ডুবে যাওয়ার ১২৮ বছর পর সাগরতলে খোঁজ মিলেছে অস্ট্রেলিয়ার প্রথম নির্মিত যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি সপ্তাহে এ আবিষ্কারের তথ্য জানিয়েছে। সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ ও নৌবাহিনীর ডুবুরিরা যৌথ অভিযানে জাহাজটির সন্ধান পান।
জাহাজটির নাম ‘স্পিটফায়ার’। কাঠের তৈরি এই গানবোটটি উনিশ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে অস্ট্রেলিয়ায় নির্মিত প্রথম যুদ্ধজাহাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গবেষকদের মতে, ঐতিহাসিক গুরুত্বের কারণে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।
১৮৫৫ সালে সিডনিতে জাহাজটি নির্মাণের পর পানিতে ভাসানো হয়। এর ৪০ বছরেরও বেশি সময় পর একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গ্রেট ব্যারিয়ার রিফের পিপার দ্বীপপুঞ্জের কাছে ডুবে যায় এটি।
৫২ ফুট দীর্ঘ জাহাজটি নির্মাণে আয়রনবার্ক ও ব্ল্যাকউড কাঠ ব্যবহার করা হয়েছিল। এর বিভিন্ন অংশে তামার তৈরি সংযোজকও ছিল। গত আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের উপকূলে জাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। এ জন্য প্রায় এক মাস ধরে অভিযান চালানো হয়। অভিযানে একটি মাইনহান্টার জাহাজ, দূরনিয়ন্ত্রিত ডুবোযান এবং নৌবাহিনীর ডুবুরি দল অংশ নেয়।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, অভিযানের সময় সোনার প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালানো একটি দল সমুদ্রের তলদেশে অস্বাভাবিক শব্দতরঙ্গের সংকেত শনাক্ত করে। জাহাজটির ধ্বংসাবশেষের কারণেই ওই সংকেত তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। পরে এর সূত্র ধরে স্পিটফায়ারের অবস্থান নিশ্চিত করা হয়।
অনুসন্ধানে যুক্ত সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী, এরপর অস্ট্রেলীয় নৌবাহিনীর ক্লিয়ারেন্স ডুবুরিরা জাহাজটির ধ্বংসাবশেষের দৃশ্যমান অংশগুলো নথিভুক্ত করেন। সাধারণত পানির নিচে বিস্ফোরক অপসারণ এবং বিস্ফোরণসংক্রান্ত কাজে বিশেষজ্ঞ এসব ডুবুরি এ অভিযানে অংশ নেন।
রুশ যুদ্ধজাহাজের হুমকি মোকাবিলায় নির্মাণ
অস্ট্রেলীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী, সিডনিকে রুশ যুদ্ধজাহাজের সম্ভাব্য হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে নিউ সাউথ ওয়েলসের তৎকালীন রাজ্য সরকার স্পিটফায়ার নির্মাণের উদ্যোগ নেয়। সে সময় রাশিয়ার ভ্লাদিভোস্টকে অবস্থানরত যুদ্ধজাহাজগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হতো।
প্রাথমিকভাবে টহল ও জাহাজ চলাচলে পথনির্দেশনার কাজে ব্যবহৃত হতো স্পিটফায়ার। পরে জাহাজটি ব্যক্তিমালিকানায় বিক্রি করে দেওয়া হয়। এরপর সামুদ্রিক শসা বা বেচে-দ্য-মের (বিচ-ডি-মের) আহরণ ও বাণিজ্যিক মাছ ধরার কাজে এটি ব্যবহার করা হয়।
অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, জাহাজটির ধ্বংসাবশেষের স্থানকে পানির নিচের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। ফলে ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্থানটির সুরক্ষা নিশ্চিত করা হবে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
এআরবি