হোম > বিশ্ব > এশিয়া

নেপালের প্রধানমন্ত্রীর মন জয়ে ভারতের নানা কৌশল

আমার দেশ অনলাইন

নরেন্দ্র মোদি ও বালেন্দ্র শাহ। ছবি: রেডিফ

অর্থনৈতিক ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যে ভারত সফর করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বালেন্দ্র শাহকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা ও সামরিক গার্ড অব অনার।

ছবি: রেডিফ

চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে এটিই তার প্রথম সফর। হিমালয় অঞ্চলের স্থলবেষ্টিত দেশ নেপালের জনসংখ্যা প্রায় ৩ কোটি। দীর্ঘদিন ধরেই দেশটিকে দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে।

সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শাহকে সামরিক গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন নেপালের প্রধানমন্ত্রী।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নেপালের প্রধানমন্ত্রী। ছবি: রেডিফ

বৈঠকে ৩৫ বছর বয়সি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উন্নয়ন ভাবনা ও দূরদর্শিতার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, নেপালের জনগণের দেওয়া ঐতিহাসিক ম্যান্ডেট দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

মোদি বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়; দুই দেশের সম্পর্ক গভীর আস্থা ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। দুর্যোগসহ নানা সংকটে দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে। নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকও প্রকাশ করেন তিনি।

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন ও উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপি সহায়তা ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। বালেন্দ্র শাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।

বালেন্দ্র শাহ ও নরেন্দ্র মোদি। ছবি: রেডিফ

এছাড়া জ্বালানি সরবরাহে সংকট থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি তেল, সার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির অংশ হিসেবে নেপালের পাশে থাকবে নয়াদিল্লি।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার দুই দিনের রাষ্ট্রীয় সফরে উষ্ণ আতিথেয়তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি।

শাহ বলেন, ভারত ও নেপালের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত। দুই দেশের গভীর বন্ধুত্ব ও আন্তরিক সম্পর্ক ভাষায় প্রকাশ করা কঠিন। প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় ভারতের সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে সফরে ভারত ও নেপালের মধ্যে সরকারি কর্মীদের দক্ষতা উন্নয়ন, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি দুই দেশের নেতারা কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রোববার ভারতে পৌঁছে নেপালের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা এবং জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এস জয়শঙ্কর ও বালেন্দ্র শাহ। ছবি: রেডিফ

প্রধানমন্ত্রী হওয়ার পর শাহ প্রথমদিকে তার পূর্বসূরিদের মতো বিদেশ সফরে যাননি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে না; এর আগে গত সেপ্টেম্বরে তিনি নিউইয়র্ক সফর করেন।

ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের উন্মুক্ত সীমান্ত রয়েছে। পাসপোর্ট বা ভিসা ছাড়াই দুই দেশের নাগরিকেরা সীমান্ত পারাপার করতে পারেন। হিমালয় অঞ্চলের দেশটিতে ভারতের ঐতিহ্যগত প্রভাব থাকলেও সীমান্ত বিরোধ ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে দুই দেশের সম্পর্কে বিভিন্ন সময়ে টানাপোড়েন তৈরি হয়েছে।

বিমানবন্দরে বালেন্দ্র শাহ। ছবি: রেডিফ

অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে নেপালে বিমানবন্দর, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে নিজেদের প্রভাব বাড়িয়েছে চীন।

তবে চীনের প্রভাব বাড়লেও জ্বালানি ও অন্যান্য জরুরি পণ্যের জন্য নেপাল এখনো ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অবশ্য বিদ্যুৎ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বেড়েছে। বর্তমানে নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে ভারত।

সূত্র: রেডিফ, এনডিটিভি

আরএ

চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

ড্রোন-ক্ষেপণাস্ত্র ও এআইনির্ভর যুদ্ধ ঠেকানোর পথ কী

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ লড়াই

মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা

আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন

বহুমাত্রিক সভ্যতার জনপদ আফগানিস্তানের ইতিহাস-ধর্ম-জাতিসত্তার বৈচিত্র্য

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজে’র রায়ে যে প্রতিক্রিয়া মিয়ানমারের

জাপানে বিশ্ব রোবট গেমসে পদক জিতলেন মাহিয়ান ও ফিহাম

রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে এখনো ‘কোনো মন্তব্য’ করেনি মিয়ানমার