নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এই উদ্ধারকাজ দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত দলগুলোর নিরলস তৎপরতার মধ্যে নতুন আশার আলো দেখিয়েছে। বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে এখনো ব্যাপক অভিযান চলছে।
রাসুয়া জেলার তিমুরে গ্রামে এ ঘটনা ঘটে। বুধবারের বন্যায় এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়।
বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে অভিযান চালানোর সময় সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে তারা সেখানে খননকাজ শুরু করেন। একপর্যায়ে মাটির নিচে শিশুটির সন্ধান পান এবং নিরাপদে তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর শিশুটিকে তিমুরেতে এপিএফের সীমান্ত চৌকিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে অন্যত্র নেওয়ার প্রয়োজন দেখা দেয়। শুক্রবার সন্ধ্যায় তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়ার ব্যবস্থা করা হলেও বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে উড্ডয়ন বিলম্বিত হয়।
শনিবার দুপুরে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সূত্র: এনডিটিভি
আরএ