যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে সম্মতি জানানোর কয়েক দিনের মধ্যেই তিনি এ প্রশ্ন তুললেন।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, জনমত জরিপের ফলের সঙ্গে নির্বাচনের ফলের এত পার্থক্য কীভাবে হলো, তা বিশ্বাস করা কঠিন।
ট্রাম্প লেখেন, ‘আসলেই কি কেউ বিশ্বাস করে যে এই “নির্বাচন” সুষ্ঠু হয়েছে? জনমত জরিপের ফল এত ভুল হলো কীভাবে?’
ট্রাম্পের এ বক্তব্যের সঙ্গে নির্বাচনের রাতে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া তার বক্তব্যের বিরোধ রয়েছে। তখন তিনি বলেছিলেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’।
গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ জায়গায় ভোট গ্রহণের প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তবে আলাস্কা ও মিসিসিপির সিনেট নির্বাচনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার ফল এখনো ঘোষণা করা হয়নি।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জনমত জরিপ, ভোটের ফল প্রকাশের সময় বড় ব্যবধানে ভোটের সংখ্যা পরিবর্তন এবং ভোট গণনার যন্ত্র নিয়ে অস্পষ্ট অভিযোগ করেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেননি। তিনি ঠিক কী ধরনের ভুল বা অনিয়মের কথা বলছেন, সেটিও স্পষ্ট করেননি।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) রাষ্ট্রবিজ্ঞানী চার্লস স্টুয়ার্ট তৃতীয় বলেছেন, নির্বাচনের রাতে ভোট গণনার ফল প্রকাশের প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই হয়েছে।
তিনি বলেন, ‘দেশজুড়ে ভোটের ফল প্রকাশের ক্ষেত্রে আমরা সাধারণত যে ধরনের ধারাবাহিকতা দেখি, এবারও তা-ই দেখা গেছে।’
স্টুয়ার্ট আরো বলেন, ফ্লোরিডা ও জর্জিয়ার মতো কয়েকটি অঙ্গরাজ্যে প্রাথমিক ফল দ্রুত প্রকাশ করা হয়। কারণ, এসব অঙ্গরাজ্যে আগাম ভোট ও ডাকযোগে পাঠানো ব্যালটের গণনার ফল আগে থেকেই প্রস্তুত থাকে।
এর আগেও নির্বাচনে পরাজয়ের পর ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে তিনি নিজে কোনো পদে প্রার্থী ছিলেন না। রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত হওয়ার পর বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, ‘আমি যদি ব্যালটে থাকতাম, তাহলে আমরা সহজেই জিততাম।’
নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপ সংস্থা ও সংবাদমাধ্যমের জরিপে আভাস দেওয়া হয়েছিল, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই আসন হারাতে পারে রিপাবলিকানরা।
এখন পর্যন্ত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটের ৫৪টি এবং প্রতিনিধি পরিষদের ২৫৪টি আসনে জয় পেয়েছে। এতে কংগ্রেসের দুই কক্ষেই দলটি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে আলাস্কা ও মিসিসিপিসহ কয়েকটি আসনে ভোট গণনা এখনো চলছে।
হার্ভার্ড ল স্কুলের নির্বাচন আইনবিষয়ক ক্লিনিকের পরিচালক রুথ গ্রিনউড বলেন, অঙ্গরাজ্যগুলোর নিজস্ব আইন ও বাস্তব পরিস্থিতির কারণে কোথাও কোথাও ভোট গণনা শেষ হতে বেশি সময় লাগে।
তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে সেখানে কোনো অসৎ উদ্দেশ্যে কিছু ঘটছে। প্রতিটি ভোট গণনা শেষ করে ফলাফল জানানোর জন্য আমাদের স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর আস্থা রাখতে হবে।’
নির্বাচনের রাতেই ফলাফলের গতিপ্রকৃতি স্পষ্ট হয়ে গিয়েছিল। ওই রাতে নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেছিলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী।
তিনি আরো বলেছিলেন, ‘আমরা সম্ভবত কোনো একটা সমাধানে পৌঁছাতে পারব।’
রিপাবলিকানদের পরাজয়ের কারণ নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ইরান যুদ্ধ নির্বাচনে তার দলের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। ট্রাম্প বলেন, ‘ইরান নিয়ে আমি যা করছি, মানুষ তা সমর্থন করে। কিন্তু পেট্রলের জন্য বেশি দাম দেওয়ার মতো স্বল্পমেয়াদি পরিণতি তারা সম্ভবত মেনে নিতে প্রস্তুত ছিল না। বিষয়টি আমি বুঝতে পারছি।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নির্বাচনে দলের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। এর ফলে জ্বালানির দামও বেড়েছে।
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছিলেন। যদিও যুক্তরাষ্ট্রে এ ধরনের জালিয়াতির ঘটনা বিরল—এমন প্রমাণ রয়েছে। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পরও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা। তারা কয়েক মাস ধরে অভিযোগ করেন, ওই নির্বাচনে কারচুপি করে ট্রাম্পকে হারানো হয়েছিল। নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে তার আইনজীবী ও সহযোগীরা কয়েক সপ্তাহ ধরে আইনি লড়াই চালান। তবে আদালত বারবার তাদের আবেদন খারিজ করে দেন।
ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় থাকাকালে বিচার বিভাগ নির্বাচনের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর নজিরবিহীন উদ্যোগ নেয়। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর ওপর ন্যস্ত।
এবারের মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন আগে বিচার বিভাগ ক্যালিফোর্নিয়া ও আলাস্কার মতো অঙ্গরাজ্যে ভোট গণনা ও ফলাফল অনুমোদনের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে বিতর্কিত মামলা করে। তবে প্রায় সব ক্ষেত্রেই বিচারকেরা সরকারের বিপক্ষে রায় দেন।
বিবিসিকে নির্বাচন আইন বিশেষজ্ঞ, অঙ্গরাজ্য পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় নির্বাচন কার্যালয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, হোয়াইট হাউস বা নির্বাচন নিয়ে সংশয়বাদীরা ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন—এমন পরিস্থিতি বিবেচনায় রেখে তারা কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিতর্ক থাকলেও ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়া মোটামুটি নির্বিঘ্ন ছিল বলে জানিয়েছেন অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর্তারা। তবে চরম আবহাওয়ার কারণে কিছু ভোটকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া কয়েকটি এলাকায় প্রশাসনিক ও কারিগরি সমস্যার কারণে ভোট গণনা ও ফল প্রকাশে সাময়িক বিলম্ব হয়েছে।
এএম