হোম > বিশ্ব > আমেরিকা

আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে হোয়াইট হাউস

নিউ ইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউসে ওভাল অফিসের পাশেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাইনিং রুম। এখানে বসেই তিনি টেলিভিশন দেখেন, ফোনকল করেন এবং প্রিন্ট করা খবর, প্রবন্ধ ও নথিপত্রের স্তূপ থেকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন। পুরো ঘরটিই কাগজে ঠেসে আছে। শুধু অল্প একটু জায়গা প্রেসিডেন্টের সহকারী নাটালি হার্পের কাজ করার জন্য রাখা হয়েছে। যখন প্রেসিডেন্টের অফিসের নির্ধারিত ডেস্কে বসেন না, তখন এখানে বসেই কাজ করেন তিনি।

অন্যদিকে, আমেরিকার ফেডারেল হাউজিং ফিন্যান্স এজেন্সির শীর্ষ কর্মকর্তা বিল পালটি এখানে কিছু সময় বসে কাজ করেন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য এআইয়ে তৈরি বিভিন্ন ছবি ও মিম সরবরাহ করেন তিনি। এছাড়া প্রচারের জন্য বিভিন্ন পোস্টার তৈরি করেন তিনি। সম্প্রতি ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের জন্য তিনি একটি পোস্টার তৈরি করেন, যা দেখে ট্রাম্প প্রশংসা করেছেন। পোস্টারটি ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান ব্যবহার করে চলার সময় প্রদর্শনের জন্যও প্রস্তুত করা হয়েছে।

অনুসারী, খবরের কাগজের কাটিং, পোস্টার ও ভক্তদের পাঠানো শিল্পকর্মের মধ্য থেকেও ক্রমেই নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চিত হয়ে পড়ছেন ট্রাম্প। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নির্বাচনে আমেরিকার আইনসভা কংগ্রেসের উভয়কক্ষেই তার দল রিপাবলিকান পার্টির হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নির্বাচনে রিপাবলিকান পার্টির অনেক প্রার্থীই ট্রাম্পের নীতিমালা, আচরণ ও তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্যানুসারে, হাড্ডাহাড্ডি লড়াই হতে যাওয়া বিভিন্ন আসনে ট্রাম্পকে জনসভা ও প্রচার না চালানোর জন্য তার সহযোগীদের পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক উপদেষ্টা ও রিপাবলিকান পার্টির ভিন্ন ভিন্ন গ্রুপ। তাদের মতে, এর মাধ্যমে ট্রাম্প ভালো কিছু করার বদলে রিপাবলিকান প্রার্থীদের জন্য লড়াইকে আরো কঠিন করে তুলবেন।

কিন্তু নেতিবাচক মন্তব্যকারীদের ওপর ক্ষুব্ধ ও চাপের মুখে থাকা ট্রাম্প তার অজনপ্রিয়তা প্রকাশ করা সব জরিপ প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে তার সমালোচনা করা বিভিন্ন খবরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। সামগ্রিক পরিস্থিতিতে বিষণ্ণতার এক অন্ধকারে ডুবে আছেন তিনি। মধ্যবর্তী নির্বাচনে জয়ের মাধ্যমে তার প্রতি জনগণের সমর্থন অক্ষুণ্ণ রাখার প্রমাণ স্থাপনে দেশজুড়ে প্রচার চালাচ্ছেন তিনি। বুধবার ওহাইওতে এমন এক প্রচার চালান ট্রাম্প।

ট্রাম্প এখনো বিশ্বাস করেন, রিপাবলিকান পার্টিতে তার আধিপত্য কঠিন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু হোয়াইট হাউসে এর মধ্যে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের ১৬ সাবেক ও বর্তমান কর্মীর সঙ্গে কথা বলেছে। তবে তারা নিজেদের পরিচয় প্রকাশে অস্বীকার করেছেন।

তারা জানান, নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে শঙ্কা, রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে উত্তেজনা ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশঙ্কায় হোয়াইট হাউসে ট্রাম্প ও তার সহযোগীরা চাপে রয়েছেন।

তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ বলেন, নিজেদের লক্ষ্যের বিষয়ে প্রেসিডেন্ট ও তার সহযোগীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হোয়াইট হাউসে শুধু একটি টিমই রয়েছে এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার জনগণের জন্য কাজ করার লক্ষ্যে দায়িত্ব পালন করছেন।’

জ্বালানির দাম বাড়ায় বিশ্বভ্রমণ বাতিল প্রমোদতরীর

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধে বিপুল ব্যয়ের হিসাব প্রকাশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর ভোট কমাতে একই নামে প্রার্থী দাঁড় করানোর অভিযোগ

ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে লাখ ডলারের চুক্তি

সিনেট নির্বাচন: মিশিগান-টেক্সাসে এগিয়ে ডেমোক্র্যাটরা, মেইন-কানসাসে হাড্ডাহাড্ডি

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক প্রভাব বাড়াতে সংগঠিত হচ্ছেন মুসলিমরা

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠক শিগগিরই: ট্রাম্প

এল-সাইদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের কোনো প্রমাণ নেই

বিয়ে নিয়ে পুরোনো অভিযোগে বিরক্ত ও ক্ষুব্ধ ইলহান ওমর

পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদ বরখাস্ত