বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের আলোকচিত্রী, চলচ্চিত্র নির্মাতা, সংগীতশিল্পী, লেখক, শিল্পীসহ বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নিয়মিত বার্ষিক সাংস্কৃতিক ও সৃজনশীল বিনিময় কর্মসূচি আয়োজনের প্রস্তাব দিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ঐতিহাসিক বসন্তপুরের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কাঠমান্ডু দরবার স্কয়ারে ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
বাংলাদেশ-নেপাল ফটো জার্নালিস্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে নেপালের ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (NFPJ) ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (BPJA) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা এবং মানুষের জীবনযাত্রার নানা চিত্র তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বলেন, আলোকচিত্র যোগাযোগ ও অভিব্যক্তির একটি শক্তিশালী মাধ্যম। বিশ্ব আলোকচিত্র দিবসে নেপালের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে বাংলাদেশের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন নেপালি দর্শনার্থীদের বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস এবং মানুষের জীবন ও আকাঙ্ক্ষা সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছে।
বাংলাদেশ ও নেপালের মধ্যকার গভীর সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি দুই দেশের অভিন্ন মূল্যবোধ এবং সাংস্কৃতিক ও ভাষাগত সাদৃশ্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মানুষের মধ্যে বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে।
বাংলাদেশ থেকে নেপালে পর্যটকদের ক্রমবর্ধমান ভ্রমণের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। পর্যটন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে এ যোগাযোগ আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
সাংস্কৃতিক সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ আরও গভীর করতে দুই দেশের মধ্যে একটি নিয়মিত সাংস্কৃতিক ও সৃজনশীল বিনিময় কর্মসূচির প্রস্তাব দেন তিনি। তার প্রস্তাবিত কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বাংলাদেশ ও নেপালে যৌথ আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র উৎসব, আলোকচিত্র বিনিময় এবং বিভিন্ন কর্মশালা আয়োজন করা যেতে পারে।
রাষ্ট্রদূত একই সঙ্গে বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন গন্তব্যগুলোর প্রচারে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সমসাময়িক গণমাধ্যমের আরও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেন। দুই দেশের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে যৌথভাবে পর্যটন প্রচারণামূলক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্য সর্বোচ্চ সহযোগিতা ও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। দুই দেশের পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের উদ্যোগকে আরও কার্যকর করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
প্রদর্শনী আয়োজনের জন্য NFPJ ও BPJA-কে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এ আয়োজন বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, দ্বিমুখী পর্যটন, পেশাগত সহযোগিতা এবং বন্ধুত্ব আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নেপাল ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক, চীনা সাংস্কৃতিক কেন্দ্রের উপপরিচালকসহ নেপাল ও চীনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, ঐতিহ্য, স্থাপত্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার বৈচিত্র্যময় ছবি দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এ ধরনের আলোকচিত্র বিনিময় দুই দেশের ফটোসাংবাদিকদের পেশাগত অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া তৈরিতেও ভূমিকা রাখবে।
পরে বাংলাদেশের রাষ্ট্রদূত চীনা সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত অপর একটি আলোকচিত্র প্রদর্শনীতে ‘গেস্ট অব অনার’ হিসেবে যোগ দেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং অন্যান্য অতিথির সঙ্গে প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।