মালয়েশিয়ার সাম্প্রতিক রাজ্য নির্বাচনে ধাক্কা খাওয়ার পর সংস্কার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ এবং দুর্নীতিবিরোধী অভিযান জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী দিনগুলোতে এসব প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয়, সেটিই মালয়েশিয়ার ভোটারদের কাছে আনোয়ার সরকারের গ্রহণযোগ্যতার ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মত দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
নির্বাচনি ফলাফলকে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর আগে থেকেই আনোয়ার সরকারের সংস্কার কর্মসূচির ধীরগতি নিয়ে সমালোচনা ছিল। বিশেষ করে দুর্নীতিবিরোধী পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়ছিল।
আনোয়ার ইব্রাহিম এরই মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর বা দুই মেয়াদে সীমাবদ্ধ করার প্রস্তাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ ঘোষণা করেছিলেন। তবে এসব উদ্যোগের কিছু সংসদে বাধার মুখে পড়ে। গত মার্চে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণসংক্রান্ত সাংবিধানিক সংশোধনী প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থনের মাত্র দুই ভোট কম পাওয়ায় পাস হয়নি। একই সময়ে অ্যাটর্নি জেনারেল ও পাবলিক প্রসিকিউটরের ক্ষমতা পৃথক করার উদ্যোগও বিলম্বিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আনোয়ার সরকারের ওপর এ বিষয়ে জনচাপও বেড়েছে। চলতি বছরের শুরুতে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন ঘিরে বিতর্কের পর সংস্কারের দাবিতে বিক্ষোভ হয়। পরে কমিশনের প্রধানকে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার।
সাম্প্রতিক রাজ্য নির্বাচনের ফলাফল আনোয়ারের নেতৃত্বাধীন জোটের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর আগে রাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করেছিলেন, রাজ্য নির্বাচনে বড় ধরনের পরাজয় হলে ২০২৮ সালের মধ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী জাতীয় নির্বাচনের আগে আনোয়ার সরকারের অবস্থান দুর্বল হতে পারে।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস