হোম > বিশ্ব > এশিয়া

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ায় আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের মেঘে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান চলাচল। ছাইয়ের কারণে রোববার দেশটির পাঁচটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর।

শনিবারের শক্তিশালী অগ্ন্যুৎপাতের পর রোববারও আগ্নেয়গিরিটি থেকে আরো দুটি অগ্ন্যুৎপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, শনিবারের অগ্ন্যুৎপাতের সময় লাভা উদ্গিরণের পাশাপাশি বিকট শব্দ তৈরি হয়, যা আগ্নেয়গিরি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

সোয়েকার্নো-হাত্তা বিমানবন্দরের আকাশসীমায় আগ্নেয় ছাই শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ ফ্লাইট চলাচল স্থগিত করে। কয়েক দফা সময় বাড়ানোর পর রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার কথা জানানো হয়।

বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা আঙ্গকাসা পুরা জানিয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে মোট ৩০১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫৮টি আন্তর্জাতিক ফ্লাইট। সিঙ্গাপুর এয়ারলাইনস জাকার্তা থেকে আসা-যাওয়া রোববারের সব ফ্লাইট বাতিল করেছে। অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারও জানিয়েছে, জাকার্তাগামী ও জাকার্তা থেকে ছেড়ে যাওয়া তাদের বেশ কয়েকটি ফ্লাইট বাতিলসহ বিভিন্ন ধরনের বিঘ্নের মুখে পড়েছে।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সার্বিকভাবে ২২ হাজারের বেশি যাত্রী ও ২০৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের সঙ্গে চলাচলকারী ফ্লাইটগুলোতে বড় ধরনের প্রভাব পড়েছে। এ ছাড়া দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী আন্তর্জাতিক রুটেও বিঘ্ন দেখা দিয়েছে। স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বালিগামী অন্তত ১৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, আগ্নেয় ছাই জাভা দ্বীপের দিকে প্রায় ৬ হাজার মিটার এবং সুমাত্রার দিকে ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছে। জাভার বান্তেন প্রদেশের কিছু এলাকাতেও ছাই ছড়িয়ে পড়েছে।

আগ্নেয় ছাইয়ের প্রভাবে শুধু বিমান চলাচল নয়, স্থানীয় জনজীবনও ব্যাহত হয়েছে। ছাইয়ের কারণে চোখে জ্বালাপোড়া দেখা দেওয়ায় শনিবার বেশ কয়েকটি স্কুল তাদের কার্যক্রম বাতিল করে। স্থানীয় জেলেদেরও মাছ ধরার অভিযান বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি। সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো জানিয়েছেন, পর্যাপ্ত ভারী বৃষ্টি হলে আগ্নেয় ছাই দ্রুত ধুয়ে যেতে পারে।

আগ্নেয় ছাই বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাইয়ের কণা উড়োজাহাজের উত্তপ্ত ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশে জমে গিয়ে ইঞ্জিনের ক্ষতি করতে পারে, টারবাইনের ব্লেড ক্ষয় করতে পারে এবং জ্বালানি ও বায়ু চলাচলের ব্যবস্থা বাধাগ্রস্ত করতে পারে। একই সঙ্গে পাইলটদের ককপিটের সামনের কাচও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

আনাক ক্রাকাতোয়া—যার অর্থ ‘ক্রাকাতোয়ার সন্তান’—জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী প্রণালিতে অবস্থিত। ১৮৮৩ সালে মাউন্ট ক্রাকাতোয়ার ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট আগ্নেয়গিরির গহ্বর বা ক্যালডেরায় সমুদ্র থেকে এই আগ্নেয়গিরিটির উদ্ভব হয়। ১৮৮৩ সালের সেই অগ্ন্যুৎপাতকে মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এতে আনুমানিক ৩৫ হাজার মানুষ নিহত হয়েছিল।

এদিকে প্রণালিপথে চলাচলকারী জাহাজগুলোকে আগ্নেয়গিরিটির তিন কিলোমিটারের মধ্যে না যাওয়ার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে নৌযানগুলোকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এআরবি

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দল

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নাইজেরিয়া

একীভূত পাঁচ ব্যাংকে ৫ হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় ব্যাংক

মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে গেল বিরোধীদল

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত নেওয়ার আহ্বান মাওলানা রাব্বানীর

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিয়েও স্বাভাবিক হইনি

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত

পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি