হোম > বিশ্ব > আমেরিকা

পণ্যের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়ালমার্ট’-এর সাম্প্রতিক মূল্যহ্রাসের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তার প্রশাসনের অনুরোধেই প্রতিষ্ঠানটি পণ্যের দাম কমিয়েছে। তবে ওয়ালমার্টের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত গ্রহণের পেছনে ট্রাম্প প্রশাসনের কোনো ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রে নিজের মেয়াদকালে মূল্যস্ফীতি বাড়ার কারণে জনসাধারণের তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমে তার আরোপিত শুল্ক এবং পরবর্তীতে গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে পণ্যের দাম বাড়তে থাকে। সম্প্রতি আবাসন খরচ কমানোর জন্য আনা একটি দ্বিপক্ষীয় পদক্ষেপকে ট্রাম্প ‘উদাসীনতা’ বলে অভিহিত করেছেন এবং মূল্যস্ফীতি চড়া থাকার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করার চেষ্টা করেছেন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মুখে ট্রাম্প ডেমোক্র্যাটদের ‘কমিউনিস্ট’ বলে উপহাস করছেন এবং দাবি করছেন যে তারা বেসরকারি কোম্পানিতে সরকারের হস্তক্ষেপ বাড়াতে চায়।

তবে ওয়ালমার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি নিজেই বলেছেন, তার প্রশাসনের সুনির্দিষ্ট অনুরোধেই এই ব্যবসাপ্রতিষ্ঠান পণ্যের দাম কমিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমেরিকার অন্যতম বড়, সেরা ও চতুর খুচরা বিক্রেতা ওয়ালমার্ট পণ্যের দাম অনেকখানি কমিয়ে আনছে। আমাদের মহান দেশের ২৫০তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে আমার প্রশাসনের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ওয়ালমার্ট বিশেষ করে প্রতি পাউন্ড গ্রাউন্ড বিফ বা গরুর কিমার দাম প্রায় ১৫ শতাংশ কমাবে। পাশাপাশি আরো অনেক পণ্যের দামও কমাবে।’

গত মে মাসে প্রকাশিত প্রান্তিক আয়ের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের আমলে উচ্চ মূল্যস্ফীতির কারণে ওয়ালমার্ট কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। কারণ কম দামে পণ্য কেনার আশায় ভোক্তারা তাদের দোকান এবং ওয়েবসাইটে বেশি ভিড় করেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই পোস্টের পর গত সোমবার ওয়ালমার্ট একটি বিবৃতি দেয়। সেখানে তারা জানায়, ওয়ালমার্ট এবং স্যামস ক্লাবে পণ্যের দাম কমানোর এই সিদ্ধান্তটি ক্রেতা ও সদস্যদের গ্রীষ্মকালীন মৌসুমের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য নেওয়া হয়েছে।

বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের কথা উল্লেখ করা হয়নি। এমনকি ট্রাম্পের দাবির বিষয়ে কোম্পানিটি প্রকাশ্যে কোনো মন্তব্যও করেনি।

ওয়ালমার্টের বিবৃতিতে গ্রাউন্ড বিফ, ভুট্টা, লাল চেরি, আইসক্রিম, পটেটো চিপস এবং কোকা-কোলা ও পেপসি পণ্যের দাম কমানোর কথা উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, গত ১২ মাসে দেশটিতে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ৪.২ শতাংশ বেড়েছে। ট্রাম্প যখন দায়িত্ব পেয়েছিলেন, তখন এই হার ছিল ৩ শতাংশ। ফলে বর্তমান হার তার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। তবে ইরানের সঙ্গে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির ফলে তেলের দাম কিছুটা কমেছে। হরমুজ প্রণালি দিয়ে আরো বেশি তেলবাহী ট্যাংকার চলাচল করতে পারায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

আমেরিকান ভোক্তাদের পরিস্থিতি বোঝার জন্য ট্রাম্প বরাবরই ওয়ালমার্টকে একটি মাপকাঠি হিসেবে ব্যবহার করে আসছেন। ২০১৫ সালের মে মাসে তিনি কোম্পানিটিকে বলেছিলেন, তার এককভাবে আরোপিত শুল্কের খরচ যেন কোম্পানিটি নিজেই বহন করে।

আজ থেকে এক বছরেরও কিছু সময় আগে ট্রাম্প একটি পোস্টে লিখেছিলেন, ‘পুরো চেইনে পণ্যের দাম বাড়ানোর অজুহাত হিসেবে শুল্ককে দায়ী করা বন্ধ করা উচিত ওয়ালমার্টের। ওয়ালমার্ট গত বছর প্রত্যাশার চেয়ে অনেক বেশি বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করেছে। ওয়ালমার্ট ও চীনের উচিত এই শুল্কের খরচ নিজেদের কাঁধে নেওয়া এবং সম্মানিত ক্রেতাদের কাছ থেকে বাড়তি কিছু না নেওয়া। আমি এবং আপনাদের ক্রেতারাও লক্ষ্য রাখছি!’

সূত্র: এপি

এম

যুক্তরাষ্ট্রের তেল মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্নে

মেলোনিকে নিয়ে সম্পাদিত ছবি পোস্ট করে নতুন বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আঘাত হানল সুপার টাইফুন ‘বাভি’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

মার্কিন স্ট্রাইকার বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

স্বাধীনতা দিবসে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি পরিবার

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস

লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প—নাকচ নেতানিয়াহুর

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটি এখনও বেঁচে আছে কেন?—খামেনির জানাজায় জনতা

আমেরিকা স্বর্ণযুগে প্রবেশ করেছে, দাবি ট্রাম্পের

নেতানিয়াহু জানেন আসল ‘বস’ কে: ট্রাম্প