নেপালের দিক থেকে বিহারের নদীগুলোতে আসা বন্যার পানিতে এমন কিছু মাছ পাওয়া যাচ্ছে যা দেখতে অচেনা বা অস্বাভাবিক। সাধারণ মানুষকে এ ধরনের কোনো অপরিচিত মাছ না খাওয়ার বা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে এক নতুন নির্দেশনা জারি করেছে বিহার সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।
গত কয়েকদিনে বিহারের চম্পারণ, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা কিছু অচেনা ও বড় আকারের মাছ ধরে রান্না করে খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। যেকোনো ধরনের দূষণ বা বিষক্রিয়া এড়াতে অপরিচিত মাছ ধরা, খাওয়া, কেনা বা বিক্রির ওপর সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বিহারের দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নন্দকিশোর রাম।
বিহার সরকারের নির্দেশনায় বলা হয়েছে, ‘নেপালের বন্যার পানি থেকে আসা কোনো অচেনা বা অস্বাভাবিক মাছ খাওয়া উচিত নয়। বাজারে এই ধরনের মাছ কেনাবেচাও করা যাবে না... এই মাছ খেয়ে কিছু লোক অসুস্থ হয়ে পড়েছে বলেও আমরা খবর পেয়েছি।’
সূত্র: দ্য হিন্দু