত হয়েছিল।
তবে ১০ নভেম্বর প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি আটকে যায়। রিপাবলিকানদের বিদায়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ২১১-২০৪ ভোটে অভিশংসন প্রক্রিয়া বন্ধের পক্ষে ভোট দেন। ভোটের সময় ১১ জন ডেমোক্র্যাট সদস্য অনুপস্থিত ছিলেন।
নির্বাচনে বিপর্যয়ের পর প্রতিরক্ষামন্ত্রীর পদ নিয়ে প্রশ্ন
নির্বাচনে দলের বড় বিপর্যয়ের পর কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের চাপের মুখে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়।
২০০৬ সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা একই ধরনের বড় পরাজয়ের মুখে পড়েছিল। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ নিয়ে ভোটারদের ব্যাপক অসন্তোষের মধ্যে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে চলে যায়।
নির্বাচনের ফল ঘোষণার এক দিনের মধ্যেই তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের পদত্যাগের ঘোষণা দেন। ইরাক যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বুশ বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি, গত রাতে অনেক মার্কিন নাগরিক ইরাকে অগ্রগতির অভাব নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করতে ভোট দিয়েছেন।’
তবে হেগসেথ পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। মধ্যবর্তী নির্বাচনের দুই দিন পর প্রকাশিত পাঁচ মিনিটের একটি ভিডিওতে তিনি সমালোচকদের ‘ডিপ স্টেটের উগ্রপন্থী’ হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ, তারা রাজনৈতিক নাটক তৈরিতে ব্যস্ত।
ভিডিওতে হেগসেথ বলেন, ‘আমরা কার্যকর বলেই তারা আমাদের আক্রমণ করছে। এতে কোনো কাজ হবে না। আমরা পিছু হটব না।’
তিনি আরো বলেন, ‘আমরা সব সময়, কোনো ধরনের ক্ষমা না চেয়ে, আমেরিকা ও যোদ্ধাদের স্বার্থকে সবার আগে রাখি। বিদায়ী কংগ্রেসেও সেই লড়াই অব্যাহত থাকবে।’
সামরিক বাহিনীর সদস্যদেরও নিজেদের অবস্থানে অবিচল থাকার আহ্বান জানান তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়েও তার অবস্থান স্পষ্ট করেন।
হেগসেথ বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, আমাদের লড়াই কেবল শুরু হয়েছে। আমরা আগের চেয়ে আরো দৃঢ়প্রতিজ্ঞ। শুরু করা কাজ শেষ করতে আমরা এখন আরো বেশি সংকল্পবদ্ধ।’
যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকা কতটা
হেগসেথের বিরুদ্ধে সমালোচনা শুধু বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যেই সীমাবদ্ধ নেই। তার নিজের দলের নেতারাও যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা যে কারণে হেরেছি, তা হলো যুদ্ধ।’
যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক হালা রারিতও ইরান যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি পররাষ্ট্র দপ্তরে ১৮ বছর কাজ করেছেন। গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রতিবাদে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর আগে পদত্যাগ করা কর্মকর্তাদের একজন ছিলেন তিনি।
রারিতের মতে, ইরান যুদ্ধের সবচেয়ে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হেগসেথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এর মধ্যে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলার ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনেই ওই হামলা চালানো হয়েছিল।
রারিতের ধারণা, যুদ্ধের শুরুতে কোন কোন স্থাপনায় হামলা চালানো হবে, তার প্রাথমিক তালিকা তৈরি করেছিলেন হেগসেথ ও প্রতিরক্ষা দপ্তরের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। এরপর তারা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ট্রাম্পকে পরামর্শ দেন। চূড়ান্ত অনুমোদন দেন প্রেসিডেন্ট।
আলজাজিরাকে রারিত বলেন, ‘আমার ধারণা, প্রথম দিন কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, তার খুঁটিনাটি নিয়ে ট্রাম্প নিজে খুব বেশি মাথা ঘামাননি।’
তিনি আরো বলেন, ‘এসব সুনির্দিষ্ট সিদ্ধান্তের পেছনে হেগসেথ ও প্রতিরক্ষা দপ্তরের অন্য কর্মকর্তাদের বড় ভূমিকা ছিল। এসব সিদ্ধান্তের সঙ্গে আইনজীবীরাও যুক্ত ছিলেন।’
যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায়ও ট্রাম্প ও হেগসেথের ওপর বর্তায় বলে মনে করেন রারিত।
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে। এ সংঘাতে অন্তত ২৩ মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৬৫ জন।
রারিত বলেন, ‘শেষ পর্যন্ত তাদের দুজনেরই দায় রয়েছে। শুধু ইরানে হামলার জন্য নয়, বরং পুরো অঞ্চলে মার্কিন সেনাসদস্য ও কূটনীতিকদের ঝুঁকির মুখে ফেলে দেওয়ার জন্যও তারা দায়ী।’
ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতায় লাগাম টানবে কংগ্রেস?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক আইন উপদেষ্টা ব্রায়ান ফিনুকেনের মতে, যুদ্ধ চলাকালে কংগ্রেসের হাতে সংঘাত বন্ধ করার ক্ষমতা ছিল। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র দপ্তরে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফিনুকেন বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধসংক্রান্ত অধিকাংশ ক্ষমতা কংগ্রেসের সদস্যদের হাতে ন্যস্ত।
তার মতে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ট্রাম্প প্রশাসনের নির্বাহী ক্ষমতার ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে ভোটারদের প্রতিক্রিয়া হিসেবেও দেখা যায়।
সমালোচকদের অভিযোগ, হেগসেথের মতো কর্মকর্তারা বিদেশে মার্কিন সামরিক অভিযানের বিষয়ে কংগ্রেসকে যথেষ্ট তথ্য দেননি। ফলে সামরিক কার্যক্রমের ওপর আইনপ্রণেতাদের নজরদারি বাধাগ্রস্ত হয়েছে।
ফিনুকেন বলেন, ‘ট্রাম্পের অধীনে আমরা প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে ক্ষমতা প্রয়োগের সর্বোচ্চ পর্যায় দেখেছি। আমার মনে হয়, এতে মার্কিনিরা আবার মনে করতে পেরেছেন, কেন সংবিধান একজন ব্যক্তির পরিবর্তে কংগ্রেসকে দেশকে যুদ্ধে নেওয়ার ক্ষমতা দিয়েছে।’
নতুন করে দায়িত্ব নিতে যাওয়া ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কংগ্রেস ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতায় লাগাম টানার এবং হেগসেথের নীতির জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ দিকে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হাকিম জেফরিস সমর্থকদের বলেছিলেন, হেগসেথের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। জেফরিস নতুন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে রয়েছেন।
তিনি বলেছিলেন, ‘আমরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রথম কাজগুলোর একটি হবে পিট হেগসেথকে এখান থেকে বিদায় করা।’
এরপর জেফরিস হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছেন।
তবে জেসমিন আল-গামাল মনে করেন, জবাবদিহি নিশ্চিত করার একমাত্র পথ হিসেবে অভিশংসনকে দেখা ঠিক হবে না।
তিনি বলেন, ‘অভিশংসন সংবিধানস্বীকৃত জবাবদিহির একটি পদ্ধতি মাত্র।’
আল-গামাল কংগ্রেসের তদন্ত এবং সরকারি ব্যয়ের ওপর আইনসভা বা কংগ্রেসের নিয়ন্ত্রণের ক্ষমতার কথাও উল্লেখ করেন। তার মতে, এসব ক্ষমতা ব্যবহার করেও হেগসেথ ও ট্রাম্পের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরো বলেন, নভেম্বরে অভিশংসন প্রস্তাব আটকে যাওয়ার অর্থ এই নয় যে হেগসেথ অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। ইরানসহ বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধের অভিযোগগুলোরও নিষ্পত্তি হয়নি।
আল-গামালের ভাষায়, ‘অভিশংসন প্রস্তাব আটকে যাওয়া কোনো অভিযোগ থেকে অব্যাহতি নয়। এমনকি যুদ্ধাপরাধের অভিযোগগুলোর নিষ্পত্তি হয়েছে—এমন কোনো ভোটও এটি ছিল না।’
নতুন কংগ্রেসের সদস্যরা দায়িত্ব নেওয়ার পর এসব অভিযোগের তদন্ত ও জবাবদিহির উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আশা করছেন তিনি।
এএম