শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রায় বিস্মৃত অধ্যায়ে নিহত দুই ভাইয়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ফাউজুল হিনায়া। তার ভাইদের ভাগ্যে কী ঘটেছিল, সেই সত্য জানতে দীর্ঘ ৩৬ বছর ধরে অপেক্ষায় আছেন তিনি । তবে এখন আর বিচারের প্রত্যাশা করেন না ৬০ বছর বয়সি এই নারী। তার একমাত্র চাওয়া, মুসলিম রীতিতে দুই ভাইয়ের লাশ দাফন করা।
হিনায়া বলেন, ‘আমি তাদের সম্মানজনকভাবে দাফন করতে চাই।’
১৯৮৩ সালে শুরু হয়ে ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিহত হন হাজার হাজার মানুষ। তাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লড়াই করেছিলেন তামিল যোদ্ধারা। শ্রীলঙ্কার সামরিক বাহিনীর বিরুদ্ধে তামিল জনগোষ্ঠীর ওপর যুদ্ধাপরাধ চালানোর অভিযোগ দীর্ঘদিনের।
অন্যদিকে, দেশটির সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর সরকার ও অনেক মানুষ শ্রীলঙ্কার বিভিন্ন শহর ও গ্রামে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) বোমা হামলা ও হত্যাকাণ্ডের বিষয়টিও সামনে আনেন।
তবে নব্বইয়ের দশকের শুরুতে শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর ওপরও ধারাবাহিক হত্যাযজ্ঞ চালায় এলটিটিই। পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম, কাট্টানকুডি ও এরাভুর শহরে পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় এই সহিংসতা। অনেককে অপহরণের পর আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। শত শত মানুষের লাশেরও সন্ধান মেলেনি।
গত মাসে আদালতের নির্দেশে গঠিত একটি প্রত্নতাত্ত্বিক দল কুরুক্কালমাদামের একটি গণকবরে মানুষের কঙ্কাল খুঁজে পেয়েছে, যার ওপর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে আদালতে প্রতিনিধিত্বকারী আইনজীবী মুয়াজ্জেম মোবারক একথা জানান।
মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জ্যাকি ফৌজ বলেন, ‘এখন সবচেয়ে জরুরি হলো, উদ্ধার হওয়া দেহাবশেষগুলো কাদের তা শনাক্ত করা, কী ঘটেছিল তা নির্ধারণ করা এবং পরিবারগুলোকে নিয়মিত তথ্য জানানো।’
শেষ যাত্রা
ছয় ভাইবোনের মধ্যে হিনায়া ছিলেন একজন। তার ছোট ভাই ফাউজুল আমির তৈরি পোশাক বিক্রির জন্য প্রায়ই বাড়ি থেকে ৫৮ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আক্কারাইপাট্টুতে যেতেন। ১৯৯০ সালের জুলাইয়ের এক সকালে ব্যাগ গুছিয়ে সেই শহরের উদ্দেশে রওনা হন তিনি।
হিনায়া আলজাজিরাকে বলেন, ‘আমি কখনো ভাবিনি, এটাই হবে তার শেষ যাত্রা।’
কাট্টানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে আমিরকে থামায় এলটিটিই সদস্যরা। আমিরসহ আরো অনেককে সেখানে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। বিভিন্ন হিসাবে নিহতের সংখ্যা ৬০ থেকে ১৫০ জনের মধ্যে।
শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য এই হত্যাকাণ্ড ছিল এক বড় বাঁকবদল। দেশটির মোট জনসংখ্যার ৭৫ শতাংশ সিংহলি, ১৫ শতাংশ তামিল এবং ১০ শতাংশ মুসলিম।
কুরুক্কালমাদামের হত্যাকাণ্ডের আগে এলটিটিই প্রায়ই মুসলমানদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। সেই অর্থ দিয়ে তাদের লড়াইয়ের খরচ জোগাত।
কিন্তু এরপর পরিস্থিতি পাল্টে যায়। মুসলমানদের কাছ থেকে আর শুধু অর্থ নয়, প্রাণও কেড়ে নিতে শুরু করে তারা।
১৯৯০ সালের আগস্টে, কুরুক্কালমাদামের ঘটনার এক মাস পর, কাট্টানকুডি ও এরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলমানকে হত্যা করে এলটিটিই।
আমির নিহত কয়েক দিন কয়েক দিন পর তাদের আরেক ভাই আবদুর রহমানকে অপহরণ করে এলটিটিই সদস্যরা। এরপর আর কখনোই তার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হয়, তিনি নিহত হয়েছেন।
২০১৬ সালে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য অনুসন্ধানে শ্রীলঙ্কা সরকার গঠন করে ‘অফিস অন মিসিং পারসনস’ (ওএমপি)। গৃহযুদ্ধের শুরু থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর যেসব মানুষ নিখোঁজ হয়েছেন, তাদের স্বজনদের মতো হিনায়াও সেখানে অভিযোগ জমা দেন।
তবে গণহত্যার মধ্য দিয়ে এলটিটিই শুধু মানুষের প্রাণই কেড়ে নেয়নি, শ্রীলঙ্কার তামিল ও মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতির বন্ধনেও ফাটল ধরিয়েছে।
মুসলমানদের গণউচ্ছেদ
১৯৮৭ সালে ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পর শ্রীলঙ্কায় ভারতীয় সেনা মোতায়েন করা হয়। কলম্বো সরকার ও এলটিটিইর মধ্যে শান্তিচুক্তি বাস্তবায়নে সহায়তার জন্য শান্তিরক্ষী হিসেবে তাদের পাঠানো হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই উভয় পক্ষের অবিশ্বাসের লক্ষ্যবস্তুতে পরিণত হয় ভারতীয় বাহিনী।
শ্রীলঙ্কায় অবস্থানকালে উত্তরাঞ্চলীয় প্রদেশের মুল্লাইতিভুর কয়েকটি তামিল ও মুসলিম গ্রামের বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়। ভারতীয় সেনাদের শিবির স্থাপনের জন্য এসব এলাকা খালি করা হয়েছিল।
বর্তমানে ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি বলেন, ‘এটাই ছিল আমাদের প্রথম বাস্তুচ্যুতি।’
পরিবারসহ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। ১৯৯০ সালের শুরুর দিকে ভারতীয় সেনারা শ্রীলঙ্কা ছেড়ে গেলে রিজনি ও অন্যরা নিজেদের গ্রামে ফিরে আসেন।
তার ভাষায়, ‘তখন তামিল ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি ছিল। আমরা এক পরিবারের মতো ছিলাম।’
কিন্তু ১৯৯০ সালের অক্টোবরে সেই পরিস্থিতি পাল্টে যায়।
রিজনি বলেন, ‘এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামগুলোর সবাইকে একত্র করে দুই দিনের মধ্যে প্রদেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।’
ঘটনাটি তাকে হতবাক করে দেয়। তিনি বলেন, ‘আমরা কখনোই তামিলদের জন্য কোনো হুমকি ছিলাম না। উত্তরাঞ্চলের মাত্র ৫ শতাংশ মানুষ ছিল মুসলিম, আর তামিলদের সংখ্যা ছিল ৯০ শতাংশের বেশি।’
১৯৯০ সালের অক্টোবরে উত্তরাঞ্চলীয় প্রদেশের মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ করে এলটিটিই। আনুমানিক ৭৫ হাজার থেকে এক লাখ মানুষকে মাত্র দুই দিনের মধ্যে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়। পোশাক ছাড়া অন্য কোনো জিনিসপত্র সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি তাদের।
এরপর দেশের বিভিন্ন এলাকায় শরণার্থী হিসেবে আশ্রয় নেন তারা।
বিচারের অপেক্ষা
অধ্যাপক ফৌজের মতে, সিংহলি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও মুসলমানদের প্রতি আচরণের ক্ষেত্রে এলটিটিই একই ধরনের বর্জনমূলক নীতি অনুসরণ করেছে।
২০০৯ সালে এলটিটিইকে পরাজিত করে শ্রীলঙ্কার সেনাবাহিনী। এর মধ্য দিয়ে তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধের শেষ পর্যায়ে উত্তরাঞ্চলে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হন।
যুদ্ধ শেষে উত্তরাঞ্চলে নিজেদের গ্রামে ফিরে যান অনেক মুসলিম শরণার্থী। তবে অধ্যাপক ফৌজ ও দুই দফা বাস্তুচ্যুতির শিকার রিজনির মতে, শ্রীলঙ্কায় এখনো পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়িত হয়নি।
ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালে মুসলমানদের হত্যা ও জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছেন।
কুরুক্কালমাদামের গণকবর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি যথাযথ ও স্বাধীন তদন্ত হবে বলে আশা প্রকাশ করেন ফারুক। তার মতে, তদন্তের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।
শেষ পর্যন্ত রিজনির প্রত্যাশা, তামিল ও মুসলমানদের মধ্যে অতীতের সেই সম্প্রীতি আবার ফিরে আসবে।
অধ্যাপক ফৌজের মতে, কুরুক্কালমাদামের গণকবরের অনুসন্ধান বহুদিনের অপেক্ষার অবসানের একটি পথ খুলে দিতে পারে।
তিনি বলেন, ‘কুরুক্কালমাদামের ঘটনায় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করছে শ্রীলঙ্কার মুসলমানেরা অবশেষে তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত উত্তর পাবেন কি না।’
আরএ