হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে যে আইন করল অস্ট্রেলিয়া

নিয়ম লঙ্ঘনকারীদের শাস্তি হবে দ্বিগুণ

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার আইন আরও কঠোর করা হয়েছে। আইন লঙ্ঘনকারী সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৫১ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড) করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

নতুন সংশোধিত আইনের আওতায় স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে আইন বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নিয়েছে, তার প্রমাণ উপস্থাপনের নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি আইন না মানার অভিযোগে আরও কার্যকর তদন্ত ও প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও বাড়ানো হয়েছে।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য ১০টি প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে আইন কার্যকর হওয়ার পরও অনেক শিশু-কিশোর বিভিন্ন উপায়ে নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যাচ্ছে বলে স্বীকার করেছে সরকার।

এ প্রেক্ষাপটে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে আইন না মানার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ হওয়ার আগে যেসব ১৬ বছরের কম বয়সী শিশুর অ্যাকাউন্ট ছিল, তাদের প্রতি ১০ জনের মধ্যে সাতজন এখনও কোনো না কোনোভাবে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যূনতম বয়সসীমা চালুর পর বিশ্বজুড়ে এ বিষয়ে ইতিবাচক আলোচনা শুরু হলেও বড় প্রযুক্তি কোম্পানিগুলো আইন বাস্তবায়নে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না।

তিনি বলেন, এখনও অনেক শিশু সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আইন মেনে চলতে যা করা উচিত, তা করছে না।

একই ধরনের মন্তব্য করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী অ্যানিকা ওয়েলস। তিনি বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে এমনটি তিনি মনে করেন না। তার ভাষায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ন্যূনতম দায়িত্ব পালন করেই পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে।

অস্ট্রেলিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক পরিসরেও প্রভাব ফেলছে। ইতোমধ্যে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ একই ধরনের আইন প্রণয়নের পরিকল্পনা ঘোষণা করেছে।

চলতি বছরের জুনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা জানান। ২০২৭ সালের বসন্ত নাগাদ এ আইন কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, যেসব প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য সামাজিক যোগাযোগের সুযোগ সৃষ্টি করা এবং যেখানে ব্যবহারকারীরা নিজস্ব কনটেন্ট প্রকাশ করতে পারেন, সেগুলো এই আইনের আওতায় আসবে। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য রাতের নির্দিষ্ট সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা এবং ‘ইনফিনিট স্ক্রলিং’ বন্ধের মতো ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।

সূত্র: বিবিসি

এআরবি

বার্ড ফ্লুতে অ্যান্টার্কটিক দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

ঘর থেকে শস্যক্ষেত, ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ অস্ট্রেলিয়াবাসী

অস্ট্রেলিয়ায় আকাশ থেকে আছড়ে পড়ল ১০০ ড্রোন

শুধুমাত্র অর্থ ও সম্পদ অর্জন জীবনে সুখের মাপকাঠি না: মিশেল ওবামা

ইসরাইলে আটক নাগরিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া

জেট ফুয়েল ও সার আমদানির ঘোষণা অস্ট্রেলিয়া সরকারের

অস্ট্রেলিয়ায় দেড় বিলিয়ন ডলারের ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

১০০ কোটি লিটার জ্বালানি মজুতের ঘোষণা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় যুদ্ধজাহাজ সরবরাহে ৭ বিলিয়ন ডলারের চুক্তি করল জাপান

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া