মহাকাশে অবস্থান করেও কীভাবে নামাজ, রোজা ও অন্যান্য ধর্মীয় বিধান পালন করা সম্ভব? পৃথিবীর বাইরে এমন এক পরিবেশে, যেখানে ২৪ ঘণ্টায় প্রায় ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে, সেখানে একজন মুসলিম নভোচারী কীভাবে নামাজের সময় নির্ধারণ করবেন, কোন দিকে মুখ করে নামাজ পড়বেন কিংবা কীভাবে পবিত্রতা অর্জন করবেন? প্রায় দুই দশক আগে এসব প্রশ্নের বাস্তব সমাধান খুঁজতে উদ্যোগ নিয়েছিল মালয়েশিয়া।
২০০৭ সালের অক্টোবরে দেশটির প্রথম নভোচারী ও অর্থোপেডিক সার্জন ড. শেখ মুজাফফর শেখর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার আগে ইসলামি পণ্ডিত, বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি করা হয় ১৮ পৃষ্ঠার একটি বিশেষ নির্দেশিকা। এর নাম দেওয়া হয় গাইডলাইনস ফর পারফর্মিং ইসলামিক রাইটস (ইবাদাহ) অ্যাট দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন।
মহাকাশে মুসলিম নভোচারীদের ইবাদত পালনের জন্য তৈরি এই নির্দেশিকায় নামাজের সময়, কিবলা, অজু-তায়াম্মুম, রোজা, খাবার, পোশাক এমনকি মহাকাশে কারও মৃত্যু হলে জানাজার ব্যবস্থাপনা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
মালয়েশিয়ার প্রথম নভোচারীর ঐতিহাসিক যাত্রা
২০০৭ সালের ১০ অক্টোবর কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে রাশিয়ার সোয়ুজ টিএমএ-১১ মহাকাশযানে চড়ে মহাকাশের উদ্দেশে যাত্রা করেন শেখ মুজাফফর শেখর। তার সঙ্গে ছিলেন নাসার নভোচারী পেগি হুইটসন এবং রাশিয়ার মহাকাশচারী ইউরি মালেনচেঙ্কো।
১২ অক্টোবর মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। সেখানে প্রায় নয় দিন অবস্থান করেন শেখ মুজাফফর। ২১ অক্টোবর সোয়ুজ টিএমএ-১০ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসেন তিনি। শেখ মুজাফফর মালয়েশিয়ার প্রথম নাগরিক হিসেবে মহাকাশে যান। তার এই অভিযান ছিল দেশটির ‘আংকাসাওয়ান’ মহাকাশ কর্মসূচির অংশ। মহাকাশে অবস্থানকালে তিনি ছয়টি জীবনবিজ্ঞানবিষয়ক পরীক্ষা এবং শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেন।
ইউরোপীয় মহাকাশ সংস্থা জানায়, আইএসএসে নয় দিনের অবস্থানকালে তিনি ইএসএর চারটি শারীরবৃত্তীয় গবেষণায় অংশ নেবেন। এসব গবেষণার মধ্যে ছিল মহাকাশে চলাচলজনিত অসুস্থতা, মেরুদণ্ডের নিচের অংশে ব্যথা এবং হাড়ের ক্ষয় শনাক্ত করার নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা। অর্থাৎ, ধর্মীয় বিধান পালনের পাশাপাশি মহাকাশে তার মূল বৈজ্ঞানিক দায়িত্বও অব্যাহত ছিল।
কেন মহাকাশে নামাজের সময় নির্ধারণ কঠিন?
পৃথিবীতে একজন মুসলিম সাধারণত সূর্যের অবস্থান অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করেন। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আইএসএস ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ প্রদক্ষিণ শেষ করতে এর সময় লাগে প্রায় ৯০ মিনিট। ফলে ২৪ ঘণ্টায় স্টেশনটি পৃথিবীকে প্রায় ১৬ বার প্রদক্ষিণ করে। এর অর্থ, নভোচারীরা এক দিনে প্রায় ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত প্রত্যক্ষ করতে পারেন।
এ অবস্থায় পৃথিবীর প্রচলিত সূর্যোদয় ও সূর্যাস্তের হিসাব অনুযায়ী নামাজের সময় নির্ধারণ করতে গেলে প্রতিদিনের পাঁচ ওয়াক্তের বদলে আরও অনেক বেশি সময় গণনার জটিলতা তৈরি হতো। মহাকাশ স্টেশনের এই দ্রুত আবর্তনের কারণে শেখ মুজাফফরকে প্রচলিত সূর্যচক্র অনুসরণ করতে হলে দিনে ৮০ বারের বেশি নামাজ পড়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতো।
এই জটিলতা এড়াতে মালয়েশিয়ার জাকিম একটি বিকল্প ব্যবস্থা নির্ধারণ করে। নির্দেশিকা অনুযায়ী, মহাকাশে অবস্থান করলেও পাঁচ ওয়াক্ত নামাজের সময় পৃথিবীর ২৪ ঘণ্টার সময়সূচি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে নভোচারীর মহাকাশযাত্রা শুরুর স্থানের নামাজের সময়কে ভিত্তি হিসেবে নেওয়া হবে।
শেখ মুজাফফরের ক্ষেত্রে সেই স্থান ছিল কাজাখস্তানের বাইকোনুর। অর্থাৎ মহাকাশ স্টেশনে বারবার সূর্যোদয় ও সূর্যাস্ত হলেও নামাজের সময় নির্ধারণে বাইকোনুরের স্থানীয় সময় অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
কিবলার দিক নির্ধারণে চার ধাপের নির্দেশনা
মহাকাশে নামাজের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা ছিল কিবলার দিক নির্ধারণ। পৃথিবীতে মুসলমানরা পবিত্র কাবা শরিফের দিকে মুখ করে নামাজ পড়েন। কিন্তু মহাকাশ স্টেশনে নভোচারীরা ভেসে বেড়ান এবং পৃথিবী ও স্টেশনের অবস্থান ক্রমাগত পরিবর্তিত হয়।
এ সমস্যা সমাধানে মালয়েশিয়ার নির্দেশিকায় কিবলা নির্ধারণের জন্য চারটি পর্যায় রাখা হয়েছিল। সম্ভব হলে সরাসরি কাবা শরিফের দিকে মুখ করা। সরাসরি কাবার দিকে মুখ করা সম্ভব না হলে কাবার দিকের সম্প্রসারিত অভিমুখ অনুসরণ করা। সেটিও সম্ভব না হলে পৃথিবীর দিকে মুখ করা। এসবের কোনোটিই সম্ভব না হলে যেকোনো দিকে মুখ করে নামাজ আদায় করা। অর্থাৎ মহাকাশে কিবলা নির্ধারণের ক্ষেত্রে নভোচারীর সামর্থ্য ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
মাধ্যাকর্ষণহীন পরিবেশে কীভাবে নামাজ পড়বেন?
মহাকাশে নভোচারীদের শরীর ভেসে থাকে। ফলে পৃথিবীর মতো স্বাভাবিকভাবে দাঁড়ানো, রুকু করা কিংবা সিজদা করা কঠিন। এ কারণে জাকিমের নির্দেশিকায় শারীরিক সক্ষমতা অনুযায়ী নামাজের ভঙ্গি পরিবর্তনের সুযোগ রাখা হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, নভোচারী স্বাভাবিকভাবে সোজা হয়ে দাঁড়াতে না পারলে শরীর কিছুটা বাঁকিয়ে দাঁড়াতে পারবেন। দাঁড়ানো সম্ভব না হলে বসে নামাজ পড়তে পারবেন। বসাও সম্ভব না হলে ডান কাতে শুয়ে কিবলার দিকে শরীর ফিরিয়ে নামাজ আদায় করতে পারবেন।
শুয়ে নামাজ পড়াও সম্ভব না হলে চিত হয়ে শোয়ার সুযোগ রয়েছে। সেটিও সম্ভব না হলে চোখের ইশারায় নামাজের বিভিন্ন ভঙ্গি প্রকাশ করতে পারবেন। সর্বশেষ উপায় হিসেবে মনে মনে নামাজের বিভিন্ন কাজ কল্পনা করে ইবাদত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মহাকাশের পরিস্থিতি বিবেচনায় নামাজ জমা ও কসর করার সুযোগও রাখা হয়েছিল। নির্দেশিকায় বলা হয়েছে, এভাবে আদায় করা নামাজ পরে কাজা করার প্রয়োজন নেই।
অজুর বিকল্প হিসেবে তায়াম্মুম, ভেজা তোয়ালে নয়
মহাকাশে পানি ব্যবহার ও সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পৃথিবীর মতো কল খুলে পানি নিয়ে অজু করার সুযোগ নেই। পানি ভেসে বেড়াতে পারে, যন্ত্রপাতির ক্ষতি করতে পারে এবং ব্যবহারযোগ্য পানির পরিমাণও সীমিত।
এ কারণে মালয়েশিয়ার মূল নির্দেশিকায় তায়াম্মুমের ব্যবস্থা রাখা হয়। এতে বলা হয়েছে, মহাকাশ স্টেশনের দেয়াল, আয়না কিংবা এ ধরনের কোনো পৃষ্ঠে দুই হাত স্পর্শ বা আঘাত করে তায়াম্মুম করা যাবে, এমনকি সেখানে দৃশ্যমান ধুলাবালি না থাকলেও। শুধু অজুর বিকল্প নয়, বড় নাপাকির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
জাকিমের মূল নির্দেশিকায় নামাজের জন্য পবিত্রতা অর্জনের ক্ষেত্রে তায়াম্মুমের কথাই স্পষ্টভাবে বলা হয়েছে। আর পায়খানার পর পরিচ্ছন্নতার জন্য আইএসএসে ব্যবহৃত বিশেষ টিস্যু ব্যবহারের নির্দেশনা রয়েছে।
মহাকাশে রোজা রাখার নিয়ম কী ছিল?
শেখ মুজাফফরের মহাকাশযাত্রার সময় চলছিল পবিত্র রমজান মাসের শেষ ভাগ। ফলে তার জন্য রোজা পালনের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পৃথিবীতে রোজা শুরু ও শেষ হয় স্থানীয় সূর্যোদয় ও সূর্যাস্তের ভিত্তিতে। কিন্তু মহাকাশে প্রতি দেড় ঘণ্টার কাছাকাছি সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ায় একই নিয়ম অনুসরণ করা বাস্তবসম্মত নয়।
জাকিমের নির্দেশিকায় এ সমস্যার সমাধানও দেওয়া হয়েছিল। এতে বলা হয়, নভোচারী চাইলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই রমজানের রোজা পালন করতে পারবেন। এ ক্ষেত্রে রোজা শুরু ও শেষ করার সময় নির্ধারণে মহাকাশযাত্রার শুরুর স্থানের সময় অনুসরণ করতে হবে। শেখ মুজাফফরের জন্য সেটি ছিল বাইকোনুরের স্থানীয় সময়। অন্যদিকে, মহাকাশে রোজা পালন সম্ভব না হলে পৃথিবীতে ফিরে রমজানের রোজা কাজা করার সুযোগও রাখা হয়েছে।
২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে শেখ মুজাফফরের বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে তিনি জানান, মহাকাশে থাকাকালে রোজা রাখার ইচ্ছা রয়েছে তার। তবে কোনো কারণে তা সম্ভব না হলে পৃথিবীতে ফিরে পরবর্তী সময়ে রোজা আদায় করতে পারবেন। অর্থাৎ তার রোজা পালনের ইচ্ছা ছিল এবং মালয়েশিয়ার ধর্মীয় কর্তৃপক্ষও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিল।
মহাকাশে ঈদুল ফিতর উদ্যাপন
শেখ মুজাফফরের মহাকাশযাত্রার সময় ২০০৭ সালের ১৩ অক্টোবর ঈদুল ফিতর উদ্যাপিত হয়। ঈদ উপলক্ষে তিনি মহাকাশ স্টেশনে থাকা সহকর্মীদের সঙ্গে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবার ভাগাভাগি করেন।
ঈদ উদ্যাপনের জন্য তিনি ভ্যাকুয়াম প্যাকেটে সংরক্ষিত মালয়েশিয়ার বিভিন্ন খাবার সঙ্গে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে ছিল মুরগির সাতে, কলার রোল, গাঁজানো সয়াবিনের খাবার এবং আদার জেলি। পরবর্তী সময়ে তার ঈদ উদ্যাপনের বিবরণে সাতে ও বিস্কুটের কথাও উঠে আসে। মহাকাশে ভিন্ন দেশের নভোচারীদের সঙ্গে নিজের দেশের খাবার ভাগাভাগি করে ঈদ উদ্যাপনের এই ঘটনা তার অভিযানের অন্যতম স্মরণীয় অংশ হয়ে রয়েছে।
হালাল খাবার ও পোশাকের বিষয়েও ছিল নির্দেশনা
মহাকাশে মুসলিম নভোচারীর জন্য খাবার ও পোশাকের বিষয়টিও বিবেচনায় নিয়েছিল মালয়েশিয়া। জাকিমের নির্দেশিকায় বলা হয়েছে, মহাকাশ স্টেশনে সরবরাহ করা কোনো খাবার হালাল কি না, তা নিয়ে সন্দেহ থাকলে ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ খাওয়ার অনুমতি রয়েছে।
পোশাকের ক্ষেত্রে ইসলামের নির্ধারিত সতর রক্ষার নির্দেশনা দেওয়া হয়। পুরুষ নভোচারীর জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ ঢেকে রাখার কথা বলা হয়েছে। নারী নভোচারীর ক্ষেত্রে মুখমণ্ডল ও দুই হাতের তালু ছাড়া শরীরের অন্যান্য অংশ ঢেকে রাখার নির্দেশনা রয়েছে। এ ছাড়া মহাকাশযাত্রাকে ইসলামের দৃষ্টিতে বৈধ সফর হিসেবে বিবেচনা করে সফরের নৈতিকতা ও ধর্মীয় দায়িত্ব পালনের বিষয়টিও নির্দেশিকায় অন্তর্ভুক্ত করা হয়।
মহাকাশে কারও মৃত্যু হলে কী হবে?
নির্দেশিকাটির উল্লেখযোগ্য দিক হলো, এতে মহাকাশে কোনো নভোচারীর মৃত্যু হলে লাশের ব্যবস্থাপনা কীভাবে করা হবে, সেটিও বিবেচনা করা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী, সম্ভব হলে মৃত ব্যক্তির লাশ পৃথিবীতে ফিরিয়ে এনে প্রচলিত নিয়মে দাফন ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
তবে লাশ পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব না হলে মহাকাশেই সংক্ষিপ্ত ব্যবস্থায় দাফনের অনুমতি রাখা হয়েছে। এটি প্রমাণ করে, নির্দেশিকাটি শুধু নামাজ ও রোজার মতো নিয়মিত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং মহাকাশে একজন মুসলিমের জীবনের বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতিও এতে বিবেচনায় নেওয়া হয়েছিল।
কীভাবে তৈরি হয়েছিল ১৮ পৃষ্ঠার নির্দেশিকা?
এই নির্দেশিকা তৈরির কাজ শেখ মুজাফফরের মহাকাশযাত্রার অনেক আগেই শুরু হয়েছিল। মালয়েশিয়া সরকার ২০০৩ সালের জুনে প্রথম নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করে। তখন থেকেই একজন মুসলিম নভোচারী মহাকাশে গেলে কীভাবে ধর্মীয় দায়িত্ব পালন করবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।
এরপর মালয়েশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা (আংকাসা) এবং ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (জাকিম) যৌথভাবে ২০০৬ সালের ২৫ ও ২৬ এপ্রিল ‘ইসলাম অ্যান্ড লিভিং ইন স্পেস’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। সেখানে ইসলামি পণ্ডিত, ধর্মীয় বিশেষজ্ঞ, বিজ্ঞানী, মহাকাশ গবেষক ও শিক্ষাবিদেরা মহাকাশে ইবাদত পালনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। নামাজের সময়, কিবলা, পবিত্রতা অর্জন, রোজা এবং অন্যান্য ধর্মীয় দায়িত্বের বিষয়ে সম্ভাব্য সমাধান খোঁজা হয়।
সেই আলোচনা ও গবেষণার ভিত্তিতে তৈরি হয় গাইডলাইনস ফর পারফর্মিং ইসলামিক রাইটস (ইবাদাহ) অ্যাট দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। জাকিমের ওয়েবসাইটে শুধু মূল নির্দেশিকাই নয়, মালয়, আরবি, রুশ ও ইংরেজি ভাষায় প্রকাশিত সংস্করণও পাওয়া যায়। অর্থাৎ এটি শুধু একজন মালয়েশীয় নভোচারীর জন্য তৈরি সাময়িক ব্যবস্থা ছিল না; ভবিষ্যতে মহাকাশে যাওয়া অন্য মুসলিম নভোচারীদের জন্যও একটি রেফারেন্স হিসেবে তৈরি করা হয়েছিল।
এই অভিযানে বিজ্ঞানের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ
শেখ মুজাফফরের মহাকাশযাত্রাকে শুধু ধর্মীয় অনুশীলনের দৃষ্টিকোণ থেকে দেখলে এর বৈজ্ঞানিক গুরুত্ব পুরোপুরি বোঝা যাবে না। নাসার তথ্য অনুযায়ী, তিনি মহাকাশে ছয়টি জীবনবিজ্ঞানবিষয়ক পরীক্ষা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেন। অন্যদিকে ইএসএর গবেষণায় তিনি মানবদেহের ওপর মাধ্যাকর্ষণহীন পরিবেশের প্রভাব নিয়ে কাজ করেন।
বিশেষ করে মহাকাশে চলাচলজনিত অসুস্থতা, কোমরের নিচের অংশে ব্যথা এবং হাড়ের ক্ষয় শনাক্ত করার নতুন প্রযুক্তি নিয়ে গবেষণায় তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তার অভিযান দেখিয়েছে, একজন নভোচারী বৈজ্ঞানিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন বজায় রাখার জন্যও প্রস্তুতি নিতে পারেন। এ ক্ষেত্রে বিজ্ঞান, ধর্মীয় বিশেষজ্ঞ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (জাকিম) প্রকাশিত নির্দেশিকা, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা), ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ), আলজাজিরা, ডন ও জাতিসংঘের মহাকাশবিষয়ক ঐতিহাসিক নথি