হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মামদানির সমর্থিত ৩ প্রার্থীর জয়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির সমর্থিত তিন কংগ্রেস প্রার্থীই জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে তিনটি আসন নিশ্চিত করেছেন তারা।

জয়ী তিন প্রার্থী হলেন ব্র্যাড ল্যান্ডার, দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ও ক্লেয়ার ভালদেজ। তাদের বিজয়ে নিউইয়র্কের রাজনীতিতে মামদানির প্রভাব সিটি হল ছাড়িয়ে কংগ্রেস পর্যন্ত বিস্তৃত হলো। এ প্রভাবকেই অনেকে ‘মামদানিস্তান’ বলে অভিহিত করছেন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রাজনীতির ক্রমবর্ধমান প্রভাব বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়।

ল্যান্ডার নিউইয়র্কের ১০তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ড্যানিয়েল গোল্ডম্যানকে পরাজিত করেন। ১৩তম আসনে আদ্রিয়ানো এসপাইয়াত্তকে হারিয়ে জয় পান আভিলা শেভালিয়ের। আর ৭ম আসনে জয় নিশ্চিত করেন ভালদেজ।

বিশ্লেষকদের মতে, তিন প্রার্থীর বিজয় কেবল ডেমোক্র্যাট-অধ্যুষিত আসনে জয় নয়; বরং দলটির প্রতিষ্ঠিত নেতাদের চ্যালেঞ্জ করে প্রাইমারিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার ফল।

মামদানির রাজনৈতিক মিত্রদের এই সাফল্যকে যুক্তরাষ্ট্রে প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাজনীতির ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সিনেটর বার্নি স্যান্ডার্স ফলাফলকে আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় প্রগতিশীল বিজয় বলে উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্য ইস্যুও নিউইয়র্কের কয়েকটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ল্যান্ডার ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করেন। অন্যদিকে, আভিলা শেভালিয়ের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলন সংগঠনে যুক্ত ছিলেন।

নতুন কংগ্রেস আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবে। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে ওয়াশিংটনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।

বিজয়ের পর মামদানি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘আমেরিকায় আবার সকাল হলো।’

সূত্র: এনডিটিভি

আরএ

বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লেন সেই তরুণ

ট্রাম্পের ছায়ায় থেকেও নিজস্ব রাজনৈতিক বলয় তৈরি করছেন ভ্যান্স

ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প

ইসলামবিদ্বেষের রাজনীতিকে হারিয়ে ইতিহাস গড়লেন আল-সাইয়েদ

ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

মার্কিন ইহুদিদের কাছে নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয় মামদানি

৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ায় গভর্নর

রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর বিজয়

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন