হোম > বিশ্ব > আমেরিকা

নিউ ইয়র্কে বাড়ি ভাড়া নিয়ে মামদানির সিদ্ধান্ত বহাল রাখল আদালত

আমার দেশ অনলাইন

জোহরান মামদানি। ছবি: রয়টার্স

ভাড়া অপরিবর্তিত রাখার (রেন্ট ফ্রিজ) বিষয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সিদ্ধান্ত বহাল রেখেছে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়ির মালিকদের একটি গোষ্ঠীর করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে শহরের প্রায় অর্ধেক ভাড়াবাড়ির ক্ষেত্রে ভাড়া বাড়বে না।

আবাসন ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন মামদানি। আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি ভাড়াটিয়াদের অধিকার, সাশ্রয়ী আবাসন এবং কর্মজীবী নিউ ইয়র্কবাসীর বসবাসের উপযোগী শহর পাওয়ার অধিকারের বিজয়।

বাড়ির মালিকদের অভিযোগ, ভাড়া নির্দেশিকা বোর্ডের (রেন্ট গাইডলাইনস বোর্ড) ভাড়া বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়া হয়নি। বোর্ডে মামদানির অনুগত সদস্যদের প্রভাবেই এ সিদ্ধান্ত এসেছে বলে দাবি করেন তারা। এ প্রক্রিয়াকে ‘লোকদেখানো’ আখ্যা দিয়ে আদালতে আবেদন করেছিলেন বাড়ির মালিকেরা।

বিচারপতি ব্রেন্ডন ল্যান্ট্রি রায়ে জানিয়েছেন, বাড়িওয়ালারা প্রমাণ করতে পারেননি যে ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্তটি অযৌক্তিক, খেয়ালখুশিমতো নেওয়া বা স্বেচ্ছাচারী ছিল। তিনি আরো বলেন, মামদানির এমন সদস্যদের বোর্ডে নিয়োগ দেওয়ার অধিকার রয়েছে, যারা তার কর্মসূচির সঙ্গে একমত।

রায়ে বলা হয়, ‘নির্বাচনের ফলাফলের প্রভাব থাকে—এটি আমাদের গণতন্ত্রের অন্যতম ভিত্তি।’

রায়ে আরো বলা হয়, ‘নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মেয়র জোহরান মামদানি ২০২৫ সালের সাধারণ নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নিজের পছন্দ অনুযায়ী বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছেন, যা করার পূর্ণ ক্ষমতা তার ছিল। বোর্ডের সদস্যদের সঙ্গে মেয়রের রাজনৈতিক মতাদর্শ ও দর্শনের মিল থাকলেই তা যোগসাজশের প্রমাণ হয়ে যায় না।’

মামদানি বলেন, আদালতের এ সিদ্ধান্তে ২০ লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবাসন কোনো বিলাসদ্রব্য নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজন। এ ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ২০ লাখের বেশি মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।’

সূত্র: রয়টার্স

আরএ

এনভিডিয়ার সিইও পদে জেনসেনের ফিরে আসাকে কেন উদযাপন করছে ইসরাইল

বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস

বাংলাদেশের চেয়ে ভারতের ওপর বেশি শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

১৪ দেশের ওপর নতুন শুল্ক, কানাডাকে কেন বাদ দিল ট্রাম্প প্রশাসন

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

এবার সাইয়েদের সঙ্গে বসবেন ট্রাম্প

ইরান যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সতর্ক করলেন ট্রাম্প

সিআইএসহ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে