পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছে সিঙ্গাপুর। দেশটি বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার এ অবস্থান জানান। তিনি বলেন, পশ্চিম তীরের ‘ই১’ এলাকায় ইসরাইলের নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অঞ্চলটিকে আরও খণ্ডিত করবে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের এই বসতি সম্প্রসারণ পরিকল্পনা অবিলম্বে বন্ধ করা উচিত। একই সঙ্গে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে দেশটি।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা বন্ধে ইসরাইলকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। ই১ এলাকায় প্রায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বসবাস করেন। তাদের বেশিরভাগই ১৮টি গ্রামের বেদুইন সম্প্রদায়ের মানুষ। নতুন বসতি নির্মাণ হলে এসব মানুষের ওপরও চাপ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
সিঙ্গাপুর বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের ভিত্তিতে আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের একমাত্র কার্যকর পথ।
ইসরাইলের বসতি সম্প্রসারণের এই পরিকল্পনার বিরুদ্ধে এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডাসহ কয়েকটি দেশও উদ্বেগ জানিয়েছে।
গত ১৮ আগস্ট ইসরাইলি সরকার ই১ এলাকায় এক হাজার ২০০টির বেশি আবাসিক ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে সংযোগ আরও জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ১২ বর্গকিলোমিটার আয়তনের এই এলাকাটি পূর্ব জেরুজালেমের কাছে অবস্থিত।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, চ্যানেল নিউজ এশিয়া, মালায় মেইল ও দ্য অনলাইন সিটিজেন